অভিবাসীদের বিরুদ্ধে 'সফল' ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের প্রথম ১০০ দিন ছিল যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের জন্য রীতিমতো আতঙ্কের। নানা ক্ষেত্রে নিজের উদ্যোগ ব্যর্থ হলেও বৈধতাহীন অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের ক্ষেত্রে ট্রাম্প ছিলেন বেশ কঠোর।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত ২১ হাজার ৩৬২ জন অভিবাসীকে বৈধ কাগজপত্র না থাকার অপরাধে গ্রেপ্তার করেছে ট্রাম্প প্রশাসন। এই সংখ্যা আগের বছরের একই সময়ে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তারের তুলনায় ৩২ শতাংশ বেশি।
অভিবাসী বহিষ্কার প্রশ্নে ট্রাম্প প্রশাসন যে নীতিমালা প্রকাশ করে, তাতে বলা হয়েছিল, গুরুতর অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প নিজে এই ধরনের ২০ লাখ অভিবাসীকে অবিলম্বে গ্রেপ্তার ও বহিষ্কারের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু এখন জানা যাচ্ছে, যাঁরা এই তিন মাসে গ্রেপ্তার হয়েছেন, তাঁদের অধিকাংশের বিরুদ্ধেই বড় ধরনের কোনো অপরাধের প্রমাণ নেই।
গ্রেপ্তারকৃত ৬৭৫ অভিবাসীর তথ্য পরীক্ষা করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তাঁদের অর্ধেকের বেশি ব্যক্তির বিরুদ্ধে আদৌ কোনো অপরাধমূলক অভিযোগ নেই। অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন অমান্য করা। মাত্র দুজন খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ৮০ জন মারামারি ও ৫৭ জন মাদক বহনের মতো অপরাধ করেছেন। ট্রাফিক আইন ভঙ্গের অপরাধ যাঁরা করেছেন, তাঁদের অধিকাংশই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হন।

নিউজার্সি থেকে নির্বাচিত ডেমোক্রেটিক সিনেটর বব মেনেন্ডেজ বলেছেন, ট্রাম্প প্রশাসন এমন মানুষদের গ্রেপ্তার করছে, যাঁদের কার্যত কোনো অপরাধের রেকর্ড নেই। তাঁদের অনেকেই বয়স্ক। অভিবাসীবিরোধী এই অভিযানের ফলে দেশের সর্বত্র অভিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রবল ভীতি তৈরি হয়েছে।
বিভিন্ন ব্যবসায়িক সংগঠন জানিয়েছে, অভিবাসী বহিষ্কারের অভিযান শুরুর পর থেকে বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রে কায়িক শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছে। সবচেয়ে বড় সংকটে পড়ার আশঙ্কা কৃষি খাতে। মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আগমন কমে যাওয়ায় কৃষি খাতে শ্রমিকের সংখ্যা কমে গেছে।

শিশু অবস্থায় মা-বাবার সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমন অনেকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ‘ডাকা’ কর্মসূচির আওতায় বৈধভাবে বসবাস ও পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। তাঁদের অনেকেও ট্রাম্পের বহিষ্কার অভিযানের শিকার হয়েছেন। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন, ‘ডাকা’ আওতায় থাকা ছেলে-মেয়েদের বহিষ্কার করা হবে না। কিন্তু বাস্তবে সে আশ্বাস রক্ষা করা হয়নি। ক্যালিফোর্নিয়ার ম্যানুয়েল মন্তেস রাজ্যের একটি আদালতে অভিযোগ করেছেন, ডাকা কর্মসূচিভুক্ত হওয়া সত্ত্বেও তাঁকে মেক্সিকোতে বহিষ্কার করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর অবশ্য বলেছে, মন্তেস নিজেই মেক্সিকো ফিরে গেছেন। ফলে ওই কর্মসূচির সুযোগ নেওয়ার অবকাশ তাঁর আর নেই।
অভিবাসন প্রশ্নে কড়াকড়ির ফলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে। অনলাইন রাজনৈতিক পত্রিকা পলিটিকো জানিয়েছে, গত তিন মাসে বিদেশি ছাত্র-ছাত্রীদের আবেদনের সংখ্যা প্রায় ৪০ শতাংশ কমে গেছে।
সবচেয়ে কমেছে মধ্যপ্রাচ্য থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা। যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশই বিদেশি ছাত্রদের বেতন থেকেই তাদের আয়ের একটা বড় অংশ পায়।