অর্থের স্বাস্থ্য পরিচর্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় পড়েছি অর্থই অনর্থের মূল। আসলেই কি সত্যি? টাকা-পয়সাকে হাতের ময়লা মনে করলেও বাস্তব জীবনে টাকা-পয়সার প্রয়োজন রয়েছে। শারীরিক স্বাস্থ্য পরিচর্যার পাশাপাশি টাকা-পয়সার স্বাস্থ্যের পরিচর্যার প্রয়োজন। তাই সুস্বাস্থ্যের পাশাপাশি টাকা-পয়সা স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। টাকা-পয়সার স্বাস্থ্য বলতে প্রকৃতপক্ষে কী বোঝায়? শত কোটি টাকা আর অর্থ-বিত্ত-বৈভব অর্থ বোঝায় না, বরং প্রয়োজনের নিমিত্তে যা প্রয়োজন সেটার সামর্থ্যকেই বোঝায়। সুস্বাস্থ্যের জন্য যেমন নিয়মিত ব্যায়াম, খাদ্যাভ্যাস, রুটিন মাফিক জীবনযাপন করতে হয়, তেমনি অর্থনৈতিক স্বাস্থ্যবান হতে হলেও কিছু নিয়মকানুন মেনে চলতে হবে।

বাজেট অনুযায়ী আয়-ব্যয়

অর্থনৈতিকভাবে সফলতার জন্য সর্বাগ্রে প্রয়োজন বাজেট তৈরি করা। নিত্যদিনের প্রয়োজন মেটাতে আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট তৈরি করতে হবে। বাজেটের বাইরে ব্যয় করা যাবে না। প্রতি মাসে কত টাকা খরচ তা হিসাব করে রাখতে হবে এবং সে অনুযায়ী খরচ করে রাখতে হবে। অনুদান, উপহার প্রদান কিংবা বাইরে রেস্টুরেন্টে খেতে যাওয়াও বাজেটের মধ্যে থাকতে হবে।

ঋণ পরিশোধ

ক্রেডিট কার্ড বা অন্যান্য বকেয়া ঋণের ক্ষেত্রে শুধু মাসিক মিনিমাম পেমেন্ট পরিশোধ করলেই ঋণ মুক্ত হওয়া যাবে না। ঋণের পরিমাণ কমাতে হবে। মাসিক মাসিক কিস্তির পাশাপাশি মূল অংশের পরিমাণ কমানোর জন্য প্রিন্সিপাল অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে। ঋণ কমলে সঞ্চয় বেশি হবে। ক্রেডিট কার্ডের চক্রে পড়ে শুধু ঋণ বৃদ্ধি করা যাবে না, বরং ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য স্মার্ট হতে হবে।

ব্যাংক হিসাবে নজরদারি

ব্যাংকের হিসাব কিংবা ক্রেডিট কার্ড নিয়মিতভাবেই মাসিক স্টেটমেন্ট প্রেরণ করে, যা নিয়মিতভাবে নজরদারি করতে হবে। বর্তমানে ব্যাংক বিভিন্ন গ্রাফের মাধ্যমে ব্যয় উপস্থাপন করে। এটা পর্যবেক্ষণ করে অযথা বেশি খরচ কমাতে হবে। আমরা খরচ করার সময় টের পাই না কিন্তু মাসের হিসাব করার সময় ব্যাংক হিসেবে দেখলে প্রকৃতপক্ষে অতিরিক্ত খরচ বোঝা যায়। সুতরাং ক্রেডিট কার্ড স্টেটমেন্ট কিংবা ব্যাংক হিসাব নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী খরচ কমাতে হবে।

জরুরি ফান্ড তৈরি

অনিশ্চিত জীবনে কখন অর্থনৈতিক দুর্দশায় পড়তে হবে সেটা আমরা কেউই জানি না। চাকরি হারানো, ব্যবসা মন্দা কিংবা অর্থনৈতিক দুর্দশা জনজীবনকে যেন ব্যর্থ করে না দিতে পারে, সে জন্য জরুরি ভিত্তিতে আলাদা ফান্ড তৈরি করতে হবে। এখন সঞ্চয়কেও ব্যয়ের একটি অংশ হিসেবে ধরতে হবে। সঞ্চয়কে প্রাধান্য দিয়ে অন্ততপক্ষে ছয় মাসের জন্য জরুরি ফান্ড তৈরি করতে হবে।

লুকায়িত সঞ্চয় করতে হবে

সফল ব্যক্তিরা তিন ধরনের হিসাব তৈরি করেন। প্রথম হিসাবে থাকে তাঁদের নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় খরচ, মাসিক বিল, বাড়ি ভাড়া ইত্যাদি। দ্বিতীয় হিসাবে থাকে বিনিয়োগ হিসাব, যেখানে বিভিন্ন জায়গায় প্রতি মাসে সঞ্চয়ের দ্বারা বিনিয়োগ করে থাকেন। তৃতীয় হিসাবে স্বপ্ন পূরণের বিষয়াদি থাকে, যেমন—ছুটিতে বেড়াতে যাওয়া, ভ্রমণ এবং শখ পূরণ ইত্যাদি। এই তিন ধরনের হিসাবে আপনার প্রতি মাসে কত টাকা লাগবে তা নিজেকে নির্ধারণ করতে হবে।

স্বয়ংক্রিয় বিল-পে

ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করলে নির্ধারিত সময় পর্যন্ত সুদমুক্ত ভাবে বিল পরিশোধ করা যায়। প্রতিটি ব্যাংক কিংবা ক্রেডিট কার্ড কোম্পানি স্বয়ংক্রিয় বিল পে পদ্ধতি ব্যবহার করে। সবটুকু বিল পরিশোধ করে দিতে হবে, এতে ক্রেডিট স্কোর ভালো থাকবে এবং নিয়মিতভাবে বিল পরিশোধ করা হবে। ক্রেডিট কার্ড কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন অফার যেমন—ক্যাশব্যাক ও পয়েন্ট দিয়ে থাকে। এগুলো ব্যবহার করে লাভবান হওয়া যাবে। ব্যাংক কিংবা ক্রেডিট কার্ড কোম্পানি সঞ্চয় করার জন্য বিভিন্ন উপায় পরামর্শ দেয়, তা গ্রহণ করা যেতে পারে।

নিজের অবস্থান অনুযায়ী খরচ করুন

সৌভাগ্যক্রমে রোলস রয়েস গাড়ি কিংবা রোলেক্স ঘড়ি কেনার সামর্থ্য আসে, এটি কেনা ঠিক হবে কিনা সেটা বিবেচনায় নিতে হবে। একটি গাড়ি কিংবা বিলাসী পণ্য জীবনকে পাল্টে দেবে কিনা সেটা সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। লক্ষ্য-উদ্দেশ্য সামনে রেখে সাময়িক বিলাসিতাকে ছাড়তে হবে। কোনো কিছু অর্জন করার চেয়ে বরং সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য নিজের যথেষ্ট পরিমাণে সামর্থ্য আছে কিনা, তা বিবেচনা করতে হবে। সময় নির্ধারণ করে দেবে কোনটা আপনার সঙ্গে মানানসই। ধৈর্য এবং প্রজ্ঞার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।

অবসরজীবনের জন্য পরিকল্পনা করুন

ভবিষ্যতে কী হবে তা ভেবে আমরা যে পরিমাণে দুশ্চিন্তা করি, তার অল্প পরিমাণও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য খরচ করি না। দুশ্চিন্তা করে কিছু হবে না, বরং পরিকল্পনা করে কাজ করলেই ভবিষ্যৎ সুনিশ্চিত থাকবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবার কাজ করার সামর্থ্য কমে আসবে। জীবনে কত বছর বয়সে অবসর গ্রহণ করতে চাই এবং অবসর সময় কীভাবে কাটাতে চাই সেটা পূর্বেই নির্ধারণ করতে হবে। অবসরকালীন অর্থনৈতিক দুর্দশা থাকলে সেটা হবে দুর্বিষহ, কারণ তখন চাইলেও কিছু করা যাবে না। সুতরাং ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা না করে অবসরকালীন প্ল্যান তৈরি করে সঞ্চয় করতে হবে। যেন অন্য কারও ওপর নির্ভরশীল না হয়ে অবসরকালীন সময়টা সুন্দরভাবে অতিবাহিত করা যায়।

স্বাস্থ্যই সকল সুখের মূল প্রবাদ প্রবচনের সঙ্গে আমরা যোগ করতে পারি সব ধরনের স্বাস্থ্যই সকল সুখের মূল। এটি হতে পারে অর্থনৈতিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য কিংবা শারীরিক স্বাস্থ্য। এই তিন ধরনের স্বাস্থ্যের জন্য পরিকল্পনা মাফিক জীবনযাপন করলে দুশ্চিন্তা পরিহার করে কর্ম সম্পাদনের মাধ্যমে ভবিষ্যতে সুখ এবং সমৃদ্ধি আনা সম্ভব।