অস্কার মনোনয়নে আবার বর্ণবাদের অভিযোগ
গতবারের মতো এ বছরও অস্কার পুরস্কারের মনোনয়নে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের প্রায় সবাই শ্বেতাঙ্গ—এ অভিযোগে পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছেন জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র পরিচালক স্পাইক লি ও গায়িকা-অভিনেত্রী জাডা পিনকেট স্মিথ। খবর বিবিসির।
অভিযোগ ওঠার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অস্কার কর্তৃপক্ষের প্রধান শেরিল বুন আইজ্যাকস। তিনি মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের চমৎকার কাজের প্রশংসা করলেও বলেছেন, এ মনোনয়নে ‘বৈচিত্র্যের ঘাটতিতে’ তিনি ব্যথিত।
বর্ণবাদের অভিযোগ তুলে স্পাইক লি ইনস্টাগ্রামে বলেন, তিনি এই ‘লিলি-হোয়াইট’ (নিখাদ সাদা) পুরস্কার বিতরণের আয়োজন সমর্থন করতে পারেন না। অন্যদিকে পিনকেট স্মিথ ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, তিনি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন না।
এ রকম অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘নাটকীয় পদক্ষেপ’ নেওয়া হচ্ছে জানিয়ে বুন আইজ্যাকস বলেন, আগামী দিন ও সপ্তাহগুলোতে মনোনয়ন বোর্ডের সদস্য নিয়োগের ব্যাপারটি পর্যালোচনা করা হবে, যাতে ভবিষ্যতে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বৈচিত্র্যের সমাবেশ ঘটে।
চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে বাছাই করা হয়ে থাকে অস্কার মনোনয়ন বোর্ডের সদস্যদের। প্রতিবছর তাঁদের ভোটেই নির্ধারিত হয় কারা অস্কার পুরস্কারের জন্য মনোনীত হবেন, সে বিষয়টি।
অস্কারের প্রধান বুন বলেন, ‘বড় পরিবর্তন ঘটানোর সময় এসেছে। আমাদের সদস্যদের মধ্যেও যেন বৈচিত্র্যের সমাবেশ ঘটে, সে লক্ষ্যে গত চার বছরে নানা পরিবর্তন এনেছি। কিন্তু তা চাহিদার সঙ্গে সংগতিপূর্ণভাবে দ্রুত হচ্ছে না।’
খবরে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারির মূল অনুষ্ঠানকে বৈচিত্র্যপূর্ণ করার চেষ্টায় ইতিমধ্যেই কৃষ্ণাঙ্গ কৌতুক অভিনেতা ক্রিস রককে উপস্থাপক ঠিক করেছিলেন বুন।
প্রসঙ্গত, এ বছর নিয়ে টানা দুইবার অস্কার মনোনয়নে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠল। গতবারও একই অভিযোগে অনুষ্ঠান বর্জনের আহ্বান জানানো হয়েছিল।