জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে লিবিয়া তার ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ক্রমবর্ধমান তৎপরতার প্রেক্ষাপটে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার এ আহ্বান জানান। খবর এএফপির।
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-দাইরি বুধবার নিউইয়র্কে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রতি ওই আবেদন জানান। আইএস জঙ্গিরা লিবিয়ায় ২১ জন মিসরীয় কপটিক খ্রিষ্টানকে গলা কেটে হত্যা করার পর এই আবেদন এল।
পররাষ্ট্রমন্ত্রী আল-দাইরি বলেন, ‘জাতীয় সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটা চূড়ান্ত অবস্থান প্রত্যাশা করে লিবিয়া। অস্ত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে সেটা আসতে পারে। এতে করে আমাদের সেনাবাহিনী অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম পাবে। তখন তারা লাগামছাড়া সন্ত্রাসবাদকে মোকাবিলা করতে পারবে।’ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তিনি লিবিয়ায় আন্তর্জাতিক সামরিক হস্তক্ষেপ চাইছেন না। তবে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে ওঠা ইসলামি চরমপন্থীদের মোকাবিলার জন্য লিবিয়ার সেনাবাহিনীকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করার সময় আর হাতে নেই।
লিবিয়া সামরিক সহায়তার জন্য চাপ দিলেও জাতিসংঘের কতটা সমর্থন পাবে তা অনিশ্চিত। বিশ্বসংস্থার কূটনীতিক বার্নারদিনো লিওন বলেছেন, লিবিয়ায় একটি ঐক্যের সরকার গঠনে মতৈক্যের বিষয়ে রাজনৈতিক প্রচেষ্টাই পারবে চরমপন্থার হুমকিকে ভালোভাবে মোকাবিলা করতে। সেটা হলেই দ্রুত ফল পাওয়া যাবে। তিনি বলেন, ‘আমি আশা করছি, একটি রাজনৈতিক মতৈক্য শিগগিরই দেখা যাবে। বিভিন্ন পক্ষের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তা অনতিক্রম্য নয়।’
লিবিয়ার কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞাটি আরোপ করা হয়েছিল ২০১১ সালে। দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু হওয়ার পর সংঘাতের মধ্যে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন থেকে এখনো অস্থিতিশীল দেশটির বিভিন্ন শহর ও তেল সম্পদ দখলে নিতে কয়েকটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া গোষ্ঠী লড়াই করছে। দুটি প্রতিদ্বন্দ্বী সরকার থাকা দেশটির ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারে এখনো আপত্তি রয়েছে পাশ্চাত্যের।
লিবিয়া নিয়ে মিসর-কাতার দ্বন্দ্ব: জঙ্গিগোষ্ঠী আইএস ২১ মিসরীয় খ্রিষ্টানকে গলা কেটে হত্যার ঘটনার পর মিসর লিবিয়ায় সংগঠনটির অবস্থানে বিমান হামলা শুরু করে। এরপর আরব লিগের একটি বৈঠকে এ বিষয়ে আপত্তি তোলে কাতার। এতে ক্ষুব্ধ হয়ে আরব লিগে মিসরীয় কূটনীতিক তারিক আদেল বলেন, কাতার যে সন্ত্রাসবাদের সমর্থন করে, ওই পদক্ষেপের মাধ্যমে তারা সেটাই জানান দিয়েছে।
মিসরীয় কূটনীতিকের ওই মন্তব্যের পর গতকাল কায়রো থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে কাতার। কায়রো-দোহা এই দ্বন্দ্বে কাতারের পাশে দাঁড়িয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলো। জিসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটির মহাসচিব আবদুল লতিফ আল-জায়ানি মিসরের অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন।