অভিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আবীর নিউইয়র্কে বোনের বাসায় বেড়াতে এসেছে। থাকে ফ্লোরিডায়। ওখানে একটা ইউনিভার্সিটিতে এমবিএ করছে। এখন জুন মাস, আমেরিকার সব ইউনিভার্সিটিতে গ্রীষ্মের ছুটি। এই সময়ে এখানে তেমন একটা ক্লাস হয় না। ক্লাস না হলেও এই সময়টা স্টুডেন্টরা বেশ কাজে লাগায়। কেউ কেউ গ্রীষ্মের এই সময়টা একটানা কাজ করে পরের সেমিস্টারের জন্য টাকা জোগাড় করে। আবার যারা সচ্ছল, তারা দেশে-বিদেশে ঘুরে বেড়ায়, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করে।
আমেরিকায় আবীরের এটা প্রথম গ্রীষ্ম। বোন আর দুলাভাইয়ের অনুরোধে ও নিউইয়র্কে এসেছে। পুরো গ্রীষ্মটা এখানেই কাটাবে বলে ঠিক করেছে। আবীরের বোনের ছোট পরিবার। বোন, দুলাভাই আর তাদের পাঁচ বছরের এক ছেলে। নাম জিকো। দুলাভাই এখানে ডাক্তারি করেন। পসার মনে হয় ভালোই। সকালে হাসপাতালে যান, ফেরেন রাতে। মাঝে মাঝে গভীর রাতে রোগী খারাপ থাকলে অন-কলেও যেতে হয়। তবে এই নিয়ে তাদের মনে কোনো বিরক্তি নেই। ছোট ছেলেকে নিয়ে বোন দুলাভাই খুব স্বাচ্ছন্দ্যেই আছেন।
বোন স্বাচ্ছন্দ্যে থাকলেও আবীরকে মাঝে মাঝে এই বাসায় বিরক্তিকর অবস্থায় পড়তে হয়। তা ওর বোনের কারণেই। অতি আদরের কারণে বিরক্তি যাকে বলে। যেমন ধরা যাক খাবারের সময় বোন বলে, ভাই, এটা বেশি করে নে, তোর জন্যেই আজকে রান্না করেছি; ওটা নিস না, ঝাল বেশি হয়েছে, খেতে পারবি না। এই তরকারিটা তোকে আরেকটু দিই; বেশি করে খা; ওখানে কী–না–কী খাস; এত কম খাচ্ছিস কেন? বেঁচে আছিস কীভাবে এত কম খেয়ে! এই সব কথাবার্তা। আবীর মনে মনে বিরক্ত হলেও মুখে প্রকাশ করে না।
আবীর খেয়ালি টাইপের, একা থাকা মানুষ। তবে এ বাড়িতে এসে ও তেমন একটা একাও থাকতে পারে না। ভাগনে জিকো বিকেলের পরপরই ওর ঘরে চলে আসে। নিজের রুম থাকলেও, ও কেন জানি আবীরের রুমেই পড়ালেখা করে। পড়াশোনার ফাঁকে ফাঁকে আবীরকে এটা জিজ্ঞাসা করে, ওটা জিজ্ঞাসা করে। আবীর কেবল হুম্ হ্যাঁ করে উত্তর দেয়। দুলাভাই অবশ্য আবীরকে বুঝতে পারে। প্রায় সময়েই জিকোকে কোনো না কোনো অজুহাতে আবীরের রুম থেকে নিয়ে যান।
আবীরের দুলাভাই বেশ শৌখিন আর আমুদে টাইপের মানুষ। আবীরের এই মানুষটাকে খুবই পছন্দ। সারা দিন হাসপাতালে পরিশ্রম করে রাতে বাসায় ফিরেও মুখে হাসি হাসি ভাব। চোখেমুখে ক্লান্তির কোনো ছাপ নেই। দুলাভাই শুধু আমুদেই নয়, অন্যকে বুঝতে পারারও অদ্ভুত ক্ষমতা তাঁর। অনেক সময় খেয়ালি কাজও করে বসেন। এই সেদিন যেমন একটা করলেন।
সেদিন রাতে দুলাভাই যখন বাড়ি ফিরলেন, তখন দেখা গেল তাঁর হাতে একটা জ্যান্ত মুরগি। সেই মুরগি ওনার হাতে থেকেই কক কক শব্দ করছে। এখানে সাধারণত কেউ জীবন্ত মুরগি কেনে না। সত্যি বলতে কি, এই রকম জ্যান্ত মুরগি এখানে কোথায় বিক্রি হয়, তা–ও হয়তো অনেকে জানেন না।
আবীরের আপা অবাক হয়ে বললেন, এই আস্ত মুরগি তুমি কোথায় পেলে!
দুলাভাই বলল, হাসপাতাল থেকে বের হয়ে যখন হাঁটছিলাম, তখন দেখলাম এক বৃদ্ধ আফ্রিকান লোক এই মুরগিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমায় দেখে বলল কিনব কি না। ক্লান্ত ভঙ্গিতে লোকটা এই একটা মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে দেখে কেমন যেন মায়া লাগল। কিনে ফেললাম।
আবীরের আপা একটু বিরক্তির সুরে বলল, ও আচ্ছা, তা এখন এটাকে কোথায় রাখব। সারা রাত শব্দ করবে, ঘর নোংরা করবে। কী যে ঝামেলা! আপা হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখন জিকো তার বাবার হাতের মুরগিটাকে দেখতে পেয়েছে। ও আনন্দে চিৎকার করে দৌড়ে এসে বাবার হাত থেকে মুরগিটাকে কেড়ে নিতে চাইল। এতক্ষণ কক কক শব্দ করলেও অদ্ভুত ব্যাপার, মুরগিটা এই টানাটানিতেও কোনো শব্দ করল না। মুরগির পা দুটো বাঁধা ছিল। এই অবস্থাতেই দুলাভাই মুরগিটা ড্রয়িংরুমের ফ্লোরে রেখে দিলেন।
মুরগিটা পেয়ে সে রাতে জিকো যেন মহা আনন্দের একটা জিনিস পেয়ে গেল। মুরগিটার পাশে অনেক রাত অবধি বসে রইল। বাবা বলায় চাল খেতে দিল। পরে ও অবশ্য বুদ্ধি করে মুরগিটাকে চকলেট খেতে দিল। চকলেট খেল না দেখে, পরে আবার বিস্কুট দিল। খাবার ফাঁকে ফাঁকে মুরগিটাও কেমন যেন মলিন চোখে জিকোর দিকে তাকিয়ে রইল।
পরের দিনও একই অবস্থা। দুপুরে স্কুল থেকে ফিরে জিকো সারা বিকেল মুরগিটার আশপাশে ঘুরঘুর করতে লাগল। আবীরের আপা ব্যাপারটাতে খুবই বিরক্ত হলেন। ভাবলেন, কালকের মধ্যেই এই ঝামেলার একটা সমাধান করতে হবে।
তবে পরদিন কিছু করা হলো না। বোন আর দুলাভাইয়ের একটা পার্টির নিমন্ত্রণ ছিল। বিকেলের দিকে দুজনে বের হয়ে গেলেন। যাবার আগে জিকোকে সঙ্গে করে নেবার জন্য আপা বেশ তোড়জোড় করলেন, কিন্তু ও কেন জানি যেতে চাইল না। পরে একসময় দুলাভাই বললেন, ঠিক আছে যেতে চাইছে না যেহেতু, এত জোর করছ কেন। বাসায় থাকুক না। আবীর তো বাসায় আছে। ওর সঙ্গে থাকবে। সমস্যা হবে না কোনো। এ কথায় আপা একটু শান্ত হয়ে আবীরকে ডেকে সবকিছু বুঝিয়ে দিয়ে পরে বের হলেন।
ওনারা চলে যাবার পর জিকো কিছুক্ষণ আবীরের সঙ্গে বসে রইল। আবীর পরে ওর ঘরে চলে গেল। বাইরে হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা নামে নামে। আবীর ঘরের জানালাটা খুলে দিয়ে পাশের চেয়ারে হুমায়ূন আহমেদের ভৌতিক একটা গল্পের বই নিয়ে বসে পড়ল। তবে কিছুক্ষণ পরপর জিকো ড্রয়িংরুমে কী করছে, তা–ও দেখল।
আবীর দেখে, জিকো মুরগিটার একেবার গা ঘেঁষে বসে থেকে ওর গায়ে হাত বোলাচ্ছে। মুরগিটার এখন শুধু এক পা বাঁধা। তাই ড্রয়িংরুমে কিছুদূর হাঁটতে পারে। মুরগিটা যখন হাঁটে, তখন জিকোও মুখে অদ্ভুত একটা শব্দ করে ওর সঙ্গে সঙ্গে হামাগুড়ি দেয়। আবীর দেখে মনে মনে হাসে। ভাগনের কাণ্ড-কারখানায় বেশ মজা পায়।
পরের দিন রাত। গতকাল শুরু হওয়া টিপটিপ বৃষ্টি তখনো থামেনি। সেদিন জিকোদের স্কুলে বাচ্চাদের কিসের যেন একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ হয় সন্ধ্যার দিকে। দুলাভাই তার হাসপাতাল থেকে বের হয়ে জিকোকে স্কুল থেকে নিয়ে বাসায় পৌঁছতে পৌঁছতে রাত। বৃষ্টিতে ওরা দুজন ভিজে গেছে খানিকটা।
আপা দেখে বললেন, ইশ্, ভিজে গেছ। তাড়াতাড়ি কাপড়চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাও। তোমাদের ক্ষুধাও পেয়েছে নিশ্চয়। পরে আপা জিকোর দিকে তাকিয়ে বললেন, আজকে জিকোর প্রিয় খাবার রান্না করেছি। চিকেন ফ্রাই। তাড়াতাড়ি খাবারের টেবিলে চলে এসো দুজনে।
তাড়াহুড়োতে জিকো মুরগিটার কথা হয়তো ভুলে গিয়েছিল। কিন্তু খাবারের টেবিলে চিকেন ফ্রাই দেখে ও কেন জানি দৌড়ে মুরগিটা যেখানে বাঁধা ছিল সেখানে ছুটে গেল। গিয়ে দেখে তা সেখানে নেই, পায়ে বাঁধা সুতাটা শুধু সেখানে পড়ে আছে। জিকো মুখ ভার করে ফিরে এসে জিজ্ঞাসা করল, মুরগিটা কোথায়। আপা হাসি হাসি মুখে বললেন, এই যে চিকেনফ্রাই করেছি তোমাদের জন্য।
এই কথা শুনে জিকোর ফরসা মুখটা একেবার কালো হয়ে গেল। অভিমানে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে দৌড়ে নিজের ঘরে চলে গেল। জিকোর এমন আকস্মিক আচরণে বোন–দুলাভাইয়ের মুখ একেবারে ফ্যাকাসে হয়ে গেল। আবীরও হকচকিয়ে গেল। বোন আবীরের দিকে তাকিয়ে বলল, ভাই, যা না তোর ভাগনেকে একটু বুঝিয়ে-শুনিয়ে নিয়ে আয়। সারা দিন তেমন কিছু খায়নি। তোকে খুব পছন্দ করে ও। তোর কথা শুনবে।
আবীর ‘ঠিক আছে, দেখি’ বলে উঠে পড়ল। কিন্তু কেন জানি জিকোর ঘরের দিকে যেতে যেতে হঠাৎ ওর মনে হলো, ভাগনের সেই অভিমান ভাঙানোর সাধ্য তার নেই। জিকোর ঘরে না গিয়ে আবীর তার নিজের ঘরে ঢুকে পড়ল। নিউইয়র্কের পথে-ঘাটে বৃষ্টিটাও তখন জাঁকিয়ে নামল।

(ফিলাডেলফিয়া থেকে)