অসহিষ্ণু ট্রাম্প, স্বাস্থ্য নিয়ে শঙ্কা
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিসরে বেশ অসহিষ্ণু হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠেয় দ্বিতীয় প্রেসিডেনশিয়াল বিতর্কে সরাসরি অংশ নেওয়ার কথা তিনি যেভাবে বলছেন, তাতে তাঁর বিচার-বিবেচনা একেবারে লোপ পেয়েছে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটেই নতুন করে সংশয় দেখা দিয়েছে যে, হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে সঠিক খবরটি দেওয়া হচ্ছে না।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বারবার বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান বদল করেছেন। দ্বিতীয় প্রেসিডেনশিয়াল বিতর্ক থেকে শুরু করে করোনাকালীন নাগরিক প্রণোদনা—প্রতিটি বিষয়েই তিনি খুব অল্প সময়ের ব্যবধানে নিজের অবস্থান বদলেছেন। এটি তাঁর নির্বাচন নিয়ে শঙ্কার পরিচায়ক। কিন্তু একই সঙ্গে এটি তাঁর স্বাস্থ্যগত অবস্থা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। এই প্রশ্ন আরও জোরালো হয়েছে গতকাল ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি একাধিকবার ফলোআপ টেস্টের বিষয়টি এড়িয়ে যাওয়ায়।
ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বদলের ধরন কেমন? দ্বিতীয় প্রেসিডেনশিয়াল বিতর্কের কথাই ধরা যাক। প্রেসিডেন্টের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এই বিতর্ক ভার্চ্যুয়াল পরিসরে করার কথা উঠেছিল। ডোনাল্ড ট্রাম্প তা খারিজ করে দেন। তারপর ট্রাম্প শিবির থেকে বলা হলো দ্বিতীয় ও তৃতীয় বিতর্ক যেন এক সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হয়। এরপরই এল শন কনলির বিবৃতি। তারপর আবার ট্রাম্পের পক্ষ থেকে চাপ দেওয়া হলো পূর্ব পরিকল্পনা অনুযায়ীই যেন বিতর্ক অনুষ্ঠিত হয়।
তিনি ভালো নেই। আক্রান্ত হওয়ার পর এত কম বিরতিতে তিনি যা যা করছেন, তা এই গ্রহের অন্য কেউ করুক, তা আমরা চাই না। সাধারণত কোভিড-১৯ এর পরীক্ষামূলক চিকিৎসা নিয়েছেন—এমন যে কারও এই মুহূর্তে হাসপাতালের বিছানায় থাকার কথা। এটা খুবই ভয়াবহ।রিক ব্রাইট, করোনা ভ্যাকসিন তৈরিতে সরকারি উদ্যোগের সাবেক পরিচালক
ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসক নেভি কমান্ডার শন কনলি অবশ্য ঘোষণা দিয়েছেন যে, প্রেসিডেন্ট জনপরিসরে স্বাভাবিক কাজে ফেরার জন্য প্রস্তুত। কিন্তু তিনি অসুস্থ হওয়ার পর একে একে যেভাবে হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ট্রাম্প-ঘনিষ্ঠরা আক্রান্ত হলেন, তাতে এই ঘোষণায় আশ্বস্ত হওয়া যাচ্ছে না। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে উপস্থাপক শন হ্যানিটি দুবার প্রেসিডেন্টের কাছে জানতে চান, করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে কিনা। কিন্তু এর কোনো উত্তর তিনি দেননি। এ ছাড়া সাক্ষাৎকার দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকবার বাক্যের মাঝখানেই থামতে হয়েছে। দুবার তিনি গলা পরিষ্কারও করেছেন। আগামী শুক্রবার ফক্স নিউজে তাঁর আরেকটি সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞ ড. মার্ক সিজেলের সঙ্গে অনুষ্ঠেয় ওই সাক্ষাৎকারটি ক্যামেরায় ধারণ করার কথা রয়েছে।
সব মিলিয়ে ফক্স নিউজের ওই সাক্ষাৎকারের পর ট্রাম্প সমালোচকদের অনেকেই বলছেন, প্রেসিডেন্ট সম্ভবত এখনো সুস্থ নন। তাঁর শারীরিক অবস্থার প্রভাব রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্তের ওপর পড়ছে।
এ বিষয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে সরকারি উদ্যোগের সাবেক পরিচালক রিক ব্রাইট সিএনএনকে বলেন, ‘তিনি ভালো নেই। আক্রান্ত হওয়ার পর এত কম বিরতিতে তিনি যা যা করছেন, তা এই গ্রহের অন্য কেউ করুক, তা আমরা চাই না। সাধারণত কোভিড-১৯ এর পরীক্ষামূলক চিকিৎসা নিয়েছেন—এমন যে কারও এই মুহূর্তে হাসপাতালের বিছানায় থাকার কথা। এটা খুবই ভয়াবহ। তিনি অনেক কিছুর দায়িত্বে রয়েছেন। আমাদের দেশ ও বিশ্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ বহু সিদ্ধান্ত তিনি নিচ্ছেন।’
প্রেসিডেন্ট চেতনে রয়েছেন কি? চিকিৎসকেরা বলেছিলেন, ট্রাম্পকে যে স্টেরয়েড ধরনের ওষুধ দেওয়া হয়েছে, তাতে তাঁর বিবেচনাবোধ প্রভাবিত হতে পারে।ন্যান্সি পেলোসি, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে পদত্যাগ করা এই বিশেষজ্ঞ বলেন, ‘যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থায় যদি তিনি না থেকে থাকেন, তবে তিনি আমাদের দেশ ও বিশ্বের জন্য অপরিণামদর্শী কিছু করে ফেলতে পারেন।’
একই ধরনের প্রশ্ন তুলেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বৃহস্পতিবার ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট চেতনে রয়েছেন কি? চিকিৎসকেরা বলেছিলেন, ট্রাম্পকে যে স্টেরয়েড ধরনের ওষুধ দেওয়া হয়েছে, তাতে তাঁর বিবেচনাবোধ প্রভাবিত হতে পারে।’
এই সব সংশয় থেকেই ডোনাল্ড ট্রাম্প আদৌ সুস্থ হয়েছেন কিনা, হলে কতটা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চিকিৎসাবিজ্ঞানে কোনো বিশেষজ্ঞ জ্ঞান ছাড়াই ট্রাম্প নিজে দাবি করেছেন যে, তাঁর কাছ থেকে আর সংক্রমণ ঘটবে না। হোয়াইট হাউসের পক্ষ থেকেও ট্রাম্পের সর্বশেষ কোভিড-১৯ নেগেটিভ টেস্ট সম্পর্কে কিছু বলা হচ্ছে না। হোয়াইট হাউস শুধু বলছে, প্রেসিডেন্টের করোনা পরীক্ষা নিয়মিত করা হচ্ছে। কোনো তারিখ জানানো হচ্ছে না। অথচ প্রেসিডেন্ট জনপরিসরে যেতে পারবেন কিনা, পারলে কবে নাগাদ পারবেন, তা নির্ভর করছে এই তারিখটির ওপর।