অভিষেকে থাকছেন না তারকারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলটন জন
এলটন জন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে দেশসেরা গায়ক, কবি ও শিল্পীদের উপস্থিতি বরাবরই আলো ছড়িয়েছে। ২০০৯ ও ২০১৩ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেকে অংশ নিতে সেরা শিল্পীদের মধ্যে হুড়োহুড়িই পড়ে গিয়েছিল। কিন্তু এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে হয়তো তেমনটা না-ও হতে পারে। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি তিনি শপথ নেবেন।

সেলিনে ডিওন
সেলিনে ডিওন

জানা গেছে, হাতে গোনা যে কজন শিল্পী ওই অনুষ্ঠানে যাবেন বলে সম্মতি জানিয়েছেন, তাঁরা কেউই ‘এ গ্রেডের’ নন। ব্যাপারটা ট্রাম্পকে এতটা ব্যথিত করেছে যে তিনি ঘোষণাই দিয়েছেন, তাঁর অভিষেক অনুষ্ঠানে কোনো তারকার উপস্থিতি চান না তিনি।
তার মানে এই নয় যে ট্রাম্পের পক্ষ থেকে তারকাদের টানার চেষ্টা করা হয়নি। হলিউডের ও মার্কিন পপ জগতের অনেকের সঙ্গেই যোগাযোগ করা হয়েছিল, যাঁদের কেউ কেউ প্রথম দিকে উপস্থিত থাকতে সম্মতিও দিয়েছিলেন। কিন্তু তাঁদের নাম প্রকাশ হতে না হতেই চারপাশে নিন্দা আর প্রতিবাদের ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অনেকেই পরে ওই অভিষেক অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই তারকাদের তালিকায় রয়েছেন, পপ তারকা এলটন জন ও সেলিনে ডিওন, কান্ট্রি মিউজিশিয়ান গার্থ ব্রুকস এবং বিশ্বখ্যাত অপেরা গায়ক আন্দ্রেয়া বচেলি। এ ছাড়া পপ তারকা জাস্টিন টিম্বারলেক, ব্রুনো মারস, ক্যাটি পেরি ও এরিথা ফ্রাঙ্কলিনও উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন।

আন্দ্রেয়া বচেলি
আন্দ্রেয়া বচেলি

এদিকে যেসব তারকা প্রথমে অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছিলেন, তাঁদের কেউ কেউ সে কারণে এখন সমর্থকদের রোষের শিকার হচ্ছেন। আলাবামার আফ্রিকান-আমেরিকানদের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান টালাগেডা কলেজের মার্চিং ব্যান্ড অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে প্রথমে খুশিই হয়েছিল। যেকোনো কলেজের জন্যই এই আমন্ত্রণ গর্বের। কিন্তু কলেজ কর্তৃপক্ষ সে আমন্ত্রণ গ্রহণ করার সঙ্গে সঙ্গেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে এই নিয়ে এখন চলছে তুমুল বাগ্বিতণ্ডা।
হলিউড ও পপ জগতের নামজাদা তারকাদের কাছ থেকে ‘না’ জবাব পেয়ে বেজায় খেপেছেন ট্রাম্প। ক্রোধের বশে তিনি অসম্মতি জানানো তারকাদের ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছেন। এক টুইট বার্তায় তিনি জানান, অভিষেক অনুষ্ঠানে কোনো তারকা নয়, তিনি চান, ‘সাধারণ মানুষ’ অংশ নিক। হলিউডের অধিকাংশ নামজাদা তারকা নির্বাচনে ডেমোক্রেটিক দলের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন করেছেন ইঙ্গিত করে ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘দেখলেন তো, এই সব তারকার জন্য হিলারির কী দশা হলো!’ এর জবাবে সুপার মডেল ক্রিসি টেইগেন লিখেছেন, ‘আমরা ভালোই করে জানি, আমাদের সমর্থন পেতে আপনি কতটা মরিয়া।’

গার্থ ব্রুকস
গার্থ ব্রুকস

শুধু পপ ও হলিউডের তারকারাই নন, নামকরা ফ্যাশন ডিজাইনাররাও অভিষেক অনুষ্ঠান বয়কট করছেন। তাঁরা ট্রাম্প বা তাঁর স্ত্রী মেলানিয়ার জন্য বিশেষ পোশাক বানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তাঁদের মধ্যে টম ফোর্ড, মার্ক জ্যাকবস ও ক্রিস্টিনা সিরিয়ানোর মতো বিখ্যাত ডিজাইনাররা উল্লেখযোগ্য। এমনকি মেলানিয়া ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত ডিজাইনার আন্দ্রে লিওন ট্যালিও জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের মতো মানুষের কোনো কাজের সঙ্গে তিনি যুক্ত হতে চান না।
তবে সবাই যে ‘না’র তালিকায় রয়েছেন, তা নয়। ট্রাম্পের দপ্তর থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যাঁরা উপস্থিত থাকতে সম্মত হয়েছেন, তাঁদের মধ্যে ১৬ বছর বয়সী অপেরা গায়িকা জ্যাকি ইভাঞ্চো ও মরমন সম্প্রদায়ের একটি গির্জার কোরাস গায়কদল উল্লেখযোগ্য। এ ছাড়া স্যাটার ডে নাইট লাইভ অনুষ্ঠানে ট্রাম্পের ভূমিকায় ব্যঙ্গাত্মক অভিনয় করে ট্রাম্পের রোষের শিকার হওয়া আলেক বোল্ডউইন বলেছেন, দাওয়াত পেলে তিনি যাবেন, তবে শর্ত আছে। কপট গাম্ভীর্যে তিনি জানিয়েছেন, শর্তটা হলো, ‘আমাকে “হাইওয়ে টু হেল” গানটি গাইতে দিতে হবে’।