সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়া নিরুৎসাহিত করতে অভিবাসীদের প্রতি সদয় হওয়ার আহ্বান জানানো হলো ওয়াশিংটনের চরমপন্থাবিরোধী সম্মেলন থেকে। ডেনমার্ক, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে একের পর এক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের রাজধানীতে গত মঙ্গলবার শুরু হয়েছে তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলন। খবর এএফপি ও বিবিসির।
সম্মেলনের আয়োজক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সমাজকর্মীদের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন বিশ্বের বেশ কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা।
সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, অভিবাসীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা জরুরি। কারণ, তা না করে অবজ্ঞার চোখে দেখা হলে তারা চরমপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে। তিনি বলেন, অভিবাসী সম্প্রদায়গুলোকে একটি ইতিবাচক বিকল্প দিতে হবে। বাইডেন আরও বলেন, দেশগুলোকে ‘একাত্মতার অনুভূতি’ তৈরি হওয়ার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। এতে করে সন্ত্রাসবাদের পেছনে যে ‘ভয়, নিঃসঙ্গতা, ঘৃণা ও অপমানবোধের’ মতো বিষয় প্রণোদনা হিসেবে কাজ করে, তার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে।
হোয়াইট হাউস মনে করছে, ইউরোপে সন্ত্রাসবাদী হামলার ঘটনা বৃদ্ধির বিশেষ কারণ একটাই: সেখানকার অভিবাসীদের সমাজে ঠিকমতো অন্তর্ভুক্ত না করা। তাদের অবহেলার চোখে দেখা হয়ে থাকে। অবশ্য, হোয়াইট হাউস অভ্যন্তরীণভাবে বেড়ে ওঠা সন্ত্রাসবাদ থেকে সৃষ্ট হুমকি মোকাবিলার ওপরেও জোর দিচ্ছে। তরুণেরা যেভাবে চরমপন্থার দিকে ঝুঁকছে, তা মোকাবিলার উপায় নিয়েও ভাবছে তারা।
হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই তিন দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল বুধবার প্রেসিডেন্ট ওবামার ভাষণ দেওয়ার কথা ছিল। এরপর আজ বৃহস্পতিবার তিনি পররাষ্ট্র দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন। এতে উপস্থিত থাকবেন বিশ্বের কমবেশি ৬০টি দেশের প্রতিনিধিরা। এসব দেশের মধ্যে রয়েছে জর্ডান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ফ্রান্স। সম্মেলনে ব্রিটিশ প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে।
গত কয়েক মাসে বিভিন্ন দেশে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী ঘটনার প্রেক্ষাপটে এই সম্মেলন হচ্ছে। এর মধ্যে রয়েছে গত বছরের অক্টোবর মাসে কানাডা, ডিসেম্বরে অস্ট্রেলিয়ায়, এ বছরের জানুয়ারি মাসে ফ্রান্সে এবং সর্বশেষ চলতি মাসে ডেনমার্কে সংঘটিত সন্ত্রাসবাদী হামলা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান নিয়ে চরম উদ্বেগের মধ্যে এই সম্মেলন হচ্ছে।
এ রকম একটি সম্মেলন করার ব্যাপারে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নেয় হোয়াইট হাউস। তবে সাম্প্রতিক এসব সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে সম্মেলনটির গুরুত্ব অনেক বেড়ে যায়। বিশেষ করে লিবিয়ায় ২১ জন মিসরীয় খ্রিষ্টানকে গলা কেটে হত্যার একটি ভিডিও আইএস গত রোববার প্রকাশ করার কয়েক দিনের মাথায় এই সম্মেলন শুরু হলো।
মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভাষ্যমতে, সম্মেলনের পুরো তিন দিনে এ ধরনের সহিংস চরমপন্থা মোকাবিলার বিভিন্ন উপায়ের ওপরে দৃষ্টিপাত করা হবে।
সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেন স্থানীয় চরমপন্থা মোকাবিলায় বিভিন্ন মার্কিন শহরের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, বোস্টন, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহর চরমপন্থা রুখতে সফল হয়েছে। তিনি জানান, সম্মেলনের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের সব সম্প্রদায়ের নেতাদের এক মঞ্চে নিয়ে আসা। এতে করে যাতে সব মার্কিন, বিশেষ করে মুসলিমরা যেন অনুভব করতে পারেন যে তাঁরাও এই সমাজেরই অংশ। বাইডেন বলেন, একাত্মতার অনুভূতি থেকেই জাতীয় নিরাপত্তার বিষয়টি আসে। যুক্তরাষ্ট্র এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি নিতে পারে সেটা হলো, অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ বিষয়।
সম্মেলনে ‘ইসলামি চরমপন্থা’র ওপরে সুনির্দিষ্টভাবে আলোকপাত না করায় এবং আইএসসহ অন্যান্য চরমপন্থী গোষ্ঠীকে রুখতে সামরিক প্রচেষ্টার বিষয়টি না রাখায় হোয়াইট হাউসের সমালোচনা করা হয়েছে। তবে ওবামা প্রশাসন স্পষ্টভাবেই বলে দিয়েছে, কোনো ধর্মেই এ ধরনের সন্ত্রাসবাদী হামলার ‘ন্যায্যতা’ দেওয়া হয়নি। তাই ঢালাওভাবে মুসলিমদের দায়ী করা ঠিক নয়। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা বিশ্বাস করি না তারা ইসলামকে প্রতিনিধিত্ব করছে। সুতরাং, আপনি তাদের যা চান তা-ই বলতে পারেন। আমরা সন্ত্রাসীই বলছি।’