অভিষেকে কেক নকল করেছেন ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প তাঁর অভিষেকে কেক নকল করেছেন বলে অভিযোগ উঠেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ট্রাম্পের কেকের সঙ্গে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১৩ সালের অভিষেকের কেকের লক্ষণীয় মিল রয়েছে।

২০১৩ সালে ওবামার অভিষেকের কেক বানিয়েছিলেন ডাফ গোল্ডম্যান। এই বিখ্যাত বেকারের ভাষ্য, ট্রাম্পের অভিষেকের কেকটি তাঁর কাছে নকল বলে প্রতীয়মান হয়েছে।
ওবামা ও ট্রাম্পের অভিষেকের কেকের ছবি পাশাপাশি রেখে নিজের টুইটারে পোস্ট দিয়েছেন গোল্ডম্যান।
ছবির নিচে গোল্ডম্যান লিখেছেন, বাঁ পাশের কেকটি তাঁর তৈরি। চার বছর আগে ওবামার অভিষেকের জন্য কেকটি তৈরি করেছিলেন তিনি। আর ডান পাশের কেকটি ট্রাম্পের অভিষেকের। এই কেক তিনি তৈরি করেননি।
ওবামা ও ট্রাম্প উভয়ের অভিষেকের কেক নয় স্তরের। বিভিন্ন দিক দিয়ে কেক দুটির মধ্যে মিল লক্ষ করা গেছে।
ওয়াশিংটন ডিসির বাটারক্রিম বেকশপের ভাষ্য, ট্রাম্পের অভিষেকের কেকটি তারাই বানিয়েছে।
বাটারক্রিম বেকশপের মালিক টিফানি ম্যাকআইজ্যাক বলেন, ক্রেতা ওবামার অভিষেকের কেকের একটি ছবি নিয়ে আসেন। তিনি তাঁদের ছবির হুবহু কেক তৈরির ফরমাশ দেন।
২০ জানুয়ারি অভিষেকের আনুষ্ঠানিকতায় আর্মড সার্ভিসেস বলে কেক কাটেন ট্রাম্প ও তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।