সন্ত্রাসবিরোধী অভিযানে আল-কায়েদার হাতে জিম্মি থাকা এক মার্কিন নাগরিকসহ দুজন নিহত হয়েছিলেন বলে স্বীকার করেছে মার্কিন কর্তৃপক্ষ। চলতি বছরের জানুয়ারিতে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ওই অভিযান চালানো হয়েছিল। খবর এএফপি ও বিবিসির।
নিহত দুজন ছিলেন মার্কিন নাগরিক ওয়ারেন উইনস্টেন এবং ইতালির নাগরিক জিওভান্নি লো পোরতো। এ ছাড়া আরও দুজন নিহত হয়েছিলেন ওই অভিযানে। এই দুজন আল-কায়েদার সদস্য ছিলেন বলে ধারণা করা হয়।
ওয়ারেন ছিলেন উন্নয়নকর্মী। ২০১১ সালের পাকিস্তানের লাহোরে নিজের বাসা থেকে তিনি অপহৃত হন। সাত বছর ধরে তিনি পাকিস্তানে থাকতেন।
জিওভান্নি কাজ করতেন একটি আন্তর্জাতিক সাহায্য সংস্থায়। ২০১২ সালের জানুয়ারিতে পাকিস্তানের মুলতান থেকে অপহরণ করা হয় তাঁকে। অভিযানে তাঁদের দুজনের নিহত হওয়ার ঘটনাকে খুবই দুঃখজনক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।