অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজকে সংবর্ধনা

নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক নগরের উডসাইডের গুলশান টেরেসে বাংলাদেশ সোসাইটির আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। সংবর্ধনা সভা সঞ্চালনা করেন আব্দুল হাসিব মামুন ও শেখ আতিকুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বৌদ্ধধর্মের বার্তা পড়ার পর বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিকনায়ক এম এ জি ওসমানিসহ সিলেটের সাবেক সব কৃতিসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিটি নীরবতা পালন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মিছবাহ উদ্দন বলেন, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সারা দেশের আওয়ামী লীগ নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে। এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করতে এখন থেকেই প্রবাসীদের কাজ শুরু করতে হবে। শেখ হাসিনাকে ‘উন্নয়নের কারিগর’ আখ্যা দিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র ও চক্রান্ত একাত্তরেও ছিল। আজও আছে। এসবকে ডিঙিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, সারা দেশে যে হারে উন্নয়ন হয়েছে, সিলেটে তেমনটা হয়নি। দায়িত্বপ্রাপ্তদের অবহেলাই এর কারণ। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এ দায়িত্ব পালন করতে চাই। এ জন্য প্রবাসীদেরও সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি প্রবাসী সিলেটবাসীর বিভিন্ন দাবি পূরণের মাধ্যমে প্রবাসী সিলেটবাসীর যথাযথ অবস্থান নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণেরও আশ্বাস দেন।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস। এ ছাড়া বদরুল হোসেন খান, কাজী কয়েস আহমেদ, সৈয়দ বসারত আলী, আইরিন পারভিন, আজিজুর রহমান সাবু, আব্দুর রহিম বাদশা, তোফায়েল চৌধুরী, আব্দুল জলিল, মখলু মিয়া, সামছুল ইসলাম, এস এম গোলাম রব্বানি, খসরুজ্জামান খসরু, মুজাহিদুল ইসলাম, আব্দুর রকিব মিন্টু, এমদাদ চৌধুরী, মিসবাহ আহমেদ, জাকারিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।