অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাসে বাড়ছে আশঙ্কা
অ্যান্টিবায়োটিক বা জীবাণু-প্রতিরোধী ওষুধের কার্যকারিতা ৩০ শতাংশ কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বছরে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে। প্রভাবশালী স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ ইঙ্গিত দেওয়া হয়েছে। খবর বিবিসির।
যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলেন, ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষমতা অর্জন করছে। এতে নিয়মিত অস্ত্রোপচারের মতো চিকিৎসায় বিঘ্ন ঘটবে। অধিকাংশ মৃত্যু হবে মলাশয়ে অস্ত্রোপচার, রক্তের ক্যানসারের চিকিৎসা এবং নিতম্বের হাড় প্রতিস্থাপনের রোগীদের। বিষয়টি রীতিমতো ‘অশনিসংকেত’।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের ওই গবেষণায় দেখা যায়, দেশটিতে অস্ত্রোপচার-পরবর্তী সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোর প্রায় অর্ধেকই প্রচলিত অ্যান্টিবায়োটিকের মুখোমুখি স্থিতিশীল থাকতে পারে। গবেষণা দলটির প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সেন্টার ফর ডিজিজ, ডাইনামিকস, ইকোনমিকস অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক রামানন লক্ষ্মীনারায়ণ বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থায় অ্যান্টিবায়োটিক সুপ্রতিষ্ঠিত হলেও কার্যকারিতা কমে যাওয়ায় ‘বড় চ্যালেঞ্জের মুখোমুখি’ হয়েছে। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাসের ফলে উন্নয়নশীল দেশগুলোতে নবজাতক ও প্রবীণদের মৃত্যুর দৃষ্টান্ত ইতিমধ্যে দেখা গেছে।