অ্যামি অ্যাওয়ার্ডে ট্রাম্পকে নিয়ে ঠাট্টা-মশকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি দুনিয়ার সম্মানজনক পুরস্কার অ্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও লেগেছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার উত্তাপ। রোববার সেখানে অনেকেই খোঁচা দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। কেউ কেউ সরাসরি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি তাঁদের সমর্থন তুলে ধরেন।

উপস্থাপক জিমি কিম্মেল অনুষ্ঠানের শুরুতেই ট্রাম্পকে খোঁচা দেন। তিনি রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেনটিস’ এবং ‘সেলিব্রেটি অ্যাপ্রেনটিস’ অনুষ্ঠানের প্রযোজক মার্ক বার্নেটকে ডাকেন। সেলিব্রেটি অ্যাপ্রেনটিস অনুষ্ঠানটি একসময় উপস্থাপনা করতেন ডোনাল্ড ট্রাম্প। বার্নেট মঞ্চ ছাড়ার সময় কিম্মেল বলে বসেন, ‘এই ট্রাম্পের জন্য কাকে দায়ী করা যায়। এই ব্যক্তিটিকেই।’ ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, তিনি প্রেসিডেন্ট হলে মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবেন। সে প্রসঙ্গ তুলে কিম্মেল বলেন, ‘ট্রাম্প দেয়াল তুললে প্রথম যে ব্যক্তিকে আমরা ছুড়ে ফেলব তিনি হলেন এই মার্ক বার্নেট।’

বার্নেট সেরা রিয়েলিটি ধারাবাহিক ‘দ্য ভয়েসের’ জন্য অ্যামি অ্যাওয়ার্ড পান। তিনি আবার মজা করে বলেন, ‘এইমাত্র হিলারির ফোন পেয়েছি। বিনা পয়সায় ট্রাম্পের প্রচার চালানোর জন্য হিলারি কিম্মেলের সমালোচনা করেছেন।’ উপস্থাপক কিম্মেল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে একপর্যায়ে ‘ম্যালেরিয়া’ নামে অভিহিত করেন।

অনুষ্ঠানে কমেডি রিয়েলিটি শো ‘ট্রান্সপারেন্ট’-এর নির্মাতা জিল সলোওয়ে বলেন, ‘ট্রাম্প একটা ভয়ানক দৈত্য! আমি তাকে হিটলারের উত্তরসূরি বলে ডাকি।’