অভিযোগ তদন্তের দায়িত্বে সাবেক এফবিআই-প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তে নেতৃত্ব দেবেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক প্রধান রবার্ট মুয়েলার। দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন গত বুধবার এই ঘোষণা দিয়েছেন। প্রতিক্রিয়ায় ট্রাম্প নির্বাচনে মস্কোর যোগসাজশের অভিযোগ আরেক দফা অস্বীকার করেছেন। তবে অভিযোগ তদন্তে একজন বিশেষ পরামর্শক নিয়োগ হওয়ায় ট্রাম্পের বিপদ নাটকীয়ভাবে বাড়ল বলে বিশ্লেষকেরা মনে করছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই এই সন্দেহের মুখোমুখি হয়েছেন যে হোয়াইট হাউসে পৌঁছাতে তাঁকে রাশিয়ার সাহায্য নিতে হয়েছে। অতি সম্প্রতি অভিযোগ উঠেছে, এ বিষয়ে তদন্তকাজ আটকে দিতেই তিনি এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেছেন। এমন পরিস্থিতিতে একধরনের চাপের মুখেই কংগ্রেস ও জনগণকে আশ্বস্ত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোজেনস্টেইন ঘোষণা করলেন, তদন্তকাজে মুয়েলার নেতৃত্ব দেবেন। এফবিআইয়ের এই সাবেক প্রধানের ভাবমূর্তি বেশ উজ্জ্বল। যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার পর তিনি দশকব্যাপী দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) নেতৃত্ব দেন। রোজেনস্টেইন বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে জনস্বার্থে তিনি তদন্তের দায়িত্ব এমন একজনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যিনি প্রচলিত প্রভাববলয়ের বাইরে স্বাধীনভাবে কাজ করতে পারবেন।’
প্রধান দুই দল রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টির নেতারা মুয়েলারের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার পল রায়ান বলেছেন, ‘আমরা সত্যিটা জানতে চাই।’
৭২ বছর বয়সী মুয়েলার ‘২০১৬ সালের নির্বাচনে রুশ সরকারের প্রভাব বিস্তারের প্রচেষ্টা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়’ তদন্তের কাজে নেতৃত্ব দেবেন। তদন্তে বেরিয়ে আসা অপরাধের বিষয়ে অভিযোগ দায়ের করার এখতিয়ার থাকবে তাঁর।
প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি মুয়েলারের নিয়োগ প্রসঙ্গ উল্লেখ না করে বলেন, ‘আমি যেমনটা অনেকবার বলেছি, আমরা যা জানি পুঙ্খানুপুঙ্খ তদন্ত তাকেই নিশ্চিত করবে। আমার নির্বাচনী প্রচারকাজের সঙ্গে কোনো বিদেশি মহলের মধ্যে কোনো ধরনের যোগসাজশ ছিল না। ব্যাপারটার দ্রুত নিষ্পত্তি দেখার জন্য আমি উদ্গ্রীব।’
গতকাল বৃহস্পতিবার ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘এটা মার্কিন ইতিহাসে কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে একক বৃহত্তম নির্যাতনমূলক তৎপরতা।’
মুয়েলারকে বিশেষ তদন্তের দায়িত্বে নিয়োগের মাধ্যমে তাঁকে বিচার বিভাগের আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হলো। সহযোগী হিসেবে তিনি পছন্দসই যোগ্য ব্যক্তিদের বেছে নিতে পারবেন। তদন্তের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বা তাঁর সহযোগীকে জানানোর বাধ্যবাধকতাও তাঁর থাকবে না। রাশিয়ার সরকার বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে ট্রাম্পের প্রচারশিবিরের সত্যিই কোনো ধরনের যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখার বিশেষ ক্ষমতা মুয়েলার পুরোপুরিই পাচ্ছেন।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে মস্কো তৎপর ছিল। তবে ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করেছেন।