অভিবাসীদের নিয়ে সেই পুরোনো বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিবাসী হিসেবে আসা অনেক বিখ্যাত ব্যক্তি আমেরিকাকে গর্ব করার সুযোগ করে দিয়েছেন। ছবিতে (বাঁ থেকে) পানামা থেকে আসা বেসবল খেলোয়াড় মারিয়ানো রিভেরা, তাইওয়ান থেকে আসা ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা স্টিভ চ্যান ও জার্মানি থেকে আসা প্রখ্যাত বিজ্ঞানি আলবার্ট আইনস্টাইন
অভিবাসী হিসেবে আসা অনেক বিখ্যাত ব্যক্তি আমেরিকাকে গর্ব করার সুযোগ করে দিয়েছেন। ছবিতে (বাঁ থেকে) পানামা থেকে আসা বেসবল খেলোয়াড় মারিয়ানো রিভেরা, তাইওয়ান থেকে আসা ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা স্টিভ চ্যান ও জার্মানি থেকে আসা প্রখ্যাত বিজ্ঞানি আলবার্ট আইনস্টাইন

আমেরিকার রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতিতে সব সময়ই অভিবাসীরা একটি মুখ্য ভূমিকায় আছে ও থাকবে। সম্প্রতি ‘ডাকা’ (অস্থায়ীভাবে অধিকার পাওয়া ৮ লাখ যুবক-যুবতীর মর্যাদা) নবায়ন নিয়ে ট্রাম্প রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের এক যৌথ সভায় অভিবাসীদের সম্পর্কে খুব বাজে মন্তব্য করেন, যা নিয়ে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। এই মন্তব্য ট্রাম্পকে আবার বর্ণবাদী হিসেবে চিহ্নিত করেছে। তাঁর এই বর্ণবাদী রূপ নতুন কিছু নয়, কারণ—

♦ ১৯৭০ সালে তাঁর রিয়েল এস্টেট কোম্পানি আফ্রিকান-আমেরিকানদের অ্যাপার্টমেন্ট ভাড়া না দেওয়ায় দুবার ফেডারেল গভর্নমেন্ট কর্তৃক মামলার সম্মুখীন হয়েছিল।
♦১৯৮৯ সালে একজন শ্বেতাঙ্গ নারীকে ধর্ষণের দায়ে পাঁচজন কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক যুবককে আটক করা হয়। ট্রাম্প এই যুবকদের মৃত্যুদণ্ড চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন। কিন্তু ওই যুবকেরা পরে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হন।
♦বছরের পর বছর আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এই দেশে জন্ম নেননি বলে দাবি করে আসছেন ট্রাম্প।
♦২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তিনি মেক্সিকান অভিবাসীরা ধর্ষক ও অপরাধী বলে অভিহিত করেন।
♦সব সময়ই শ্বেতাঙ্গদের পক্ষ নিয়ে টুইট করেন ট্রাম্প।

আমেরিকায় অভিবাসীদের নিয়ে বিতর্ক নতুন কোনো বিষয় নয়। আনডকুমেনটেড অভিবাসীরা ভালো না মন্দ, এদের বের করে দেওয়া উচিত নাকি ক্ষমা করে দিয়ে লিগ্যাল স্ট্যাটাস দেওয়া উচিত—এই বিতর্ক অনেক পুরোনো। ঐতিহাসিকভাবে আমেরিকা অভিবাসীদের দেশ। ১৬০০ সাল থেকে এখন পর্যন্ত এ দেশে অভিবাসীদের প্রবাহ কখনো থেমে থাকেনি। আমেরিকার ইতিহাসজুড়েই এই অভিবাসীরা আছে। ১৬২০ সালে ‘মেফ্লাওয়ার’ জাহাজে করে ইংরেজরা ম্যাসাচুসেটস শহরে অবতরণ করে। সেটাই ছিল বসতি গড়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইংরেজ জাতির এই দেশে আসা। ১৮ বছর পর ১৬৩৮ সালে সুইডিশরা সে দেশের শাসকদের উৎসাহে কলোনি গড়তে আমেরিকার ডেলেয়ারে আসে। ১৬৫৫ সালে ডাচরা সুইডিশ কলোনি দখল করে নেয়। ১৮৪০ সালে সুইডিশরা এসে নিউইয়র্কে বসতি গড়তে আরম্ভ করে। নতুন এই দেশে প্রাচুর্যের আশায় ইউরোপের অন্যান্য দেশ নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, পূর্ব ইউরোপের নানা দেশ থেকেও দলে দলে অভিবাসীরা এসে আমেরিকার বিভিন্ন শহরে বসবাস শুরু করে। আর তাই নৃবিজ্ঞানীরা আমেরিকাকে বর্ণনা করেছেন মিশ্র সংস্কৃতির দেশ হিসেবে। যদিও আদিতে এই দেশটি ছিল ‘রেড ইন্ডিয়ান’দের। কালক্রমে তাদের অস্তিত্ব প্রায় বিলুপ্তি ঘটেছে, দেশটির দখল নিয়েছে অভিবাসীরা। প্রথম অভিবাসীরা এই দেশে আসার পর থেকে হাডসন নদীতে অনেক পানি গড়িয়েছে। ইতিহাসের চাকাও ঘুরেছে অনেক, তবে অভিবাসীদের নিয়ে বিতর্ক কখনো থেমে থাকেনি।
আমেরিকায় বৈধ কাগজপত্র ছাড়া অবস্থিত কাগজপত্রহীন অভিবাসীদের মধ্যে ৬০ শতাংশ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এ দেশে এসেছে। অবৈধ অভিবাসীরা সাধারণত মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে চোরাই পথে জীবনের ঝুঁকি নিয়ে কখনো সুড়ঙ্গপথে, কখনো কোনো যানবাহনের ভেতরে লুকিয়ে আবার কখনো দুর্গম পথ হেঁটে সীমান্ত অতিক্রম করে। এই কাজে দালালেরাও খুবই সক্রিয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার আগে আমেরিকা এদের ব্যাপারে তেমন নাক গলায়নি। তবে এখন নিঃসন্দেহ, এই কাগজপত্রহীন অভিবাসীদের বিষয়টি আমেরিকার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।
অনেকেই মনে করেন, কাগজপত্রহীন অভিবাসীরা না থাকলে আমেরিকার সর্বনিম্ন বেতন হতো ৫০ ডলার এবং সঙ্গে থাকতে হতো অন্য সব সুযোগ-সুবিধা। যেমন হেলথ বেনিফিট, রিটায়ারমেন্ট ইত্যাদি। আমেরিকায় বেশ কিছু কাজ আছে, যা সাধারণত আমেরিকানরা করে না। অভিবাসীরা খুব অল্প বেতনে এসব কাজ করছে। বিশেষ করে রাজমিস্ত্রি, দরজি, কৃষিখামারের শ্রমিক এবং বিউটি সেলুনে কাজের লোক। যারা অভিবাসী হয়ে এ দেশে আসে তারা সাধারণত পড়াশোনা শেষ করে এ দেশে আসে। সুতরাং এই কর্মশক্তি তৈরি করতে আমেরিকানদের কোনো অর্থ ব্যয় করতে হয় না। কাগজপত্রহীন অভিবাসীরা যে শুধু কম বেতনে কাজ করে আমেরিকাকে সচল রাখে, তা–ই নয়, তারা ভোক্তা হিসেবে ব্যয় করে, যা আমেরিকার অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিক।
আর তাই ভবিষ্যতেও অভিবাসীদের নিয়ে এই বিতর্ক চলতেই থাকবে, তা সরকারে ডেমোক্র্যাটরাই থাকুন আর রিপাবলিকানরা। আর ধীরে ধীরে অভিবাসীরা আমেরিকায় তাদের যোগ্য স্থান করে নেবে।