অভিবাসীদের ফেরত পাঠালে বয়স্কদের দেখবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডালাসের একজন বৃদ্ধা। ৯৩ বছর বয়স। তাঁকে দেখভাল করার জন্য বছরের পর বছর যে মহিলা সপ্তাহে চার দিন বাড়িতে এসে পুরো বাজার-সদাই, লন্ড্রি, বাড়িঘর ধোয়ামোছার সঙ্গে ড্রাইভিংটাও সামলান, তাঁকে নিয়ে দুশ্চিন্তায় আছেন এই বৃদ্ধা। বৃদ্ধার জীবনে সাহায্যকারী এই মহিলা মেক্সিকো থেকে আসা একজন অনিবন্ধিত অভিবাসী। অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে এই দুজন নারীই এত ভীত হয়ে পড়েছেন যে নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে তাঁদের নাম পর্যন্ত প্রকাশ করা হয়নি। বৃদ্ধা জানান, সাহায্যকারী এই মহিলা এককথায় চমৎকার ব্যক্তিত্বের, চোখ বন্ধ করে যাঁকে ভরসা করা যায়। এই এত বছরে এসেও এই আস্থাতে এতটুকু চিড় ধরেনি।

বৃদ্ধার মেয়েকে ক্যালিফের ওকল্যান্ডে আইন পেশায় ভীষণ ব্যস্ত থাকতে হয়। তাই তাঁর মেয়ে কণ্ঠে উদ্বেগ নিয়ে বলেন, আজ যদি এই নারীকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়, তাহলে আগামীকাল তাঁর মাকে দেখাশোনা করবে কে?
মেনরা সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অ্যান্ড নার্সিং কেয়ারের মানবসম্পদ পরিচালক ম্যারি ডিগাঞ্জি ব্রুকলিনে সম্প্রতি স্থানীয় চাকরির এজেন্সিগুলোকে ২০ থেকে ২৫ জন নতুন নার্সিং সহকারী ও পেশাদার নার্স খুঁজে দিতে বলেন। এর আগে এমন অনুরোধে এক দিনের ব্যবধানেই আবেদনকারীর বন্যা বয়ে যেত। কিন্তু এবারই প্রথম পুরো এক মাসে মাত্র পাঁচটি আবেদন পড়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
ডিগাঞ্জি মনে করেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও অবৈধ অভিবাসীদের তাড়াতে হম্বিতম্বিপূর্ণ বক্তব্য সম্ভাব্য সেবাদানকারী ক্ষেত্রগুলোতে লোকসংকট সৃষ্টি করছে। নিউইয়র্কের মেট্রোপলিটন জিউয়িশ হেলথ সিস্টেমের সঙ্গে যুক্ত ‘মেনরা’ তাদের প্রয়োজনীয় ৩৫০০ কর্মীর জন্য ব্যাপকভাবে অভিবাসীদের ওপর নির্ভরশীল।
তাঁদের মধ্যে ২৫ জন হাইতিয়ান-আমেরিকান নার্সিং সহকারী ও পেশাদার নার্স কিছুদিন আগেও সাময়িক অভিবাসী সুরক্ষার আওতায় ছিলেন। নভেম্বরে তাঁদের সেই সুরক্ষা বাতিল ঘোষণা করা হয়। ২০১৯ সালের মধ্যেই তাঁদের আমেরিকা ছাড়তে হবে, যদি না হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী অভিবাসন নিয়ে তাঁর মনোভাব বদলান। মেনরার বাকি কর্মীরা শিশু বয়সেই আমেরিকায় এসেছে, এখন ডাকা (ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস) অভিবাসনের আওতায় আমেরিকায় আছেন। তাঁদের জন্যও একই ধরনের ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর সেটি হলো সম্ভাব্য নরকে যাওয়ার জন্য প্রস্তুতি। এত বছর আমেরিকায় বসবাস করে এখন বের করে দিলে সেটা তো নরকেরই অভিজ্ঞতার সমান, নয় কি?
ডিগাঞ্জি জানান, তাঁর কর্মীরা মনে করেন, এই অবস্থা থাকবে না। সব ঠিক হয়ে যাবে। ডিগাঞ্জি নিজেও জানেন না কর্মীরা তাঁকে প্রবোধ দিচ্ছেন, নাকি নিজেদেরই সেটি বুঝিয়ে সান্ত্বনা খুঁজছেন।
নিউইয়র্কের গবেষণা সংস্থা পিএইচআইয়ের (পাবলিক হেলথ ইনস্টিটিউট) শুমারিতে দেখা যাচ্ছে, আমেরিকায় নার্সিং হোমগুলোতে সেবাদানকারী পেশায় প্রতি চারজনের একজনই এ রকম অভিবাসীকর্মী। তথাকথিত কালোবাজারি ব্যবস্থার আওতায় গ্রাহকেরা সরাসরি সেবাদানকারী কর্মী বাড়িতে নিয়োগ দেন এবং মৌখিক চুক্তির আওতায় তাঁদের পারিশ্রমিক নির্ধারণ করেন। সরকারি নথির বাইরে এ রকম অভিবাসীকর্মীর সংখ্যানুপাতিক হিসাব নিশ্চিতরূপে বেশিই হবে।
পিএইচআইয়ের ভাইস প্রেসিডেন্ট রবার্ট এসপিনোজা জানান, সেবাদানকারী পেশাগুলোয় কর্মীর সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম লোকদের ওপর পড়ছে। তাঁদের পরিবারের লোকজনকেও এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আমেরিকায় যে জন্মহার হঠাৎ বেড়ে গিয়েছিল, যেটাকে ‘বেবি বুমারস’ বলা হয়েছিল, সে সময়ে জন্ম নেওয়া লোকেরা এখন বৃদ্ধদের কাতারে নাম লিখিয়েছে। গত কয়েক বছরে আমেরিকার জনগণের গড় আয়ুও বেশ বেড়ে গেছে। অন্যদিকে, বর্তমানে আমেরিকার কর্মক্ষম লোকেদের সেবাদানকারী পেশায় আসার প্রবণতা সংকুচিত হয়ে পড়ছে। তাঁরা অন্যান্য নতুনতর পেশার প্রতি আকৃষ্ট হচ্ছে। ফলে আমেরিকায় বৃদ্ধদের ও কর্মে অক্ষম, শারীরিক প্রতিবন্ধী এমন লোকগুলোর জন্য সেবাদানকারী কর্মী পাওয়া দুষ্কর হয়ে পড়ছে। পুরো আমেরিকায় এর মোট চাহিদা নেহাত কম নয়। এর ব্যাপক অংশই অভিবাসী কর্মীদের ওপর নির্ভরশীল— অস্বীকার করার উপায় নেই। এই অভিবাসীদেরই ‘অনিবন্ধিত’ নাম দিয়ে নতুন অভিবাসন নীতির আওতায় ‘পুশ ব্যাকে’র যে রব উঠেছে আমেরিকাজুড়ে, তাঁরা না থাকলে প্রায় পরিবারগুলো কী ভীষণ অসুবিধার সম্মুখীন হবে, তা কি আমরা ভেবে দেখেছি? অন্তত বয়স্ক লোকদের কথাটি কি ট্রাম্প প্রশাসন একটিবারও চিন্তা করার অবকাশ রেখেছে?