অভিশংসনের পক্ষে পর্যাপ্ত সমর্থন নেই: মাইক পেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক পেন্স
মাইক পেন্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের পক্ষে পর্যাপ্ত ভোটের নিশ্চয়তা নেই। ৭ ডিসেম্বর প্রচারিত ‘জাস্টিস উইথ জাজ জেনিন শো’-তে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
অভিশংসন তদন্তের প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন মন্তব্য করেন পেন্স। ৩০০ পৃষ্ঠার প্রতিবেদনটি কয়েক সপ্তাহব্যাপী গৃহীত উন্মুক্ত ও গোপন শুনানিতে পাওয়া সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই প্রতিবেদনে বৈদেশিক কোনো সরকার থেকে ব্যক্তিগত ফায়দা হাসিলে প্রেসিডেন্টের প্রয়াসের বিষয়ে অবগতি অথবা এতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে প্রশাসনের কতিপয় কর্মকর্তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পেন্সের নামও রয়েছে। ডকুমেন্ট উপস্থাপনে ব্যর্থতা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর ফোনালাপের প্রতিলিপি প্রকাশ করতে অস্বীকার করায়ও পেন্সের সমালোচনা করা হয় উক্ত প্রতিবেদনে।
এসব বিষয়ে পেন্স ওই সাক্ষাৎকারে বলেন, ‘ডেমোক্র্যাটদের কমিটিতে যেসব ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন, তাঁরা মূলত বলছেন যে, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে পোল্যান্ডে আমার সভা চলাকালে কিংবা তার আগে বা পরে তদন্তের বিষয়টি ওঠেনি। জেলেনস্কির সঙ্গে এমন সব বিষয়েই আমার কথা হয়েছে, যা প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে জেনে নিতে বলেছিলেন। ট্রাম্প যখন আমাকে পোল্যান্ডে তাঁর প্রতিনিধিত্ব করতে বলেন, তার আগেই প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করেছিলেন। এ ব্যাপারে তিনি আমার সঙ্গে আলাপ করেছিলেন। ট্রাম্প বলছিলেন, “দেখুন, আমরা ‘এইড’-এর বিষয়টি রিভিউ করছি। কিন্তু আমি জানতে চাই, দুর্নীতির ব্যাপারে কী করছেন তিনি।” জেলেনস্কি ও তাঁর দল পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছিলেন। দুর্নীতিবিরোধী আবস্থানের কারণেই সেটা সম্ভব হয়েছিল।’
জেলেনস্কির সঙ্গে তাঁর কী কথা হয়েছে—এমন প্রশ্নের জবাবে পেন্স বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে যে বিষয়গুলো জানার জন্য বলেছিলেন, সেসব প্রশ্নই আমি করেছি জেলেনস্কিকে।’
এদিকে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ৫ ডিসেম্বর এক ঘোষণায় ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ন্যান্সি বলেন, ‘ট্রাম্পের আচরণ ও কর্মকাণ্ডই আমাদের এমন সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করেছে।
গত জুলাই মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করে, ইউক্রেনকে জো বাইডেন ও তাঁর পরিবারের ব্যাপারে তথ্য প্রকাশ করতে চাপ প্রয়োগ করেন। একজন ‘হুইসেল ব্লোয়ারের’ এমন অভিযোগের পরই প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার গুঞ্জন শুরু হয় ক্যাপিটল হিলে।
ট্রাম্প কি আদৌ অভিশংসিত হবেন-এমন প্রশ্নের জবাবে পেন্স বলেন, ‘হাউসে কী ঘটবে, তা আমি এখনই জানি না। জানি, স্পিকার পেলোসি অভিশংসনের ঘোষণা দিয়েই রেখেছেন। তবে একটা কথা বলে রাখি, আমি ১২ বছর থেকে কংগ্রেসে আছি। আমি মনে করি না যে, অভিশংসন একটা পূর্বসিদ্ধান্ত! ডেমোক্র্যাটরা অভিশংসনের পক্ষে পর্যাপ্ত ভোট কীভাবে পাবেন, তার পথ আমি দেখছি না। আমি তো গোটা দেশেই প্রেসিডেন্টের প্রতি সমর্থন শুনতে পাচ্ছি। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। আমাদের মিলিটারি পুনর্গঠিত হচ্ছে। সর্বোপরি মানুষ মামলাটি যখন দেখবে, এর প্রতিলিপি পড়বে, তখন তারা দেখবে যে, প্রেসিডেন্ট কোনো অন্যায় করেননি। আগামী দুই সপ্তাহে জনগণের আওয়াজ যখন ক্যাপিটল হিল পর্যন্ত পৌঁছাবে, তখন কী হবে, তা আগে থেকে বোঝা যাচ্ছে না।’