বাইডেনের অভিষেক ঘিরে উদ্বেগ, উৎকণ্ঠা আছে আশাবাদও
ভয়াবহ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে ২০ জানুয়ারি অভিষেক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের। দেশের রাজনীতি, অর্থনীতি কোনো কিছুই ঠিক নেই। সবখানেই শঙ্কার কালো ছায়া। একদিকে করোনা মহামারি ও বিপর্যস্ত অর্থনীতি, অন্যদিকে দেশজুড়ে সহিংসতার শঙ্কা—এই হলো জো বাইডেনের অভিষেক মঞ্চ।
বরাবরের মতোই মার্কিন রাজনৈতিক ঐতিহ্য মেনে ২০ জানুয়ারি দুপুরে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এই অভিষেক অনুষ্ঠানের এই একটি বিষয়ই সম্ভবত নিশ্চিতভাবে বলা যাচ্ছে। বাকি সবকিছুই ঘুরপাক খাচ্ছে এক চরম অনিশ্চয়তার মধ্যে। এর মধ্যে সবচেয়ে বড় অনিশ্চয়তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সমর্থকদের ঘিরে।
বাইডেনকে এমন এক সময় দায়িত্ব নিতে হচ্ছে, যখন নতুন করোনাভাইরাস মহামারিতে পুরো দেশ বিপর্যস্ত। কতটা বিপর্যস্ত তা তথ্যের দিকে তাকালেই বোঝা যাবে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যমতে, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে ১৩ জানুয়ারি পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার ২৫৫ জন মারা গেছে। মুশকিল হচ্ছে এই মৃত্যুর ভয়াবহতা এখনো অতীত নয়। করোনার টিকা বাজারে এসেছে। প্রশাসন এই টিকা বিতরণ করছে। কিন্তু তারপরও করোনার বিস্তার ঠেকানো যাচ্ছে না, যাচ্ছে না এ থেকে মৃত্যুও। শুধু ১৩ জানুয়ারিতেই দেশটিতে ৪ হাজার ১৩১ জন কোভিড-১৯ রোগী মারা গেছে।
এ তো গেল করোনার জনস্বাস্থ্যে পড়া প্রভাবের বিষয়টি। কিন্তু এই মহামারি এক চরম অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। বেকারত্ব এমন এক দশায় গেছে, তা আর সামাল দেওয়া যাচ্ছে না। খাদ্য সহায়তার লাইন ক্রমাগত দীর্ঘ হচ্ছে। গৃহহীন হয়ে পড়ছে বিস্তর মানুষ। যাদের কাজ আছে, তাদের একটি বড় অংশেরই আয় কমেছে কর্মঘণ্টা কমে যাওয়ার কারণে। এর সঙ্গে রয়েছে করোনা মহামারির সময়ে ডোনাল্ড ট্রাম্পের ছড়ানো নানা ভ্রান্তিমূলক বক্তব্যের সামাজিক প্রভাব। করোনার টিকা নিয়ে, করোনা মোকাবিলায় নানা স্বাস্থ্য সতর্কতা নিয়ে ট্রাম্প এমন সব বক্তব্য দিয়েছেন, যা শুধু তাঁর সমর্থক গোষ্ঠিকেই নয়, আরও অনেককেই ব্যাপকভাবে প্রভাবিত করেছে। সবচেয়ে বড় যে ক্ষতিটি হয়েছে, তা হলো প্রশাসনের বক্তব্যের ওপর মানুষের এক ধরনের অনাস্থার জন্ম হয়েছে। বাইডেনকে এই করোনার সঙ্গে সঙ্গে এই অনাস্থাকেও মোকাবিলা করতে হবে।
করোনাভাইরাসের কারণে এমনিতেই এবারের প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এখন এমন এক পরিস্থিতির জন্ম হয়েছে যে, ঠিক কী পরিবর্তন করতে হবে, কী হলে সবচেয়ে ভালো হয়, তা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। মূলত ৬ জানুয়ারি বাইডেনের জয় নিশ্চিত করার লক্ষ্যে কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা ও ওই হামলায় ট্রাম্পের উসকানি এই সংশয়ের জন্ম দিয়েছে। এই সংশয় আরও বাড়িয়ে দিয়েছে প্রতিটি অঙ্গরাজ্যে ট্রাম্পের উগ্র সমর্থক ও কট্টর রক্ষণশীলদের দেওয়া বিক্ষোভের হুমকি। এই হুমকি যে উড়িয়ে দেওয়ার মতো নয়, তা এফবিআইয়ের হুঁশিয়ারিতেই স্পষ্ট। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা করে নিরাপত্তা হুঁশিয়ারি দিয়েছে এফবিআই। এই হুঁশিয়ারিকে আমলে নিয়ে প্রতিটি অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তাদের রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সড়ক-মহাসড়কে বসানো হয়েছে তল্লাশিচৌকি। ২০ হাজার ন্যাশনাল গার্ড সদস্যের সঙ্গে অন্তত আটটি অঙ্গরাজ্য থেকে পুলিশের চৌকস দল ওয়াশিংটনে অবস্থান নিয়েছে।
যে অভিষেক উৎসবের আবহ নিয়ে আসার কথা, সেই অভিষেককে ঘিরেই এখন উদ্বেগ ও উৎকণ্ঠার কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্টদের অভিষেক অনুষ্ঠান হয় ক্যাপিটল হিলের ওয়েস্ট ফ্রন্টে। মঞ্চে বিদায়ী প্রেসিডেন্ট ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরা থাকেন। পেছনের গ্যালারিতে উপবিষ্ট থাকেন আইনপ্রণেতাসহ বিশিষ্টজনেরা। আর সামনে থাকেন নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে আসা তাঁর সমর্থক নির্বিশেষে অগণিত জনতা, যাদের অনেকেই শুধু এই অভিষেক অনুষ্ঠানটি চাক্ষুষ করতে বহু দূর থেকে ছুটে আসেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ২০১৭ সালের ২০ জানুয়ারি যখন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প অভিষিক্ত হন, তাঁর পাশে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু এবার এই দৃশ্য দেখবে না কোনো মার্কিন। কারণ, ডোনাল্ড ট্রাম্প আগেই বলে দিয়েছেন বাইডেনের অভিষেক অনুষ্ঠানে তিনি থাকছেন না। তাঁর বদলে সেখানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের থাকার কথা। কিন্তু এখন এই অনুষ্ঠান উন্মুক্ত মঞ্চে করা নিয়েই সংশয় তৈরি হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগে থেকেই সীমিত পরিসরে এবারের অভিষেক অনুষ্ঠান করার কথা ভাবা হচ্ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের দিক থেকে সহিংসতার আশঙ্কা। বাইডেন যদিও জানিয়েছেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত নন। এমনকি নিজের অভিষেক অনুষ্ঠান নিয়েও চিন্তিত নন। তিনি চান যুক্তরাষ্ট্রের মানুষ উঠে দাঁড়াক; এই মুহূর্তেই।
এখন পর্যন্ত যতটা বোঝা যাচ্ছে, এবারের অভিষেক অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ইতিহাসেই নানা বিবেচনায় অনন্য হয়ে থাকবে। গত ১২০ বছরে যুক্তরাষ্ট্রের আর কোনো বিদায়ী প্রেসিডেন্টের খোঁজ পাওয়া যাবে না, যিনি নবনির্বাচিত প্রেসিডেন্টকে শপথ পাঠ করাননি। ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন না জানিয়ে এক অনন্য ঘটনার জন্ম দিয়েছেন। শুরুতে তাঁর এই অংশ না নেওয়াটা সমালোচনার জন্ম দিয়েছিল, ছিল একটা খচখচানি। কিন্তু ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলার পর এ নিয়ে আর কোনো কথা নেই। স্বয়ং বাইডেন বলেছেন, এই প্রথম তিনি ও ট্রাম্প কোনো একটি বিষয়ে সহমত হতে পারলেন। আর তা হলো অভিষেকে ট্রাম্পের উপস্থিত না থাকাটা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের পর এই রেওয়াজে এই প্রথম ব্যত্যয় ঘটছে।
মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এখন পর্যন্ত যতটা জানা গেছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অভিষেক অনুষ্ঠানে জনসমাগম থাকবে নিয়ন্ত্রিত। মোট উপস্থিতি ২ হাজারের মধ্যে রাখার কথা ভাবা হচ্ছে। এর মধ্যে বিশেষ অতিথি থাকবেন ২০০-এর মতো। জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে জীবিত সাবেক মার্কিন প্রেসিডেন্টদের এক মঞ্চে আনার কথা ভাবা হলেও বিষয়টি নিশ্চিত নয়। বিশেষ অতিথিদের নিরাপদ দূরত্ব বজায় রেখে বসানো হবে। অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য করোনা পরীক্ষা করাতে হবে। প্রথা অনুযায়ী প্রতি আইনপ্রণেতার জন্য নিজের ও একজন করে অতিথির জন্য দুটি টিকিটের ব্যবস্থা এবার থাকছে না। সঙ্গে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, যার কথা আগেই উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষকে অভিষেক অনুষ্ঠান ঘরে বসে টেলিভিশনে দেখার অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য সতর্কতা হিসেবে অভিষেকের আগে বিশিষ্টজনদের জন্য ভোজসভা ও পার্টির ব্যবস্থা আগেই বাতিল হয়েছে। অনুষ্ঠান শেষে সামরিক প্রহরায় নতুন প্রেসিডেন্টকে বরাবরের মতোই নিয়ে যাওয়া হবে হোয়াইট হাউসে; কিন্তু রাস্তার দুপাশে সে দৃশ্য দেখতে মানুষের উপচে পড়া ভিড় আর থাকবে না এবার। করোনা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সীমিত করে আনা এই পরিকল্পনাও এমনকি শেষ মুহূর্তে বদলে যেতে পারে।
এবারের এই অভিষেক অনুষ্ঠান ঘিরে হাজার ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা যেমন রয়েছে, তেমনি রয়েছে আশাবাদও। জো বাইডেনই একমাত্র নন, যিনি চরম সংকটকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এর আগে বিখ্যাত তিরিশের মহামন্দার সময় দায়িত্ব নিয়েছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। সে সময় যে আশার বাণী রুজভেল্ট উচ্চারণ করেছিলেন, বাইডেনকেও তেমন করেই আশা দেখাতে হবে এক বিভক্ত, মহামারিতে পর্যুদস্ত ও অর্থনৈতিক সংকটে আকণ্ঠ নিমজ্জিত জাতিকে। বাইডেন এবার নির্বাচনই করেছেন ঐক্যের ডাক দিয়ে, গণতন্ত্রকে তার আপন মহিমায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে। ডোনাল্ড ট্রাম্প যে বিভাজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা কিন্তু তিনি পূর্ণ করেছেন। এখন বাইডেনের পালা। ঐক্য, সমৃদ্ধি, বর্ণবাদমুক্ত ও গণতান্ত্রিক এক যুক্তরাষ্ট্রের যে কথা বাইডেন বলেছেন, তা-ই এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় আশাবাদ। গত চার বছরে ডোনাল্ড ট্রাম্প যে ক্ষতি করেছেন, তা থেকে বাইডেন তাঁর চার বছরের আমলে হয়তো যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ফিরিয়ে আনতে পারবেন না। কিন্তু তিনি একটা নতুন শুরু করতে পারবেন নিঃসন্দেহে। তাঁর সহায় হয়ে আছে, কংগ্রেসের দুই কক্ষে সদ্য পাওয়া ডেমোক্রেটিক দলের সংখ্যাগরিষ্ঠতা, যার উচ্চকক্ষে কিছুদিন পরই উঠবে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিষয়টি।