অভিবাসীদের বৈধতায় ওবামার উদ্যোগ বাধার মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার উদ্যোগটি আবারও বাধার মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার নিউ অরলিন্স ফেডারেল আপিল আদালত প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষিত বৈধতার পদক্ষেপ কার্যকর করার বিপক্ষে রায় দিয়েছেন।
আদালতের রায়ে বলা হয়, নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট অভিবাসন সংস্কারের মতো পদক্ষেপ গ্রহণ করতে পারেন কি না, সে বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত বৈধতার কর্মসূচি বাস্তবায়ন স্থগিত থাকবে।
গত ফেব্রুয়ারিতে বারাক ওবামা কংগ্রেসকে পাশ কাটিয়ে অভিবাসনসংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করেন। প্রেসিডেন্টের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। রিপাবলিকানদের বিরোধিতার পরও আদেশটি কার্যকর করার সব প্রশাসনিক উদ্যোগ নেয় ওবামা প্রশাসন। বৈধতা পেতে অভিবাসীদের আবেদনপত্র জমা করার ঠিক আগে বিরোধীপক্ষ আদালতে একটি মামলা ঠুকে দেয়। ফেডারেল আদালতে করা ওই মামলায় প্রেসিডেন্ট কংগ্রেসকে পাশ কাটিয়ে অভিবাসন সংস্কার বাস্তবায়ন করতে পারেন কি না, সে ব্যাপারটি চ্যালেঞ্জ করা হয়। এরপর ফেডারেল জাজ এন্ড্রু হ্যোনেন বিস্তারিত শুনানি না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের নির্বাহী আদেশ বাস্তবায়নের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন। ওবামা প্রশাসনের পক্ষ থেকে নিউ অরলিন্স ফেডারেল আদালতে প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বাস্তবায়ন শুরু করার আবেদন জানানো হয়।
গতকাল নিউ অর​লিন্স আদালত টেক্সাসের আদালতে করা মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বাস্তবায়ন করা যাবে না বলে রায় দেন।

বিশ্লেষকদের ধারণা, আদালতের এ আদেশে মামলাটির পূর্ণাঙ্গ শুনানি এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিবাসন সংস্কার কার্যক্রম অনেকটাই থমকে গেল।

আদালতের এমন রায়ের সমালোচনা করে হোয়াইট হাউসের মুখপাত্র ব্রান্ডি হাফিন বলেছেন, নিউ অরলিন্স আদালতের দুজন বিচারক আইনের ভুল ব্যাখ্যা করেছেন। প্রেসিডেন্টের নির্বাহী আদেশে অভিবাসন ব্যবস্থাকে অধিকতর গ্রহণযোগ্য করা, দেশের জননিরাপত্তা বৃদ্ধি ও অর্থনীতির জন্য কল্যাণকর বিষয় রয়েছে।

১৫টি অঙ্গরাজ্য সরকার ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া শুরু থেকেই প্রেসিডেন্ট ওবামার অভিবাসনসংক্রান্ত নির্বাহী আদেশ বাস্তবায়নের পক্ষে। অন্যদিকে, অবৈধ অভিবাসীদের যেকোনো বৈধতার বিরোধিতা করছে রক্ষণশীলেরা।

এ ছাড়াও ২৬টি অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নরেরা প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছেন। এ ব্যাপারে কংগ্রেসের স্পিকার রিপাবলিকান জন বয়েনার বলেছেন, অভিবাসন নিয়ে সবকিছু করার এককÿক্ষমতা প্রেসিডেন্টের নেই, আদালত রায়ে তা আরেকবার প্রমাণিত হলো।

ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টারের নির্বাহী পরিচালক ম্যারিলেনা হিনক্যাপি বলেছেন, অভিবাসন নিয়ে রাজনীতি করা হচ্ছে।

এম্পলিই ইন্টারন্যাশনাল ইউনিয়নের নেতা দেবী স্মিথ বলেন, প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশ ও আদালতের সিদ্ধান্ত—সবই রাজনৈতিক। আগামী নির্বাচনে বিষয়টি মাথায় রেখেই এমনটা করা হচ্ছে।