অরল্যান্ডোর বন্দুক হামলা নিয়ে রাজনীতি শুরু
ফ্লোরিডার অরল্যান্ডোর নাইট ক্লাবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা নিয়ে মার্কিন রাজনীতিকদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি শুরু হয়েছে। এ ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট বারাক ওবামা যে বিবৃতি দিয়েছেন, এক টুইটার বার্তায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাকে ‘লজ্জাজনক’ অভিহিত করে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন।
প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউস থেকে সরাসরি প্রচারিত এক বিবৃতিতে অরল্যান্ডোর বন্দুক হামলাকে ‘একটি সন্ত্রাসী ও ঘৃণাপূর্ণ ঘটনা’ অভিহিত করেন। তিনি বলেন, ‘অরল্যান্ডোর নাগরিকদের সঙ্গে আমরা আছি—আজ, আগামীকাল ও আসন্ন সব সময়ে তাদের পাশে থাকব।’ ওবামা আরও বলেন, ‘আমেরিকান হিসেবে আমাদের পরিচয় ও মূল্যবোধ এ ধরনের কোনো সন্ত্রাসী হামলার ঘটনায় পরিবর্তিত হবে না।’
সিবিএস টিভি বলেছে, ওবামা তাঁর শাসনামলে এ নিয়ে ২০ বার বন্দুক হামলার পর বিবৃতি দিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে বক্তব্য দিলেন। রিপাবলিকান দলের বিরোধিতার মুখে এ পর্যন্ত তাঁর সরকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণে সক্ষম হয়নি।
ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ওবামার কথার প্রতিধ্বনি করে এ ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেন। তিনি যুক্তরাষ্ট্রের ওপর সব ধরনের হুমকি, তা দেশে বা বিদেশে—যেখান থেকেই আসুক না কেন, তার মোকাবিলায় দ্বিগুণ শক্তি ব্যবহারের পক্ষে যুক্তি দেখান।
ডেমোক্রেটিক পার্টির অপর প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স ঘটনার বিষয়ে সব তথ্য না জানা পর্যন্ত এটি একটি সন্ত্রাসী হামলা, নাকি কোনো অসুস্থ ব্যক্তির কাণ্ড, সে বিষয়ে মত দেওয়া থেকে বিরত থাকা উচিত বলে মত দেন।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এ হামলায় একজন মুসলমান জড়িত, সে কথা উল্লেখ করে এক টুইটার বার্তায় মুসলমানদের ব্যাপারে এর আগে সাবধানবাণী উচ্চারণ করার জন্য নিজেকেই অভিনন্দিত করেন। প্রেসিডেন্ট ওবামা তাঁর বিবৃতিতে ‘কট্টরপন্থী ইসলাম’ কথাটি ব্যবহারে বিরত ছিলেন, সে কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ওবামার এই বিবৃতি ‘লজ্জাজনক’। শুধু এই একটি কারণেই তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত।