অর্থ ঢালছেন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের লোকেরা
আসন্ন মার্কিন নির্বাচন সামনে রেখে মেইন ও নেভাদা অঙ্গরাজ্যে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের লোকেরা লাখ লাখ অর্থ ঢালছেন। বলা হচ্ছে, মার্কিন কংগ্রেসে বছরের পর বছর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থতার পর অঙ্গরাজ্য পর্যায়ে তা জয়ী করার চেষ্টা চলছে।
নির্বাচনকে উপলক্ষ করে নতুন করে আগ্নেয়াস্ত্র বিক্রির প্রেক্ষাপট বিচার-বিবেচনা করে দেখার নিয়ম চালু করার উদ্যোগে প্রচুর পরিমাণে অর্থ ঢালার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বিবেচিত হচ্ছে এর পক্ষের লোকদের জন্য বড় এক সাফল্য বলে।
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য নিউইয়র্কের সাবেক মেয়র ও ধনকুবের মাইকেল ব্লুমবার্গ ‘এভরিটাউন ফর গান সেফটি’ নামে একটি গ্রুপ বা সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এই সংগঠনটি এ ইস্যুতে আড়াই কোটি মার্কিন ডলার দেশব্যাপী খরচের চিন্তাভাবনা করছে, যা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের করা খরচের প্রায় সমান। উল্লেখ্য, রাইফেল অ্যাসোসিয়েশনটি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য টেলিভিশন বিজ্ঞাপনে প্রচুর অর্থ ঢেলেছে।
মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে জনগণের আগ্নেয়াস্ত্র রাখার অধিকার নিশ্চিত করা আছে। যেটিতে নিয়ন্ত্রণের উদ্যোগ নিলেই সরব হয়ে ওঠে আগ্নেয়াস্ত্রের অধিকারের পক্ষের লোকেরা, যারা কিনা আবার রিপাবলিকান দলেও ব্যাপক প্রভাবশালী।
গত অক্টোবরের শেষে নিউ হ্যাম্পশায়ারের এক বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা যায়, মেইনের ৫২ শতাংশ লোক অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে এবং ৪৩ শতাংশ বিপক্ষে। এ বিষয়ে নেভাদায় দুটি জরিপের ফলাফলে দেখা যায়, অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে যথাক্রমে ১৬ শতাংশ ও ২৫ শতাংশ বেশি ভোট পড়েছে। দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনের ভোটাররাও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষেই যাবেন এবং বিভিন্ন জনমত জরিপও বলছে, চারটি অঙ্গরাজ্যেই তা পাস হওয়ার কথা।