যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর হ্যাকিং কৌশল নিয়ে অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলল বড় বড় কয়েকটি তথ্যপ্রযুক্তি কোম্পানি। অ্যাপল বলেছে, তারা তাদের ত্রুটি ইতিমধ্যে সংশোধন করেছে। আর অভিযোগটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে স্যামসাং ও মাইক্রোসফট।
গোপনীয় তথ্য ফাঁস করার জন্য আলোচিত ওয়েবসাইট উইকিলিকস গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর বিভিন্ন ইলেকট্রনিকস যন্ত্রপাতিতে হ্যাক করার কথিত কৌশল ফাঁস করার দাবি করে। উইকিলিকস বলেছে, সিআইএ এমন সব ম্যালওয়্যার তৈরি করেছে, যা দিয়ে ইন্টারনেট সুবিধাসংবলিত স্মার্ট টিভি থেকে শুরু করে গাড়ি পর্যন্ত যেকোনো ইলেকট্রনিকস যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যায়।
প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, এখনকার আইফোনের প্রযুক্তিতে গ্রাহকদের তথ্যের সবচেয়ে ভালো নিরাপত্তা দেওয়া হয়ে থাকে এবং তা বজায় রাখতে অ্যাপল কাজ করে যাচ্ছে। এ ছাড়া নিরাপত্তার জন্য অ্যাপল সবসময় গ্রাহকদের সর্বশেষ অপারেটিং সিস্টেম ডাউনলোড করার পরামর্শও দিয়েছে।
স্যামসাং বলেছে, তারা উইকিলিকসের অভিযোগটি দ্রুত তদন্ত করে দেখছে। একইভাবে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, উইকিলিকসের ওই প্রতিবেদন সম্পর্কে তাঁরা অবগত এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।