অভিশংসিত ট্রাম্প ক্ষমতায় থাকছেন!

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইমপিচমেন্ট বা অভিশংসিত হলেও বহাল তবিয়তেই ক্ষমতায় থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ঘটনাবহুল রাজনীতির ইতিহাসের সাক্ষী এখন সারা বিশ্বে। আমেরিকার ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিশংসন নিয়ে অভিবাসী ও ডেমোক্র্যাটদের মধ্যে একধরনের উল্লাস ভাব দেখা দিলেও শ্বেতাঙ্গ আমেরিকানদের অনেকেই মনে করছেন, সবই রাজনৈতিক বৈরিতা। ট্রাম্পের সমর্থকেরা তাঁর প্রতি আরও উৎসাহী হয়ে উঠেছেন। অনেকেই মনে করছেন, ২০২০ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প আবারও ইতিহাস সৃষ্টি করবেন।
প্রতিনিধি পরিষদে ১৮ ডিসেম্বর ইমপিচমেন্ট প্রস্তাব পাস হয়েছে। দিনটি আমেরিকার জন্য এক ঐতিহাসিক দিন। রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি। একটি হচ্ছে প্রেসিডেন্ট তার পদকে ব্যবহার করে তাঁর ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। অন্য অভিযোগ হচ্ছে, অভিশংসনের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।
দুটি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েছে প্রতিনিধি পরিষদে। প্রথম অভিযোগের ক্ষেত্রে ২৩০ ভোট পড়েছে অভিশংসনের পক্ষে এবং ১৯৭ ভোট পড়েছে বিপক্ষে। দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট পড়েছে। ওই অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট। ভোটাভুটি যখন চলছিল, তখন প্রেসিডেন্ট ট্রাম্প মিশিগানে একটি নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন।
ব্যাটল ক্রিকের এই জনসভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা যখন মিশিগানের জন্য লড়াই করছি, নতুন কর্মসংস্থান করছি, তখন কংগ্রেসের কট্টর বামপন্থীরা ঘৃণা ও বিদ্বেষে পূর্ণ হয়ে আছে, আপনার দেখতেই পাচ্ছেন, কী ঘটছে সেখানে?’
আগামী জানুয়ারি মাসে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে থাকা সিনেট প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যাওয়ার কোনো কারণ নেই। এরই মধ্যে কয়েকজন রিপাবলিকান ঘোষণা দিয়েছেন, তারা প্রেসিডেন্টকে নির্দোষ প্রমাণ করার জন্যই ভোট দেবেন। সুতরাং ট্রাম্প ক্ষমতা থেকে অপসারিত হচ্ছেন, এমন কথা কোনো পক্ষই মনে করছেন না।
এর আগে আরও দুজন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেন। তাঁরা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন। সিনেটে অভিশংসনের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট না পড়ায় শেষ পর্যন্ত তাদের কাউকে ক্ষমতা ছাড়তে হয়নি। হোয়াইট হাউসে বসে যৌন কেলেঙ্কারির অভিযোগে প্রায় ২০ বছর আগে অভিশংসিত হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট বিল ক্লিনটন। আমেরিকার আধুনিক প্রেসিডেন্টদের মধ্যে বিল ক্লিনটন এখনো জনপ্রিয়। মিথ্যা বলে শপথ ভঙ্গ করা এবং বিচারে বাধা সৃষ্টির অভিযোগে তাঁকে অভিশংসিত করা হয়েছিল।
প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর এখন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সিনেটে এ ব্যাপারে শুনানির জন্য সাধারণ সম্মতি নেওয়া শুরু করবে। সিনেটের সংখ্যালঘু ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার তেমনটাই অনুরোধ করেছেন।
রিপাবলিকানরা ফলাও করে প্রচার করছে, কীভাবে অভিশংসন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারের অর্থ সংগ্রহে সুবিধা তৈরি করে দিচ্ছে। সমর্থকেরা তাদের প্রেসিডেন্টের প্রতি আগের চেয়ে জোরেশোরে সমর্থন জানাচ্ছে। নিউজার্সিতে বসবাসরত জর্জ ওয়াকার সাবেক মার্কিন সেনা কর্মকর্তা। এ প্রতিবেদকের কাছে তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে আগামী নির্বাচনে সমর্থনের জন্য তিনি গতবারের চেয়ে বেশি চাঁদা দেবেন। আমেরিকার অস্তিত্বের জন্য ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়া জরুরি বলে মনে করেন প্রান্তিক এক নগরীর এই শ্বেতাঙ্গ সমর্থক।
ডেমোক্র্যাটরা বলছে, এই অভিশংসন ট্রাম্পের ভাবমূর্তিকে কলঙ্কিত করবে, যার ফলে ভোটাররা তাকে ভোট দিতে গিয়ে সংকোচ বোধ করবে। অনেক ডেমোক্র্যাট সমর্থকদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। ১৮ ডিসেম্বর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাতে পানশালা, ক্লাবের আড্ডায় আমেরিকার এই ঐতিহাসিক ইমপিচমেন্টের সাক্ষী হিসেবে উল্লেখ করছেন অনেকেই। রায়হান আহমেদ নামের এক প্রবাসী জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দাঁড়িয়ে একা একাই আনন্দ করছিলেন। ওইদিন মধ্যরাতের হাড় কাঁপানো শীতের মধ্যে দাঁড়িয়ে বললেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্টের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, আমেরিকার সংবিধান কোনো ব্যক্তিকে যা ইচ্ছে তা করার ক্ষমতা দেয়নি। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
তাৎক্ষণিক জনসমীক্ষায় দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে আমেরিকার মানুষের পক্ষে ও বিপক্ষের মতামত অভিশংসন সংক্রান্ত গত কয়েক মাসের নাটকে খুব একটা পরিবর্তন হয়নি।
ইমপিচমেন্টের বিতর্ক ওঠার আগে ২০২০ সালের নির্বাচনে যে রকম হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা ছিল, সে রকম এখনো লড়াই হবে। ডেমোক্র্যাটদের বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায়, সিনেটে ট্রাম্পের অভিশংসিত হওয়ার প্রায় কোনোরকম সম্ভাবনা না থাকলেও তারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে শুধু প্রেসিডেন্টকে তার কৃতকর্মের জন্য দায়ী করার উদ্দেশ্য থেকে।
ক্ষমতার অপব্যবহারের দায়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা না করলে হয়তো তিনি ২০২০ সালের নির্বাচনকে ঘিরে এমন কিছু সিদ্ধান্ত নিতেন যা ডেমোক্র্যাটদের আরও ক্ষতিগ্রস্ত করত। অনেকটা রাজনৈতিক চাপ সৃষ্টির জন্যই ডেমোক্র্যাটদের এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। যদিও ডেমোক্র্যাটদের এমন উদ্যোগ কতটা পাত্তা দেবেন প্রেসিডেন্ট, কতটাই বা তাঁর সমর্থকদের উসকে দেবে—এই রাজনৈতিক খেলা দেখা যাবে নিকট ভবিষ্যতের আমেরিকার রাজনীতির ময়দানে।