অহিংসার পক্ষের সংগ্রামী কোনি আর নেই

টানা ৩৫ বছর ধরে নানা বিষয়ে অহিংস উপায়ে যুক্তরাষ্ট্রের রাজধানীর রাস্তায় প্রতিবাদ জানানো সংগ্রামী নারী কোনি মারা গেছেন। যুক্তরাষ্ট্রে কোনির মতো ব্যক্তিপর্যায়ে অহিংসতার পক্ষে এমন দীর্ঘ আন্দোলনের নজির আর নেই।
সঙ্গের আন্দোলনকারীরা গত মঙ্গলবার এক বিবৃতিতে জানান, গত সোমবার কোনির মৃত্যু হয়েছে। এতে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।
৮০ বছর বয়সী কোনির পুরো নাম কনসেপসিয়োন পিসিসয়োত্তো।
ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের হোয়াইট হাউসে থাকেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হোয়াইট হাউস প্রাঙ্গণের সামান্য উত্তরে, সড়কের ওপাশেই লাফায়েত স্কয়ার। সেখানে অবস্থান নেওয়ায় মার্কিন প্রেসিডেন্টের নিকটতম প্রতিবেশী ছিলেন কোনি। তাঁর নিজের ভাষায়, ‘বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা’ ছিল হোয়াইট হাউসের কাছে অবস্থানের কারণ।
স্পেনে জন্ম নেওয়া কোনি ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। নিউইয়র্কে স্পেন কনস্যুলেট অফিসে কর্মরত অবস্থায় প্রেম করে বিয়ে করেন। দাম্পত্যের মাঝপথে দত্তক নেন একটি মেয়েশিশুকে। বছর কয়েকের মাথায় কোনির সংসার ভেঙে যায়। চাকরিটাও হারান তিনি। দত্তক নেওয়া শিশুর অভিভাবকত্ব নিয়ে সাবেক স্বামীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। প্রাথমিক লড়াইয়ে হেরে যান কোনি, সন্তানের ওপর কর্তৃত্ব হারান। তাঁকে অসুস্থ সাজিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কোনি মনে করতেন, মেয়ের ওপর থেকে অধিকার কেড়ে নেওয়ার জন্যই তাঁকে মানসিক রোগী সাজানো হয়েছিল।
ব্যক্তিগত এই বঞ্চনার প্রতিবাদ জানাতে কোনি নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে যাত্রা করেছিলেন। হোয়াইট হাউসের কাছাকাছি থেকে সর্বোচ্চ পর্যায়ে নিজের বঞ্চনার ব্যাপারে ফরিয়াদ জানাবেন বলে পণ করেছিলেন। তখন পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছিলেন উইলিয়াম টমাস। টমাসের সহযোগী হয়ে বৃহত্তর সামাজিক আন্দোলনে জড়িয়ে পড়েন সংগ্রামী এই নারী।
বিশ্বের সব বড় রাজনৈতিক বিরোধ, সামাজিক ও রাজনৈতিক অবিচার সম্পর্কে খোঁজখবর রাখতেন কোনি। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন থেকে প্রেরণা পান তিনি।
রোদ, বৃষ্টি, তুষারপাত উপেক্ষা করে আন্দোলন-সংগ্রামে কোনি উপস্থিত থাকতেন হোয়াইট হাউস-সংলগ্ন এলাকায়। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে, বিশ্ব শান্তির দাবিতে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে কোনির প্রতিবাদ ছিল বিরামহীন, ক্লান্তিহীন। উচ্চকণ্ঠ ছিলেন মার্কিন রাজনীতিক নেতৃত্ব ও সরকারের দুর্নীতি-কেলেঙ্কারির বিষয়েও। প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময়ের ইরান-কন্ট্রা কেলেঙ্কারি, প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মনিকা লিউনস্কি কেলেঙ্কারি থেকে বুশদের ‘চাপিয়ে দেওয়া’ যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদমুখর ছিলেন কোনি। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার যুদ্ধনীতির বিরুদ্ধেও প্রচার করেছেন।