যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো গত বৃহস্পতিবারও বিক্ষোভ হয়েছে। ওয়াশিংটন, মেরিল্যান্ডের বাল্টিমোর, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সানফ্রান্সিসকো, ওকল্যান্ড এবং পোর্টল্যান্ডের অরেগনসহ অনেক বড় শহরেই বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজারো মানুষ। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে অরেগনে।
বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বুধবার কিছু না বললেও বৃহস্পতিবার টুইটারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘খোলামেলা এবং সফল এক প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। এখন সংবাদমাধ্যমের উসকানিতে পেশাদার বিক্ষোভকারীরা বিক্ষোভ করছে।’ পরে অবস্থান কিছুটা পাল্টে তিনি আরেক টুইটে লেখেন, ‘গত রাতে ছোট ছোট দলে অনেকে বিক্ষোভ করেছে, মহান এ দেশের প্রতি তাদের আবেগ দেখে ভালো লেগেছে। আমরা সবাই একতাবদ্ধ হয়ে গর্বিত হব।’
নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্পের বাসভবন ট্রাম্প টাওয়ার এবং ওয়াশিংটনে ট্রাম্পের হোটেল বিক্ষোভকারীদের ক্ষোভ দেখানোর প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। এই দুই স্থাপনায় ব্যারিকেড বসাতে বাধ্য হয়েছে পুলিশ।
বেশির ভাগ শহরে আগের দিনের তুলনায় বৃহস্পতিবারের বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও অরেগনে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া এবং দোকানপাট ও গাড়ির কাচ ভাঙা হয়েছে। এ ছাড়া বিক্ষোভকারীরা গাড়ি এবং ভবনে রং ছিটিয়ে দিয়েছে। প্রায় চার হাজার বিক্ষুব্ধ মানুষ এই শহরে বিক্ষোভ করে। একটি স্থানে হামলায় একটি শোরুমে থাকা কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে টুইটারে জানিয়েছে পোর্টল্যান্ড পুলিশ। এই অঙ্গরাজ্যের বিক্ষোভকে আনুষ্ঠানিকভাবে ‘দাঙ্গা’ বলে অভিহিত করেছে পুলিশ। বিক্ষোভের সময় ২৬ জনকে আটক করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের কেন্দ্রে বিক্ষোভের সময় অন্তত ৩৫ জনকে আটক করেছে পুলিশ। তাঁরা সেখানে যান চলাচল বন্ধ করে সড়কের ওপর বসে পড়েছিলেন।
মিনেসোটার মিনিয়াপোলিস শহরে বিক্ষোভকারীরা পুলিশের উপস্থিতিতে আন্ত-অঙ্গরাজ্য মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। বাল্টিমোরেও প্রায় ছয় শ বিক্ষোভকারী সমাবেশ করার সময় কয়েকটি সড়কে বসে পড়ে যান চলাচলে বাধা দেয়। এই শহরে দুজনকে আটক করা হয়েছে। কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে বিক্ষোভ করেছেন প্রায় তিন হাজার মানুষ। টেক্সাসের ডালাসেও বিক্ষোভ হয়েছে।
সানফ্রান্সিসকোতে প্রায় এক হাজার শিক্ষার্থী সমাবেশ করেছেন। এ সময় তাঁরা সড়ক অবরোধসহ ট্রাম্পবিরোধী নানা স্লোগান দেন। বিক্ষোভে যোগ দেওয়া পামেলা ক্যামপস নামের এক শিক্ষার্থী সানফ্রান্সিসকো ক্রনিকলকে বলেন, ‘বিক্ষোভ করছি কারণ, আমরা নিজেদের অধিকার রক্ষায় এক হয়েছি। ডোনাল্ড ট্রাম্প একজন বর্ণবাদী। তিনি অভিবাসী এবং মুসলিমদের আক্রমণ করে কথা বলেছেন। গতকাল আমি আমার সব সহপাঠীকে কাঁদতে দেখেছি।’ ডেইজি রিভেরা নামের আরেক বিক্ষোভকারী বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, আমরা বর্ণবাদী, অভিবাসী-আতঙ্কে ভোগা এবং নারীবিদ্বেষী এক প্রেসিডেন্ট পেয়েছি।’
হোয়াইট হাউসে বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের পর শতাধিক বিক্ষোভকারী মার্কিন প্রেসিডেন্টের বাসভবন থেকে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল পর্যন্ত মিছিল করেন। এ সময় ‘ঘৃণা নয়! ভয় নয়! অভিবাসীদের স্বাগত’ বলে স্লোগান দেন তাঁরা। তাঁদের হাতে ‘ট্রাম্পকে অভিশংসিত করো’ এবং ‘আমার প্রেসিডেন্ট নয়’ লেখা প্ল্যাকার্ডও ছিল। এ ছাড়া শিকাগোসহ আরও কয়েকটি বড় শহরে বিক্ষোভ হয়েছে।