অ্যান্ড্রু ইয়াংয়ের নতুন দল ‘দ্য ফরোয়ার্ড পার্টি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রু ইয়াং। ফাইল ছবি: রয়টার্স

গত নির্বাচনে নিউইয়র্ক নগরের মেয়র পদে নির্বাচনে হেরে যাওয়া অ্যান্ড্রু ইয়াং ‘দ্য ফরোয়ার্ড পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করছেন। পেশাজীবী ও বিনিয়োগকারী হিসেবে পরিচিত প্রযুক্তিবিদ অ্যান্ড্রু ইয়াং যুক্তরাষ্ট্রের যুব সমাজের কাছে বেশ পরিচিত। ২০২০ সালের নির্বাচনের জন্য ডেমোক্রেটিক দলের প্রাইমারির শুরুতেই তিনি হেরে যান।

নিউইয়র্ক নগরের মেয়র পদে নির্বাচনে প্রচারণার শুরুর দিকে জনমত জরিপে এগিয়েছিলেন অ্যান্ড্রু ইয়াং। র‍্যাংক চয়েস পদ্ধতির মেয়র নির্বাচনে শেষ পর্যন্ত তাঁর পরাজয় নিশ্চিত হয়ে উঠলে নিজে থেকেই বিজয়ী এরিক অ্যাডামসকে আগাম অভিনন্দন জানিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে তিনি বলে আসছিলেন। উভয় দলে থাকা নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কোনো কর্মসূচি নেই। নতুন রাজনৈতিক দলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে বলে তিনি বলেছেন। মহামারি পেরোনো পরবর্তী বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক কাঠামো প্রস্তুত নয় বলে তিনি বলেছেন। বিভেদ এবং অবিশ্বাস এখন চরম পর্যায়ে। রাজনীতিকদের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছে বলে মনে করেন অ্যান্ড্রু ইয়াং।

রাজনীতির সংস্কারমূলক বিশ্বাস নিয়ে একটি বই লিখেছেন অ্যান্ড্রু ইয়াং। বইটি ৫ অক্টোবর প্রকাশের কথা রয়েছে। নতুন রাজনৈতিক দলে জনগণের ন্যূনতম আয়ের নিশ্চয়তা দেওয়ার কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রায়ই নতুন নতুন দল গঠিত হয়। গত ২০০ বছরের বেশি সময় থেকে অন্য কোনো দল দাঁড়াতে পারেনি রাজনৈতিক কাঠামোতে। একজন তরুণ রাজনীতিক হিসেবে ব্যাপক অনুসারী থাকলেও তাঁর ‘দ্য ফরোয়ার্ড পার্টি’ কতটা উল্লেখযোগ্য হয়ে উঠতে পারবে—এ নিয়ে কোনো মহল থেকে আশাবাদ প্রকাশ করতে এখনই দেখা যাচ্ছে না।