অস্ত্রের সহজপ্রাপ্যতা বন্ধ হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার শাসনতন্ত্র নাগরিকদের অস্ত্র রাখার অধিকার নিশ্চিত করেছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই এ অধিকার দেওয়া হয়েছে। এ অধিকার আমেরিকাতে ব্যক্তি-স্বাধীনতার একটি অংশ বলে বিবেচিত। কিন্তু এ অধিকারের অপপ্রয়োগ কেমন ভয়াবহ হতে পারে লাস ভেগাসের মর্মান্তিক ঘটনার তার সর্বশেষ প্রমাণ।
মাঝে মাঝে আমেরিকাতে কিছু মতিভ্রম ব্যক্তির কারণে কিছু মূল্যবান জীবনই অকালে ঝরে যায়। সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা ভাবে তারাও যেকোনো সময় লাস ভেগাসের মতো ভয়ংকর হত্যাযজ্ঞের শিকার হতে পারে। আমেরিকার সাধারণ মানুষ বহির্শক্তির আক্রমণে ভয়ে ভীত নয়, তারা সন্ত্রস্ত কখন আমেরিকারই কোনো বিকারগ্রস্ত ব্যক্তি তাদের বন্দুকের গুলিতে অকারণে ঝাঁজরা করে দেবে।
নেশাগ্রস্ত ব্যক্তির কাছে অস্ত্র থাকায় আমেরিকায় এ বন্দুক হামলার ঘটনা প্রায়ই ঘটে। আইনের সুযোগ ব্যবহার করে কিছু বিকারগ্রস্ত ব্যক্তি সম্পূর্ণ নিরপরাধী মানুষকে উদ্দেশ্যহীনভাবেই মেরে ফেলছে।
‘ম্যাস্ শুটিং ট্যাক’ সংস্থার উপাত্তের বরাত দিয়ে বিবিসি জানায়, ২০১৫ সনে যুক্তরাষ্ট্রে ৩৭২টি একক গোলাগুলির ঘটনায় ১৩ হাজার ২৮৬ জন নিহত এবং ২৬ হাজার ৮১৯ জন আহত হন। এ পরিসংখ্যান পুরো বছরের নয়।
গণহত্যার চেয়ে বন্দুকের সাহায্যে আত্মহত্যার সংখ্যা আরও ভয়াবহ। ২০১০ সনে বন্দুক, পিস্তল, রিভলবার তথা আগ্নেয়াস্ত্রের সাহায্যে ১৯ হাজার ৩৯২টি আত্মহত্যার ঘটনা ঘটে, যা অস্ত্রের মাধ্যমে সব ধরনের হত্যার ৬২ শতাংশ। ৫০ শতাংশ আত্মহত্যা আগ্নেয়াস্ত্রের সাহায্যেই হয়ে থাকে। আত্মরক্ষার নামে যে অস্ত্র রাখা হয়, সে অস্ত্রই মৃত্যুর হাতিয়ারে পরিণত হয়।
সুতরাং যেকোনো বিবেকবান ব্যক্তিই বলবেন অস্ত্রের সহজলভ্যতা কঠোরভাবে নিয়ন্ত্রণের সময় এসেছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তি পর্যায়ে অস্ত্র প্রাপ্তির সুযোগ সীমিত ও নিয়ন্ত্রণের পক্ষে ছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ওবামা’র বিপরীত মেরুতে অবস্থান করে ব্যক্তির নিরাপত্তার জন্য অস্ত্রকে আরও সহজলভ্য করার যুক্তি দেখাচ্ছেন। অনেকেই মনে করেন অস্ত্র নির্মাতা ও বিক্রেতাদের স্বার্থের কথা বিবেচনা করেই মূলত ব্যবসায়ীরা সাধারণ আমেরিকান হাতে আরও অস্ত্র তুলে দিতে চান। এ অধিকারের কারণেই বাইরের শত্রু নয়, আমেরিকার নাগরিকেরাই কি তাদের পরস্পরের অঘোষিত ঘাতকে পরিণত হচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে এ অধিকার কতখানি গ্রহণযোগ্য সেটা ভেবে দেখার সময় এসেছে।

মুহাম্মদ আজম, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক