অভিবাসীবিরোধী কিছু করতে দেওয়া হবে না: ওকাসিও কর্টেজ

কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, ট্রাম্প প্রশাসনকে অভিবাসীবিরোধী কোনো কিছু করতে দেওয়া হবে না। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত আদমশুমারির প্রচার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সবাইকে শুমারিতে অংশগ্রহণের আহ্বান জানান ওকাসিও।
নিউইয়র্কে কংগ্রেসম্যান পদে গত বছর নির্বাচনে অংশ নেওয়া মিজান চৌধুরী, অ্যাটর্নি সোমা সাঈদসহ কয়েকজন কমিউনিটি নেতা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে হলভর্তি দর্শক ওকাসিও কর্টেজের পক্ষে নানা স্লোগান দেন।
অনুষ্ঠানে কংগ্রেসওম্যান ওকাসিও বলেন, ‘অভিবাসীরা আমেরিকার প্রাণ। অভিবাসীদের শ্রম ও ঘামে আমেরিকার অর্থনীতি সচল হচ্ছে। আমেরিকা বিনির্মাণের ইতিহাসের প্রতিটি পাতায় অভিবাসীদের চিহ্ন রয়েছে।’ তিনি বলেন, ‘আজ স্বল্প আয়ের মানুষের আমেরিকায় আসার পথ বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। মনে রাখতে হবে এ স্বল্প আয়ের অভিবাসীদের রক্ত-ঘামেই তৈরি হয়েছে আজকের আমেরিকা। অভিবাসীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নাগরিক আন্দোলনের সংগঠক ও কর্মীদের এসব বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। অভিবাসীদের স্বার্থবিরোধী কাজ রুখে দিতে হবে।’