অভিসার থেকে কারাগারে!

প্রেমিক বা প্রেমিকার সঙ্গে প্রথমবারের মতো অভিসারে যাওয়া নিশ্চয়ই রোমাঞ্চকর বিষয়। কিন্তু জীবনের প্রথম অভিসারে গিয়েই যদি বেধে যায় বিপত্তি! এর জেরে যদি কারাগারে যেতে হয়, গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা, তাহলে নিশ্চয়ই তা সুখকর কিছু নয়। অভিসারে গিয়ে এমনই অপ্রীতিকর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে।
টাইম ডটকমের প্রতিবেদনে বলা হয়, অভিসারে গিয়ে অপ্রীতিকর ঘটনার অভিযোগে গত শনিবার ২৯ বছর বয়সী প্রেমিকা লিন্ডি লউ লেমানকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, অ্যান্থনি বুজবি নামের এক তরুণ আইনজীবীর সঙ্গে ডালাস এলাকার লিন্ডি লউ লেমান নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি লিন্ডি প্রথমবারের মতো অ্যান্থনির বাসায় অভিসারে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে অতিরিক্ত মদ্যপান করে বেসামাল হয়ে যান লিন্ডি। এ কারণে একটি উবার ডেকে তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন অ্যান্থনি। কিন্তু তিনি কিছুতেই যাবেন না বলে জেদ ধরেছিলেন। একসময় বাসা থেকে বের হয়েই আবারও অ্যান্থনির বাসায় ঢুকে লুকিয়ে পড়েন লিন্ডি। অ্যান্থনি আবারও উবার ডাকেন, এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বেশ কিছু বিখ্যাত চিত্রকর্ম ও ভাস্কর্যের ওপর ওয়াইন ছুঁড়ে মারেন লিন্ডি। এ সময় বিখ্যাত চিত্রকর অ্যান্ডি ওয়ারহোলের সবচেয়ে দামি দুটি চিত্রকর্ম নষ্ট হয়ে যায়। এ ঘটনায় প্রেমিকা লিন্ডির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন অ্যান্থনি।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রেমিকা লিন্ডি লউ লেমানের বিরুদ্ধে মোট তিন লাখ ডলার মূল্যের চিত্রকর্ম নষ্ট করার অভিযোগ করেছেন প্রেমিক অ্যান্থনি।
আদালতে আইনজীবী বলেন, ৩০ হাজার ডলার মুচলেকা দিয়ে লিন্ডি জামিন নিয়েছেন। আগামী বৃহস্পতিবার তাঁকে আবারও আদালতে হাজির হতে হবে।
লিন্ডির বিরুদ্ধে তিন লাখ ডলার মূল্যের চিত্রকর্ম নষ্ট করার অভিযোগ আনা হলেও তিনি এর চেয়ে বেশি মূল্যের চিত্রকর্ম ও ভাস্কর্যের ক্ষয়ক্ষতি করেছেন। কারণ, নষ্ট হওয়া অ্যান্ডি ওয়ারহোলের চিত্রকর্ম দুটির মূল্য প্রায় ১০ লাখ ডলার। এ ছাড়া তিনি অ্যান্থনির ঘরে থাকা ২০ হাজার ডলার মূল্যের দুটি ভাস্কর্যও ভেঙে ফেলেছেন।