অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছে বাংলা ট্যুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা, এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলোর পর বাংলা ট্যুর এবার যাচ্ছে দ্বীপ মহাদেশ অস্ট্রেলিয়ায়। আগামী ১ জুন বাংলা ট্যুরের পর্যটক দলটি অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলবর্তী সবচেয়ে জনবহুল শহর সিডনির উদ্দেশ্যে জেএফকে বিমানবন্দর ছেড়ে যাবে। সিডনি ছাড়াও দলটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখবে।

বাংলা ট্যুরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাবিব রহমান জানান, সিডনিতে অবস্থানকালে দলটি দেখবে বর্তমান সময়ে বিশ্বের কোটি কোটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সিডনি অপেরা হাউস। উল্লেখ্য, সিডনি বন্দরের বেনেলং পয়েন্টে ১ দশমিক ৬২ হেক্টর এলাকাজুড়ে নৌকার পাল আকৃতির এ স্থাপনা নির্মাণে ১০ হাজার শ্রমিকের সময় লেগেছিল ১৪ বছর। বছরে প্রায় ৮০ লাখ পর্যটক এ স্থাপনা পরিদর্শনে আসেন।

ভ্রমণসূচির দ্বিতীয় দিনে পর্যটক দলটি সিডনি থেকে ১০ কিলোমিটার দূরত্বের ব্লু মাউন্টেন যাবে। সবুজে ঘেরা নীলাভ পাহাড়, বিরল জাতের গাছ, জলপ্রপাত ও নানা রকম প্রাণীর এ মিলনস্থল ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। এর পরদিন দলটি যাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায়। সেখানে দলটি অস্ট্রেলিয়ান এয়ার মেমোরিয়াল, ক্যানবেরা পার্লামেন্ট হাউস, ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়া ঘুরে দেখবে। পরদিন সিডনি থেকে ৫৪০ কিলোমিটার দূরে উপকূলবর্তী শহর কফ হারবারে দলটি ন্যাশনাল নেলসন বেতে ডলফিন শিকার দেখা ছাড়াও সার্ফিং ও ডাইভিংয়ে অংশ নেবে। পঞ্চম দিনের কর্মসূচিতে থাকছে টরোঙ্গা চিড়িয়াখানা পরিদর্শন। ৫২ একর বিস্তৃত এ চিড়িয়াখানায় ৩৪০ প্রজাতির প্রায় ৪ হাজার প্রাণী রয়েছে। ষষ্ঠ দিনে দলটি পরিদর্শন করবে সিডনি হারবার ব্রিজ, ডার্লিং হারবার, সিডনি অ্যাকোরিয়াম, অস্ট্রেলিয়া ম্যারিটাইম মিউজিয়াম, ম্যানলি বিচসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র।

অস্ট্রেলিয়ার পর দলটি যাবে নিউজিল্যান্ডে। সেখানে প্রথম দিন দলটি ঘুরে দেখবে রাজধানী ওয়েলিংটনের বিভিন্ন আকর্ষণীয় স্থান। এর পর নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডের মিউজিয়াম অব ট্রান্সপোর্ট অ্যান্ড টেকনোলজি, বিখ্যাত স্কাই টাওয়ার পরিদর্শন শেষে মাটি থেকে ১৮৬ মিটার উঁচুতে রিভলিং রেস্টুরেন্টে খাবার খাবে। এ রেস্টুরেন্টের মূল পর্যবেক্ষণ লেভেল থেকে অকল্যান্ডের ৮০ কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায়। এ ছাড়া দেশটির হ্যামিমান, ক্রাইস্টচার্চ, ডানেডিন ও সাউথ আইল্যান্ড পরিদর্শন করবে পর্যটক দলটি। পুরো ভ্রমণে গাইডের দায়িত্ব পালন করবেন বাংলা ট্যুরের সিইও হাবিবুর রহমান।

উল্লেখ্য, নিউইয়র্কের একমাত্র বাংলাদেশি গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর বিশ্বের পাঁচটি মহাদেশের ১০০টি শহরে নিয়মিত গাইডেড ট্যুর অপারেট করে।