অলংকৃত মানচিত্রে ২০ শতকের আমেরিকা
কী সমর, কী বাণিজ্য, আমেরিকা এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে সারা বিশ্বে রাজত্ব করছে দীর্ঘদিন ধরে। এর একেকটি অঙ্গরাজ্য বিশ্ববাসীর সামনে হাজির হয়েছে একেক বৈশিষ্ট্য নিয়ে। সারা বিশ্বের সামনে দেশটি যে সমগ্রতা নিয়ে আজকের দিনে হাজির তা একদিনে গড়ে ওঠেনি। রয়েছে বিস্তৃত ইতিহাস। খটমট ইতিহাস পাঠে যাদের অরুচি রয়েছে, তারা ঘুরে আসতে পারেন দেশটির অলংকৃত মানচিত্রে গ্যালারি থেকে। বিভিন্ন অঙ্গরাজ্যের উত্থানকালের ভিত্তিভূমি চিহ্নিত নান্দনিক এসব মানচিত্র আপনাকে অন্তত দেশটির আজকের অবস্থানে আসার চালিকা শক্তিগুলো চিনিয়ে দিতে পারবে। ভূগোলবিদ স্টিফেন জে হর্নসবাই তার নতুন বই ‘পিকচারিং আমেরিকা: দ্য গোল্ডেন এইজ অব পিক্টোরিয়াল ম্যাপস’-এ মার্কিন ইতিহাসকে তুলে এনেছেন প্রাচীন সব নান্দনিক মানচিত্রের বয়ানে।
ক্যালিফোর্নিয়াবাসীর চোখে আমেরিকার মানচিত্র
ভূগোলবিদ ওরেন আর্নল্ড ১৯৪৭ সালে এ সচিত্র মানচিত্রটি আঁকেন। এতে সে সময়ের আমেরিকাকে তুলে ধরা হয়েছে অঙ্গরাজ্যভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আলোকে। এতে ক্যালিফোর্নিয়া ছাড়া আমেরিকার অন্য সব অঞ্চলকে চিত্রিত করা হয়েছে গবাদি চারণভূমি হিসেবে। আর এ কারণে সমালোচনাও কম হয়নি। তবে এসব সমালোচনার ঊর্ধ্বে মানচিত্রটির নান্দনিক দিকটিই শেষ পর্যন্ত প্রধান হয়ে ওঠে।
ম্যানহাটনের ওয়ান্ড্রাস আইল্যান্ডের মানচিত্র
সিভি ফ্যারোর আঁকা ম্যানহাটনের ওয়ান্ড্রাস আইল্যান্ডের এ মানচিত্রটি আমেরিকার উন্নয়নের অগ্রযাত্রার নিদর্শন হিসেবে দেখা সহয়। ১৯২৬ সালে আঁকা মানচিত্র তখনকার ম্যানহাটনের শিল্পায়নের স্মারক। পাখির দৃষ্টিকোণ থেকে আঁকা এ মানচিত্র গত শতকের ২০ এর দশকের ম্যানহাটনের অর্থনৈতিক কর্মকাণ্ডের চিত্রই তুলে ধরে।
সান ফ্রান্সেসকো চায়না টাউন
সব চায়না টাউনই রহস্যের আচ্ছাদনে মানুষকে আকৃষ্ট করে। তবে এ ক্ষেত্রে সান ফ্রান্সেসকো চায়না টাউন সম্ভবত সবচেয়ে এগিয়ে। ১৯৩৯ সালে ইথেল চানের আঁকা সান ফ্রান্সেসকোর চায়না টাউনের এ মানচিত্রে শিল্পী সমতলীয় রং ব্যবহার করলেও এর সারল্যই একে আরও রহস্যাবৃত করেছে।
শিকাগোর পাপ ও পঙ্কিলতার মানচিত্র
১৯৩১ সালের এ মানচিত্রে শিকাগোর অপরাধ জগতের চিত্র তুলে ধরা হয়েছে। এতে পাপ ও দুর্বৃত্তপনায় ভরা অঞ্চলগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। মানচিত্রটি এঁকেছেন আর্থার এরিকসন।
নতুন বাণিজ্যিক রাজধানী ক্লিভল্যান্ড
১৯৩০ এর দশকে ক্লিভল্যান্ড মার্কিন বাণিজ্য রাজধানী হিসেবে নিজেদের গড়ে তোলায় সচেষ্ট ছিল। আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলের এলাকাগুলোর বিপরীতে যোগাযোগ ও বাণিজ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে অবকাঠামো উন্নয়নের দিকে ঝুঁকেছিল ক্লিভল্যান্ড। ক্লিভল্যান্ড টার্মিনাল গ্রুপের আঁকা এ মানচিত্রেও এ উচ্চাশার স্বরূপটিই উঠে এসেছে। সিএনএন অবলম্বনে