অর্থনীতিতে এখনো এগিয়ে আমেরিকা

অর্থনৈতিক দিক দিয়ে বর্তমানে বিশ্বে আমেরিকার অবস্থান এখনো প্রথম। তবে তার ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে চীন। একটি দেশের অর্থনৈতিক অবস্থা কেমন, তার অন্যতম সূচক মোট দেশজ উৎপাদন (জিডিপি)। জিডিপি প্রবৃদ্ধি শক্তিশালী হলে এর ইতিবাচক প্রভাব পড়ে কর্মসংস্থান, মজুরি ও ভোক্তাদের ব্যয়ের ওপর।
অর্থনৈতিক দিক দিয়ে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। আমেরিকার জিডিপি বৈশ্বিক অর্থনীতির প্রায় ৩৩ দশমিক শূন্য ৬ শতাংশ। আমেরিকার ওপর বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। চীন, কানাডা, মেক্সিকো, জাপান ও জার্মানি থেকে আমেরিকা সবচেয়ে বেশি পণ্য আমদানি করে। ২০১৯ সালে আমদানি করা পণ্যের প্রায় ৫৮ শতাংশ এই পাঁচটি দেশ থেকে আমদানি করা হয়। আমেরিকার সঙ্গে বিরোধ দেখা দিলে এসব দেশের অর্থনীতিতে স্বাভাবিকভাবেই বিরূপ প্রভাব পড়ে। ২০১৮ সালে চীন থেকে প্রায় ৫৩৯ দশমিক ৫ বিলিয়ন ডলার পণ্য আমদানি করেছিল আমেরিকা। গত বছরের মাঝামাঝি সময়ে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের জেরে দু দেশের ওপরই নেতিবাচক প্রভাব পড়ে। দু দেশের শেয়ারবাজার বিপুল ক্ষতির সম্মুখীন হয়।
ট্রেডিং ইকোনমিকস থেকে পাওয়া তথ্যমতে, ২০১৯ সালের ডিসেম্বরে আমেরিকার জিডিপি প্রবৃদ্ধি ছিল প্রায় ২ দশমিক ১ শতাংশ, সেপ্টেম্বর পর্যন্ত যা ছিল প্রায় ২ শতাংশ। ব্যক্তিগত ব্যয়, ফেডারেল সরকারের ব্যয়, আবাসিক বিনিয়োগ, রপ্তানি, অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের ব্যয় ইত্যাদি জিডিপির ওপর প্রভাব রেখেছে। ১৯৪৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমেরিকায় জিডিপি প্রবৃদ্ধির গড় প্রায় ৩ দশমিক ২১ শতাংশ। আমেরিকার ইতিহাসে ১৯৫০ সালের শুরুতে এ হার সর্বোচ্চ ১৬ দশমিক ৭ শতাংশ ও ১৯৫৮ সালের শুরুতে সর্বনিম্ন শূন্যের নিচে ১০ শতাংশ ছিল।
রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি বিভিন্ন কারণেই অন্য উন্নত দেশের মতোই আমেরিকার জিডিপিও বিগত দুই দশক ধরে নিম্নমুখী। ২০০০ সালের পর থেকে আমেরিকার জিডিপি কখনোই ৫ শতাংশের বেশি অতিক্রম করেনি। এ সময়কালে ২০০৪ সালে সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৮ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক পরিপক্বতা, ঋণ, দেউলিয়াত্ব, প্রযুক্তির উদ্ভাবন না ঘটা ইত্যাদি বিভিন্ন কারণে গত দুই দশক ধরে আমেরিকার জিডিপি প্রবৃদ্ধির হার কমেছে। এ অবস্থায় আরেকটি অর্থনৈতিক মন্দা দেখা দিলে এ হার আশঙ্কাজনকভাবে কমবে। আর তেমনটি হলে এর সরাসরি প্রভাব পড়বে কর্মসংস্থান থেকে শুরু করে অর্থনীতির সবগুলো ক্ষেত্রেই।
২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে জিডিপি প্রবৃদ্ধি কমেছে প্রায় দশমিক ৮ শতাংশ পয়েন্ট। জি-২০ এর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত জিডিপির দিক দিয়ে আমেরিকার অবস্থান ছিল তৃতীয়। এ তালিকায় ৩ দশমিক শূন্য ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ইন্দোনেশিয়ার অবস্থান প্রথম। ২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে সিঙ্গাপুর রয়েছে দ্বিতীয় অবস্থানে।
২০১৯ সালে সর্বমোট জিডিপির পরিমাণ ছিল প্রায় ২০ হাজার ৪৯৪ বিলিয়ন ডলার, যা বিশ্বে প্রথম। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের জিডিপির পরিমাণ প্রায় ১৪ হাজার ১৪০ বিলিয়ন ডলার। আমেরিকার মাথাপিছু জিডিপি ছিল প্রায় ৫৪ হাজার ৫৪১ ডলার। বিশ্বে প্রথম অবস্থানে থাকা লুক্সেমবার্গের মাথাপিছু জিডিপি ছিল প্রায় ১ লাখ ডলার।
অর্থনীতির শক্তি বিবেচনায় আক্ষরিক অর্থেই আমেরিকার ঘাড়ে নিশ্বাস ফেলছে চীন। বিভিন্ন গবেষণার তথ্য বলছে, ২০২৪ সালের দিকে চীনের জিডিপির পরিমাণ আমেরিকাকে ছাড়িয়ে যাবে। কারণ, এই একই সময়ে আমেরিকার অর্থনীতি পিছু হটতে পারে। অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হওয়ায় আপাতদৃষ্টিতে আমেরিকার অর্থনৈতিক মন্দাবস্থা অনেকের চোখে পড়ে না।