অস্ত্র নিয়ন্ত্রণে একতরফা পদক্ষেপের পক্ষে ওবামা
যুক্তরাষ্ট্রে বন্দুক দিয়ে সংঘটিত সহিংসতা সামাল দিতে একতরফা পদক্ষেপ নিতে চান প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রয়োজনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী ক্ষমতার প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন তিনি। বছরের প্রথম সাপ্তাহিক বেতার ভাষণে গত শুক্রবার ওবামা এসব কথা বলেন। খবর বিবিসির।
আগ্নেয়াস্ত্রের গুলিতে যুক্তরাষ্ট্রে বহু লোক মারা গেলেও কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন করার চেষ্টা বরাবরই ভেস্তে গেছে। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ রিপাবলিকানদের দখলে থাকায় অতীতে অস্ত্র নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে পারেননি বারাক ওবামা। এ জন্য ওবামার মেয়াদের বিদায়ী বছর অর্থাৎ ২০১৬ সালে প্রথম সাপ্তাহিক ভাষণে ওবামা একতরফা পদক্ষেপ নিতে চান বলে জানান। ওবামা বলেন, সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে আলোচনার জন্য অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চের সঙ্গে কাল সোমবার সাক্ষাৎ করবেন তিনি।
ওবামা মার্কিন জনগণের উদ্দেশে বলেন, তিনি অভিভাবক, শিক্ষক ও শিশুদের কাছ থেকে প্রচুর চিঠি পেয়েছেন। যেগুলোতে তাঁর বিরুদ্ধে অযথা বসে থেকে কোনো কাজ না করার অভিযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা জানি যে সব সহিংসতা আমরা থামাতে পারব না। কিন্তু আমরা যদি একটিকে থামানোর চেষ্টা করি, সেটা দোষের কী?’ অস্ত্র নিয়ন্ত্রণে কংগ্রেসের সমর্থন না পাওয়া তাঁর মেয়াদের বড় ধরনের ব্যর্থতা বলেও উল্লেখ করেন বারাক ওবামা।
বিশ্লেষকেরা বলছেন, এ ক্ষেত্রে কিছু এলাকায় ওবামা তাঁর নির্বাহী ক্ষমতার প্রয়োগ করতে পারেন। এবং অস্ত্র কেনার জন্য ক্রেতার সার্বিক অবস্থা বিবেচনার নিয়ম আরও বাড়ানো হতে পারে। তবে একতরফা পদক্ষেপ নিতে চাইলে ওবামা রিপাবলিকান ও অস্ত্র মালিকানার অধিকারের পক্ষের কর্মীদের তোপের মুখে পড়বেন—সে বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত। এর আগে গত মাসে টেক্সাসের পুলিশপ্রধান বলেছিলেন, মার্কিনদের নিরস্ত্রীকরণে প্রেসিডেন্টের চেষ্টা বিপ্লব ঘটাতে পারে। টেক্সাসে অস্ত্র বহন করার জন্য অস্ত্রের খাপ কোমরে প্রদর্শনের বাধ্যবাধকতার আইন করা হয়েছে।
এদিকে ইতিমধ্যে দেশটির জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন অস্ত্র নিয়ন্ত্রণ অধিকারকর্মীদের আক্রমণ করে একটি ভিডিও সিরিজ ছেড়েছে।