অভিবাসীদের যেভাবে বাঁচাল কনি আইল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনি আইল্যান্ডের সাগরপারের এলাকার প্রতি এখনো নিউইয়র্কবাসীদের প্রাণের টান দেখা যায়। এই অঞ্চল প্রাণ বাঁচাতেই কত বড় ভূমিকা রেখেছিল, তা জানলে এ টান আরও বেড়ে যাবে নিশ্চিত। ১৮৭০ থেকে ১৯২০ সালের মধ্যে এ অঞ্চলের মুক্ত বাতাস তখনকার অভিবাসীদের দিয়েছিল সুস্থ জীবনের আশ্বাস। ২৬ মে কনি আইল্যান্ডে উদ্বোধন হওয়া একটি প্রদর্শনী সেই কথাই মনে করিয়ে দিল সবাইকে।

এক ভুলে যাওয়া ইতিহাসকে সামনে হাজির করেছে প্রদর্শনীটি। ১৮৭০ থেকে ১৯২০ সালের মধ্যে অভিবাসী নারী ও শিশুরা এই অঞ্চলে আসত গ্রীষ্মকালীন সময় কাটাতে। সময় কাটাতে বললে অবশ্য কিছুটা ভুল হয়। কারণ, নগরের লোয়ার ইস্ট সাইডসহ বিভিন্ন অঞ্চলের তুলনামূলক দরিদ্র অঞ্চলেই বাস করত অভিবাসীরা। গ্রীষ্মের সময় এসব এলাকায় নানা ধরনের রোগ-বালাইয়ের প্রাদুর্ভাব হতো। এই রোগ-শোকের হাত থেকে বাঁচতেই সে সময় গ্রীষ্মকালটা কাটাতে অভিবাসী নারী ও শিশুরা বেছে নিত কনি আইল্যান্ডের স্বাস্থ্যকর পরিবেশ। এখানকার অলাভজনক বিভিন্ন বাড়িতে এসে তারা ঠাঁই নিত। রোগগ্রস্ত এই অভিবাসীরা এখানে আসত বিশুদ্ধ বাতাসের টানে। এভাবে হাজারো অভিবাসীর প্রাণ বাঁচাতে অনেকটা নীরবেই ভূমিকা রেখেছে কনি আইল্যান্ড।

এ বিষয়ে কনি আইল্যান্ড হিস্ট্রি প্রজেক্টের নির্বাহী পরিচালক ও সদ্য উদ্বোধন হওয়া ‘স্যালভেশন বাই দ্য সি’ প্রদর্শনীর কিউরেটর চার্লস ডেনসন ব্রুকলিন ইগলকে বলেন, ‘ইতিহাসের এক অজানা অধ্যায় এটি। অভিবাসী দরিদ্র নারী ও শিশুদের জন্য রাখা এ গ্রীষ্মকালীন বাড়িগুলোই বাঁচিয়েছিল হাজারো অভিবাসীর প্রাণ। এটি ছিল ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যার সম্পর্কে খুব অল্প লোকই জানে।’

কনি আইল্যান্ডে দরিদ্র অভিবাসীদের জন্য নিয়োজিত ছিল চরটি দাতব্য সংস্থা। ব্রুকলিন চিলড্রেন’স এইড, নিউইয়র্ক চিলড্রেন’স এইড, সেন্ট জন’স সামার হোম ও অ্যাসোসিয়েশন ফর ইমপ্রুভিং দ্য কন্ডিশন অব পুওর নামের এ চার প্রতিষ্ঠানের আওতাধীন ছিল কনি আইল্যান্ডের পশ্চিমাঞ্চলের ৩০ একর এলাকা। এখানেই তারা গড়ে তুলেছিল দরিদ্র অভিবাসীদের জন্য অলাভজনক বাড়ি, যাতে কঠিন সময়ে এখানে এসে তারা আশ্রয় পেতে পারে।

কনি আইল্যান্ডের ওয়েস্ট ফিফথ স্ট্রিটে সিসাইড পার্কের কাছেই ছিল ব্রুকলিন চিলড্রেন’স এইডের কেন্দ্রটি। এর নকশা করেছিলেন কালভার্ট ভক্স, যিনি প্রসপেক্ট ও সেন্ট্রাল পার্কের নকশার জন্য বিখ্যাত হয়ে আছেন। এসব অলাভজনক বাড়ি তৈরিতে অর্থায়ন করেছিল ভ্যান্ডারবিল্টস ও অ্যাস্টরসের মতো নিউইয়র্কের ধনাঢ্য পরিবারগুলো। ডেনসনের ভাষ্যে, ‘সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিলে এটা অবিশ্বাস্য শোনালেও, সত্য এটাই যে, এগুলো গড়ে তুলতে ওই ধনী ১ শতাংশই অর্থায়ন করেছিল।’

ওই সময় প্রতি বছর বহু শিশু ডায়রিয়ার মতো রোগে ভুগে মারা যেত। অথচ একটু চিকিৎসার ব্যবস্থা করতে পারলেই তাদের বাঁচানো সম্ভব ছিল। সৌভাগ্যক্রমে কিছু সমাজসেবক এ ক্ষেত্রে এগিয়ে এসেছিলেন। তাঁরাই কনি আইল্যান্ডে এ বাড়িগুলো তৈরি করেন, যা একই সঙ্গে হাসপাতাল হিসেবেও কাজ করত। বিশেষত শিশুদের ডায়রিয়ার মতো রোগের চিকিৎসা দেওয়া হতো। মায়েদের শেখানো হতো সন্তান পরিচর্যার নানা বিষয়। ডেনসনের মতে, ‘অভিবাসী শিশুদের উচ্চ মৃত্যুহারের কারণ ছিল ভয়াবহ দারিদ্র্য। তারা আমেরিকায় বাঁচতে এসে মরে যাচ্ছিল। স্বপ্ন খুঁজতে এসে মুখোমুখি হচ্ছিল এক ভয়ংকর দুঃস্বপ্নের। আশার আলো জ্বালিয়ে কনি আইল্যান্ড ছিল এ ক্ষেত্রে ব্যতিক্রম। এ এলাকা একটি সামাজিক সংযোগস্থল হিসেবেও কাজ করেছে। এখানে এসেই বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যে চিন-পরিচয় হয়েছে। বিভিন্ন সংস্কৃতি পরস্পরের সঙ্গে বিনিময়ের সুযোগ পেয়েছে। এখানে এসেই জাতি-পরিচয় নির্বিশেষে সবাই হয়ে উঠেছে আমেরিকান।’

কথা হলো এই সামার হোমগুলো তবে গেল কোথায়। মূলত যখন থেকে আবাসিক এলাকা হিসেবে এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং যেদিন থেকে সৈকত জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সেদিন থেকেই এই বাড়িগুলো জোর করে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাদের ছাপ রয়ে গেছে। হাজারো অভিবাসীকে বাঁচিয়ে এই কনি আইল্যান্ড ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে, যা আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে ফিরে দেখাটা গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন চার্লস ডেনসন। ব্রুকলিন ইগলকে তিনি বলেন, ‘আজ হয়তো সবার কাছে কনি আইল্যান্ডের পরিচয় একটি বিনোদন উদ্যানের চেয়ে বেশি কিছু নয়। কিন্তু এর পেছনে রয়েছে এক লম্বা ইতিহাস। এখানকার অনেক ইতিহাসই এখনো অনেকে জানে না। এগুলো জানানো জরুরি। এ থেকেই বোঝা সম্ভব আমেরিকার সঙ্গে অভিবাসীদের সম্পর্কটি। আজকের এ সময়ে এটি ভীষণ দরকার।’