অভিবাসীরাই সমৃদ্ধ করেছে আমেরিকাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন বিরোধীদের কাছে দরিদ্র দেশের চেয়ে ধনী দেশ থেকে আসা অভিবাসীরা বেশি কাঙ্ক্ষিত হলেও দরিদ্র দেশের মেধাবীরাই আমেরিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ে থেকে আরও অভিবাসী গ্রহণের কথা জানান। একই সঙ্গে হাইতির মতো দেশ থেকে অভিবাসী গ্রহণ বন্ধ করার ইচ্ছার কথাও বলেন তিনি। বিষয়টি নিয়ে সে সময় অনেক সমালোচনা হয়। তাঁর মন্তব্যকে বর্ণবাদী হিসেবে উল্লেখ করে প্রতিবাদী মেতে ওঠেন অনেকেই।

শুধু বর্ণবাদী মন্তব্যের কারণেই নয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থানটি আমেরিকার নিজের সমৃদ্ধি বিবেচনাতেই সঠিক নয়। আমেরিকায় আসার পথে দরিদ্র দেশের অভিবাসীদের অনেকেই মানসিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়েন। কিন্তু তারপরও তাঁরা ও তাঁদের সন্তানেরা সব সামাল দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেন। মেক্সিকো, গুয়াতেমালা ও এল সালভাদর থেকে আসা অভিবাসীদের সন্তানেরা এক সময় দারিদ্র্যসীমার নিচে বাস করলেও বর্তমানে তারা মধ্যম আয়ের পর্যায়ে পৌঁছে গেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের সন্তানেরা এগিয়ে যাচ্ছে আরও দ্রুত গতিতে।

প্রশ্ন হলো, দরিদ্র দেশে জন্ম নেওয়া অভিবাসীরা বা তাদের সন্তানেরা আমেরিকায় কেন বেশি সফল হয়? এর বড় কারণ নিশ্চিতভাবেই তাদের মেধা। আরেকটি বড় কারণ হলো আমেরিকার প্রতিষ্ঠানগুলো উন্নয়নশীল দেশগুলোর প্রতিষ্ঠানের তুলনায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বেশি কার্যকর। কারণ এর রয়েছে যুক্তিসংগত, কার্যকরী ও সক্রিয় সরকারব্যবস্থা, সম্পত্তির অধিকার ও আইনের শাসন, দক্ষ করপোরেট ব্যবস্থা এবং জ্ঞান ও দক্ষতার সমন্বয়। ফলে অভিবাসী ও তাদের সন্তানেরা আমেরিকায় আসার পর যখন আমেরিকান পদ্ধতিতে নিজেদের খাপ খাইয়ে নেয়, তখন তাদের সম্ভাবনা এখানে আরও বেশি বিকশিত হওয়ার সুযোগ পায়।

মার্কিন অভিবাসী নির্বাচন প্রক্রিয়াও নিম্ন আয়ের দেশের অভিবাসীদের এগিয়ে যাওয়ার আরেকটি শক্তিশালী কারণ। আমেরিকা সবাইকে প্রবেশ করতে দেয় না। বেশির ভাগ ক্ষেত্রে দেশটি সাবধানতার সঙ্গে তাদেরই সফলভাবে বেছে নেয়, যাদের ভবিষ্যতে সফল হওয়ার সম্ভাবনা বেশি। এইচ-ওয়ান বি ভিসা প্রোগ্রামে আসা অভিবাসীদের ১২ শতাংশ গ্রিনকার্ডের মাধ্যমে আমেরিকায় আসেন। এই প্রক্রিয়ায় আসা ব্যক্তিরা ও তাদের পরিবারগুলো সাধারণত উচ্চশিক্ষিত হয়। বর্তমানে আমেরিকায় অননুমোদিত অভিবাসন কমায় নতুন অভিবাসীদের গড় শিক্ষার স্তর বেড়েছে।

অর্থনীতিবিদ এড লেজারের গবেষণায় দেখা গেছে, আমেরিকায় একটি নির্দিষ্ট দেশের বংশধরদের শিক্ষার হার কেবল তাদের নিজ দেশের গড় শিক্ষার হারের ওপর নির্ভর করে না। বিষয়টি অনেকাংশেই নির্ভর করে আমেরিকায় ওই গোষ্ঠীর মানুষদের প্রবেশের হারের ওপরও। লেজারের মতে, ‘আমেরিকায় তুলনামূলকভাবে অল্পসংখ্যক অভিবাসী প্রেরণকারী বৃহত্তর দেশগুলো তাদের সেরা ও মেধাবীদের পাঠায়। এর সবচেয়ে বড় প্রমাণ বহন করছে ভারতীয় আমেরিকানরা। ভারতে শিক্ষার হার কম হলেও ভারতীয় আমেরিকানরা এ ক্ষেত্রে অভিজাত পর্যায়ে পড়ে। আর দরিদ্র দেশ থেকে আসা এই মেধাবীরাই মূলত আমেরিকাকে গড়ে তুলছে, সমৃদ্ধ করছে।

অবশ্যই শিক্ষা একমাত্র দক্ষতা নয় যা অভিবাসন প্রক্রিয়ার জন্য অপরিহার্য। ভাষা না জানা সম্পূর্ণ একটি নতুন দেশে আসা এবং নতুন জীবন শুরু করার জন্য শিক্ষার পাশাপাশি একটি বিপুল সাহস, উচ্চাকাঙ্ক্ষা ও প্রবল মনোবলের প্রয়োজন। সুতরাং দেখা যাচ্ছে যে, আগে থেকেই মার্কিন অভিবাসন ব্যবস্থাটি বিদেশ থেকে দক্ষতার সঙ্গে প্রতিভাবান অভিবাসীদেরই বাছাই করছে। যারা মনে করেন, দরিদ্র দেশগুলো থেকে আগত অভিবাসীরা আমেরিকার বোঝা, তারা ভুলের স্বর্গে বাস করছেন।