অ্যাফারমেটিভ অ্যাসাইলামে কী হতে পারে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সংখ্যায় আমরা আলোচনা করেছিলাম ডিফেন্সিভ অ্যাসাইলাম নিয়ে। আজ আমরা তাই অ্যাফারমেটিভ অ্যাসাইলামের দিকে আলোকপাত করব। এক বছর পেরিয়ে গেছে ইউএসএতে এসেছেন, এখন কি আর অ্যাসাইলাম আবেদন করা যাবে? আবেদনের সময় যে স্টেটমেন্ট দিয়েছেন, সেটা কোনো কারণে সংশোধন বা পরিবর্তন করতে চান, সেই সুযোগ আছে কি? অ্যাসাইলাম আবেদনের পর নিজের দেশে বা অন্য কোনো দেশে যেতে পারবেন? গেলে ফিরে আসতে পারবেন? অ্যাসাইলাম আবেদন চলমান থাকাকালীন যদি মার্কিন নাগরিক বিয়ে করেন, তাহলে কি স্পাউসের মাধ্যমে স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারবেন? এ রকম আরও অনেক প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায়। চলুন, কিছু কিছু উত্তর জেনে নিই।

ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্টের ২০৮ ও ২৪১(বি)(৩) ধারায় এবং কনভেনশন এগেইনস্ট টর্চারের অনুচ্ছেদ ৩-এর অধীনে ফর্ম আই-৫৮৯, অ্যাপ্লিকেশন ফর অ্যাসাইলাম অ্যান্ড ফর উইথহোল্ডিং অব রিমুভাল জমা দেওয়ার মাধ্যমে আপনার অ্যাসাইলামের আবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই ফর্ম জমা দেওয়ার কোনো ফি নেই। আপনার স্বামী/স্ত্রী বা ২১-এর কম বয়সী অবিবাহিত সন্তান যদি আমেরিকায় অবস্থান করে, তবে তাদের ম্যারেজ সার্টিফিকেট ও বার্থ সার্টিফিকেট জমা দিয়ে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে শুরুতেই বা ফাইনাল ডিসিশন হওয়ার আগে আপনার আবেদনে ডেরিভেটিভ হিসেবে যুক্ত করতে পারেন। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ১৫০ দিনের মধ্যে যদি ইউএসসিআইএস চূড়ান্ত সিদ্ধান্ত না দেয়, তবে আপনি ফর্ম আই-৭৬৫, অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট অথরাইজেশন জমা দিয়ে আরও ৩০ দিন পর ওয়ার্ক পারমিট পেতে পারেন। ওয়ার্ক পারমিট সাধারণত দুই বছরের মেয়াদে দেওয়া হয়। প্রথম আবেদনের সময় কোনো ফি না লাগলেও রিনিউয়ালের সময় ৪১০ ইউএস ডলার ফি দিতে হবে। তবে ওই সময় আপনার বার্ষিক হাউসহোল্ড ইনকাম যদি ইউএস ফেডারেল পোভার্টি গাইডলাইনের ১৫০% এর কম হয় অথবা আপনি যদি মেডিকেইড, ফুড স্টাম্প বা হাউজিংয়ের মতো কোনো একটি মিনস-টেস্টেড বেনিফিট পান, তাহলে ফর্ম আই-৯১২, রিকোয়েস্ট ফর ফি ওয়েইভার জমা দিয়ে এই ফি মওকুফ করাতে পারেন।

কী কী শর্ত প্রযোজ্য হবে:

অ্যাসাইলাম অফিসার যে বিষয়গুলো যাচাই করবে, তার মধ্যে অন্যতম হলো আপনি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ১০১(এ)(৪২)(এ) ধারায় সংজ্ঞায়িত কি না এবং একই আইনের ২০৮(বি)(২) ধারায় অ্যাসাইলাম পাওয়ার ক্ষেত্রে আপনার ওপর কোনো বাধা প্রযোজ্য কি না। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে না পারার এবং মঞ্জুর না হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত হলো:

১। আপনাকে সর্বশেষ আমেরিকায় আসার এক বছরের মধ্যে অ্যাসাইলামের আবেদন করতে হবে। আপনার অ্যাসাইলাম আবেদন জমা দিতে যদি এক বছরের বেশি দেরি হয়, যা আপনার আবেদন করার এলিজিবিলিটিকেই অ্যাফেক্ট করে, তাহলে আপনাকে ৮ সিএফআর ২০৮.৪ এর অধীনে পরিবর্তিত পরিস্থিতি (চেইঞ্জড সারকামস্ট্যান্স) অথবা অস্বাভাবিক পরিস্থিতি (এক্সট্রাঅর্ডিনারি সারকামস্ট্যান্স) উদ্ভব ঘটেছিল এমন যৌক্তিক কারণ দেখাতে হবে এবং আরও প্রমাণ করতে হবে যে ওই সব পরিস্থিতির পরেও আপনি একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে আবেদন করেছেন। 

২। আপনি যদি ইতিপূর্বে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে থাকেন, সেটি যদি ইমিগ্রেশন জাজ অথবা বোর্ড অব ইমিগ্রেশন অ্যাপিল দ্বারা প্রত্যাখ্যান হয়ে থাকে, তবে আপনি দ্বিতীয়বার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারবেন না।

৩। আপনি যদি যুক্তরাষ্ট্রে আসার পূর্বে যে দেশের বিরুদ্ধে আপনার ঝুঁকিপূর্ণ হওয়ার অভিযোগ, সেই দেশ বাদে অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস অথবা ফার্মলি রিসেটেল করে থাকেন, তাহলে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারবেন না।

৪। আপনার বিরুদ্ধে যদি বড় ধরনের ক্রিমিন্যাল অ্যাক্টিভিটির অভিযোগ থাকে, তাহলেও অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারবেন না।

আবেদন জমা দেওয়ার পরে কী কী ঘটবে

অ্যাসাইলাম আবেদন জমা দেওয়ার পর প্রথমে আপনি মাসখানেকের মধ্যে আপনার আবেদনের একনলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকার পাবেন, যার মধ্যে আপনার এলিয়েন নাম্বার থাকবে। এরপরে আপনি আরেকটি চিঠি পাবেন যেখানে আপনাকে এবং আপনার আবেদনে আপনার পরিবারের কেউ ডেরিভেটিভ বেনিফিশিয়ারি থাকলে প্রত্যেককেই নিকটস্থ অ্যাপ্লিকেশন সাপোর্ট সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্টিং দিতে বলা হবে। এরপর আপনি শিডিউল বুলেটিন অনুযায়ী ইন্টারভিউর জন্য চিঠি পাবেন। বর্তমানে নিউইয়র্ক থেকে যাঁরা ২০১৫ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, তাঁদের ইন্টারভিউ চলছে। ইন্টারভিউতে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইন্টারপ্রিটার নিয়ে যেতে পারবেন। অ্যাসাইলাম অফিসার আপনার কেসের রায় দেওয়ার আগে একজন সুপারভাইজরি অ্যাসাইলাম অফিসার পুনরায় এটি আইনসংগত হয়েছে কি না, তা খতিয়ে দেখবে। কেসের ওপর ভিত্তি করে সুপারভাইজরি অ্যাসাইলাম অফিসার চাইলে আপনার কেসের যিনি অ্যাসাইলাম অফিসার ছিলেন, তাঁর সিদ্ধান্ত রিভিউ করতে কেসটি ইউএসসিআইএস হেডকোয়ার্টার্সে অ্যাডিশনাল রিভিউর জন্য পাঠাতে পারেন। 

ইন্টারভিউর পরে কী হবে

বেশির ভাগ ক্ষেত্রে অ্যাসাইলাম অফিসার আপনার ইন্টারভিউ করার দুই সপ্তাহের মধ্যে আপনাকে সিদ্ধান্ত জানাতে অ্যাসাইলাম অফিসে যেতে বলা হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন ডিসিশন দেওয়ার সময় আপনার ভ্যালিড ইমিগ্রেশন স্ট্যাটাস থাকলে, ইউএসসিআইএস ফিল্ড অফিসে আপনার ইন্টারভিউ সম্পন্ন হলে, আপনার সিকিরিউটি চেক পেন্ডিং থাকলে অথবা আপনার কেস ইউএসসিআইএস হেডকোয়ার্টার্সে রিভিউ হলে দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের যে চার রকমের ফলাফল হতে পারে সেগুলো হলো—

(১) অ্যাসাইলাম মঞ্জুর—আপনার অ্যাসাইলাম যদি মঞ্জুর হয়, তাহলে আপনাকে একটি চিঠি ও একটি কমপ্লিটেড আই-৯৪, অ্যারাইভাল ডিপারচার রেকর্ড দেওয়া হবে যেটাতে বোঝা যাবে যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হয়েছে। অ্যাসাইলাম আবেদন একবার মঞ্জুর হলে সেটা কখনো এক্সপায়ার বা মেয়াদোত্তীর্ণ হয় না। কিন্তু আপনার মঞ্জুর হওয়া অ্যাসাইলাম স্ট্যাটাস ইউএসসিএস চাইলে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্টের ২০৮(সি)(২) ধারায় টারমিনেট করতে পারেন যদি—(ক) পরিস্থিতির মৌলিক পরিবর্তনের কারণে নিপীড়নের আর কোনো প্রতিষ্ঠিত ভয় (ওয়েল ফাউন্ডেড ফিয়ার অব পারসিকিউশন) না থাকে, (খ) অন্য কোনো দেশ থেকে আপনি ইতিমধ্যে প্রটেকশন পেয়ে থাকেন, (গ) আপনার অ্যাসাইলাম আবেদন মঞ্জুর হওয়ার সময় আপনি প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে প্রমাণিত হয়, এবং (ঘ) আপনি যদি কোনো অপরাধমূলক তৎপরতায় জড়িয়েছেন বলে প্রমাণিত হয়।

(২) ইমিগ্রেশন কোর্টে রেফারাল—আপনার আবেদন যদি অ্যাপ্রুভড না হয়, আপনাকে একটি ফর্ম আই-৮৬২, নোটিশ টু অ্যাপিয়ার প্রদান করা হবে এবং আপনার আবেদন ‘এক্সিকিউটিভ অফিস ফর ইমিগ্রেশন রিভিউ’তে ইমিগ্রেশন জাজের কাছে পাঠানো হবে। ইমিগ্রেশন জাজ এই পর্যায়ে শুনানি শেষে তাঁর নিজস্ব রায় দেবেন এবং তাঁর এই রায় কোনোভাবে আগের ইউএসসিআইএস অফিসারের আধিবিচারিক বা কোয়াসি জুডিশিয়াল রায়ের দ্বারা প্রভাবিত হবে না। যখনই আপনার অ্যাফারমেটিভ অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ না করে ইমিগ্রেশন জাজের কাছে পাঠানো হবে, তখনই আপনি রিমুভাল প্রসিডিংয়ে যুক্ত হয়ে যাবেন এবং আপনার অ্যাফারমেটিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তখন থেকে ডিফেন্সিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন হিসেবে গণ্য হবে। মনে রাখবেন, ইমিগ্রেশন কোর্টে রেফারাল করা মানে এই নয় যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান বা ডিনাই করা হয়েছে। আরও অধিকতর রিভিউ করার জন্যই ইমিগ্রেশন কোর্টে রেফারাল করা হয়।

(৩) রিকমেন্ডেড অ্যাপ্রুভাল—অ্যাসাইলাম অফিসারের যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন মঞ্জুর করতে চান কিন্তু প্রয়োজনীয় সিকিউরিটি চেক তখনো অসমাপ্ত থাকে, তবে আপনাকে রকমেন্ডেড অ্যাপ্রুভাল ইস্যু করা হবে। সিকিউরিটি চেক শেষ হলে আপনাকে অ্যাসাইলাম আবেদন মঞ্জুর হয়েছে জানিয়ে আই-৯৪ ইস্যু করা হবে।

(৪) নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই এবং ফাইনাল ডিনায়াল—আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের সময় যদি আমেরিকায় আপনার ভ্যালিড লিগ্যাল স্ট্যাটাস থাকে এবং আপনার আবেদন যদি মঞ্জুর করা না হয়, তবে আপনাকে আবেদন মঞ্জুর না করার কারণ উল্লেখ করে নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই দেওয়া হবে। আপনার আবেদন কেন মঞ্জুর করা উচিত, তা জানিয়ে কোনো লিখিত ব্যাখ্যা অথবা আপনার আবেদনের সপক্ষে নতুন কোনো এভিডেন্স থাকলে নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই পাওয়ার পরবর্তী ১৬ দিনের মধ্যে আপনাকে তা জানাতে হবে। আপনি যদি ১৬ দিনের মধ্যে রেসপন্স না করেন, আপনার অ্যাসাইলাম আবেদন ডিনাই করা হবে। আর আপনি যদি ১৬ দিনের মধ্যে রেসপন্স করেন, অ্যাসাইলাম অফিসার তখন সতর্কতার সঙ্গে আপনার কেসটি আবার বিবেচনা করে হয় মঞ্জুর করবেন অথবা ফাইনাল ডিনায়াল করবেন।

ইমিগ্রেশন কোর্টে রেফারাল করা হলে কী হবে

ডিএইচএস ফর্ম আই-৮৬২, নোটিশ টু অ্যাপিয়ারে উল্লিখিত তারিখে আপনাকে প্রথম মাস্টার ক্যালেন্ডার হেয়ারিংয়ের জন্য হাজির হতে হবে। প্রথম মাস্টার ক্যালেন্ডার হিয়ারিংয়ের কমপক্ষে এক বছর পর ইন্ডিভিজুয়্যাল মেরিট হিয়ারিংয়ের তারিখ পড়বে। এই ইন্ডিভিজুয়্যাল মেরিট হিয়ারিংয়ে আপনার সব এভিডেন্স এবং উইটনেস হাজির করতে হবে। ইন্ডিভিজুয়্যাল মেরিট হিয়ারিং শেষ হওয়ার পরে জাজ তাৎক্ষণিক মৌখিকভাবে আপনাকে রায় জানিয়ে দিতে পারে আবার কয়েক সপ্তাহ পরে লিখিতভাব তার সিদ্ধান্ত জানাতে পারে। এই পর্যায়ে ইমিগ্রেশন কোর্ট বা এক্সিকিউটিভ অফিস ফর ইমিগ্রেশন রিভিউতে শুনানি হয় অ্যাডভার্সিয়াল প্রসেসিং সিস্টেমে। সেখানে আপনার নিজের অথবা আপনার নিযুক্ত অ্যাটর্নির এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের নিযুক্ত অ্যাটর্নির বক্তব্য শোনা হবে। শুনানি শেষে ইমিগ্রেশন জাজ হয় আপনার কেস গ্র্যান্ট করে রায় দেবেন অথবা আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রিমুভ করার আদেশ দেবেন। ইমিগ্রেশন জাজ আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ডিনাই করলে আপনি এরপর বোর্ড অব ইমিগ্রেশন অ্যাপিলে (বিআইএ) অ্যাপিল করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন জাজের সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে নোটিশ টু অ্যাপিল জমা দিতে হবে। বোর্ড অব ইমিগ্রেশন অ্যাপিলের এই স্তরে সিদ্ধান্ত পেতে বছরখানেক লেগে যেতে পারে। বোর্ড অব ইমিগ্রেশন অ্যাপিলে আপনার কেস ডিনাই হলে এরপর আপনি সার্কিট কোর্ট অব অ্যাপিলে আবার অ্যাপিল করতে পারেন। এবারেও যদি ডিনাই হয়, আপনার সর্বশেষ অ্যাপিল করার সুযোগ থাকবে ইউএস সুপ্রিম কোর্টে। 

আবেদন মঞ্জুর হলে এরপরে কী হবে

অ্যাসাইলাম আবেদন গ্র্যান্ট হয়ে গেলে তখন আপনার যে স্ট্যাটাস হবে তাকে বলে ‘অ্যাসাইলি’। অ্যাসাইলি অবস্থায় আপনাকে কাজ করার জন্য কোনো ওয়ার্ক পারমিট প্রয়োজন হবে না। অ্যাসাইলি অবস্থায় দুই বছরের মধ্যে আপনি বিনা মূল্যে ফর্ম আই-৭৩০, রিফিউজি/অ্যাসাইলি রিলেটিভ পিটিশন জমা দিয়ে আপনার স্বামী/স্ত্রী ২১-এর কম বয়সী অবিবাহিত সন্তানকে আমেরিকায় আনতে পারবেন। অ্যাসাইলি অবস্থায় যুক্তরাষ্ট্রে এক বছর থাকার পর  গ্রিন কার্ডের জন্য আপনাকে ১১৪০ ইউএস ডলার ফি দিয়ে ফর্ম আই-৪৮৫, অ্যাপ্লিকেশন টু রেজিস্টার পারমানেন্ট রেসিডেন্স অর টু অ্যাডজাস্ট স্ট্যাটাস জমা দিতে হবে। আপনার স্বামী/স্ত্রী এবং ২১-এর কম বয়সী অবিবাহিত সন্তান যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে যুক্ত থাকার কারণে ডেরিভেটিভ অ্যাসাইলাম পান, তবে তাদের জন্য আলাদা আলাদা ফি দিয়ে ফর্ম আই-৪৮৫ জমা দিতে হবে। তবে সন্তানের বয়স ১৪ বছরের কম হলে ফর্ম আই-৪৮৫ এর জন্য প্রযোজ্য ফি হবে ৭৫০ ইউএস ডলার।      

বিশেষ দ্রষ্টব্য: এই আর্টিকেল কোনো রকম আইনি পরামর্শ নয়। এটি কেবল ইউএসসিআইএস এবং ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রদর্শিত এতদ্সংক্রান্ত তথ্যের সন্নিবেশ মাত্র।

লেখক: ব্যারিস্টার-অ্যাট-ল, নিউইয়র্কপ্রবাসী

সেল: (৯২৯)৩৯১-৬০৪৭; ই-মেইল: [email protected]