অভিবাসীর সংখ্যা কমাতে নতুন আইনে ট্রাম্পের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষতাভিত্তিক অভিবাসন নীতি প্রচলনের উদ্দেশে প্রস্তাবিত একটি আইনের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২ আগস্ট হোয়াইট হাউসে বক্তব্য রাখার সময় তিনি এ আইনের প্রতি মৌখিক সমর্থন জানান বলে জানিয়েছে সিএনএন। নিবন্ধিত অভিবাসীর সংখ্যা কমাতে প্রস্তাবিত এ আইনে পয়েন্ট পদ্ধতি প্রচলনের প্রস্তাব করা হয়েছে।
দক্ষতাভিত্তিক এ অভিবাসন পদ্ধতি প্রচলনের প্রস্তাবটি করেন রিপাবলিকান সিনেটর ডেভিড পেরুড ও টম কটন। ২ আগস্ট হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে এর প্রতি মৌখিক সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, বিদ্যমান অভিবাসন আইন আমাদের জনগণের জন্য ন্যায্য নয়। প্রস্তাবিত আইনটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারবে।
যদিও এ আইন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষ থেকেই বিরোধিতার সম্মুখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইনটি শেষ পর্যন্ত পাস হলে মার্কিন অভিবাসন পদ্ধতি পুরো ঢেলে সাজাতে হবে বলে জানিয়েছে সিএনএন। সংবাদমাধ্যমটি জানায়, আইনটিতে আমেরিকায় অভিবাসনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও কানাডার মতো পয়েন্ট পদ্ধতি অনুসরণের প্রস্তাব করা হয়েছে। এ পদ্ধতির আওতায় বছরে ১৪ লাখ ভিসা প্রদান করা হবে। বয়স, শিক্ষা, ভাষা দক্ষতা, চাকরির সুযোগসহ বেশ কিছু বিষয় রাখা হয়েছে প্রস্তাবে, যার আওতায় আবেদনকারীর পয়েন্টের হিসাব করা হবে। নোবেল পুরস্কার ও অলিম্পিক মেডেলের বিষয়কেও প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রস্তাব করা হয়েছে।
এ অভিবাসন পদ্ধতির বিষয়ে রিপাবলিকান সিনেটর টম কটন সিএনএনকে বলেন, আমেরিকায় নিবন্ধিত অভিবাসীর সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে এ আইন প্রস্তাব করা হয়েছে।