অ্যাসাইলাম আবেদন অনুমোদন হচ্ছে

নিউইয়র্কভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনের ল’ অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে দর্শকদের নানা পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি নাজমুল আলম। অনুষ্ঠানটি কোনো আইনি পরামর্শ নয়, দর্শকদের নানা প্রশ্নের উত্তর থেকে ইমিগ্রেশন নিয়ে কেবল একটি দিক নির্দেশনা পাওয়া যায়। ৩০ মিনিটের সরাসরি এই অনুষ্ঠানে টেলিফোন ও ফেসবুক পেজে দর্শকের প্রশ্ন নেওয়া হয় এবং এসব প্রশ্নের উত্তর দেন নাজমুল আলম।
১৭ জানুয়ারি অনুষ্ঠানের প্রথমে আটলান্টা থেকে সুলতানা জানতে চান—তিনি তাঁর বোনের জন্য আবেদন করেছেন ২০০৮ সালে। তাঁর জন্ম তারিখ ভুল দেওয়া হয়েছিল। পরে তিনি অ্যাম্বাসিতে কল দিলে অ্যাম্বাসি বলেছে, বার্থ সার্টিফিকেট ও পাসপোর্ট কপি পাঠাতে। কিন্তু কোন ঠিকানায় পাঠাতে হবে আর কত দিন লাগবে?
জবাবে নাজমুল আলম বলেন, যদি সরাসরি ঢাকায় আমেরিকা অ্যাম্বাসিতে পাঠালে হয় তাহলে মাদানি অ্যাভিনিউয়ে যে অ্যাম্বাসি আছে সেখানে পাঠাতে হবে। অ্যাটেনশন টু কনস্যুলার সেকশন লিখে দিতে হবে। কনস্যুলার সেকশনে দিলে ওটা চলে যাবে। আর আমেরিকায় পাঠাতে হলে এখানে ওদের ভিসা সেন্টারে পাঠাতে হবে।
ফেসবুকে আইনুল তরফদার জানতে চান—তাঁর মা গ্রিনকার্ডধারী। তিনি তাঁর অবিবাহিত ভাইয়ের জন্য ২০১৭ সালে আবেদন করেছেন। সিটিজেনশিপ পাওয়ার পর কত দিন লাগবে?
জবাবে নাজমুল জানান, এটা হচ্ছে এফ-১ ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে ৫ থেকে ৬ বছর সময় লাগবে।
ব্রুকলিন থেকে টেলিফোনে মেহতা ইসলাম প্রশ্ন করেন—তিনি সিটিজেনশিপের জন্য এক বছর আগে আবেদন করেছেন। ফিঙ্গার প্রিন্ট হয়ে গেছে। এখনো ইন্টারভিউয়ের জন্য ডাকেনি। আর কত দিন লাগবে?
উত্তরে নাজমুল বলেন, ফিঙ্গার প্রিন্ট হয়ে গেলে ব্রুকলিনে এক বছর লাগার কথা না। কোথাও কোনো ভুল আছে নিশ্চয়ই। তাই তাঁকে ওদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
টেলিফোনে ফিলাডেলফিয়া থেকে মো. ফারুক জানতে চান—২০১৭ সালে মা তাঁর ভাইয়ের জন্য আবেদন করেছেন। তখন তাঁর বয়স ছিল ২১ বছরের নিচে। এখন সব রেডি হয়ে গেছে, ভিসা ফি ও সাপোর্ট লেটার দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে জানিয়েছে, ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে। প্রায় পাঁচ মাস হতে চলল এখনো কোনো কিছু জানাচ্ছে না। ল’ ইয়ার ইমেইল করেছেন কিন্তু কোনো উত্তর আসেনি। এখন তিনি কোথায় যোগাযোগ করবেন?

জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, ইন্টারভিউয়ের জন্য ডাকার পর কেসটি ভিসা সেন্টারে থাকে। তাই তাঁকে ন্যাশনাল ভিসা সেন্টারে যোগাযোগ করতে পরামর্শ দেন।
ফেসবুকে সেলিম সাত্তার নামের একজন প্রশ্ন করেন—অনেক দিন হয়েছে তাঁর সিটিজেনশিপ ইন্টারভিউয়ের পরে ৩০ দিনের মধ্যে ট্যাক্স রিটার্ন ইনফরমেশন দিতে পারেননি বলে আবেদন বাতিল হয়েছে। এখন টেক্সট ডকুমেন্টস আছে। তিনি কি এখন কেসটি রি-ওপেন করার জন্য আবেদন করতে পারবেন?
জবাবে নাজমুল বলেন, আপিল করার সুযোগ থাকে ডিসিশন ডেট থেকে মেইলিং সময়সহ ৩৩ দিন। এই ৩৩ দিনের মাঝে আপিল করতে পারবেন। আর আপিলের সময় শেষ হয়ে গেলে আবার সবকিছু নতুনভাবে আবেদন করতে হবে।
প্রিয়া আক্তার নামের একজন ফেসবুকে জানতে চেয়েছেন—তিনি তাঁর স্বামীর জন্য এফ-২ এ ক্যাটাগরিতে আবেদন আবেদন করেছেন। কেস কমপ্লিট হয়েছ প্রায় চার মাস আগে। এখন আর কত দিন লাগবে?
নাজমুল আলম জানান, কেস কমপ্লিট হলে ওরা চিঠি দিয়ে জানাবে।
সুমন হোসেন জানতে চান—অ্যাসাইলাম ক্যাটাগরিতে কি কোনো নতুন খবর আছে?
উত্তরে অ্যাটর্নি নাজমুল জানান, অ্যাসাইলামে ওরা প্রচুর অ্যাপ্রুভাল দিচ্ছে। এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের আদেশ তেমন একটা কাজ হচ্ছে না।
টেলিফোনে কুইন্স থেকে লিজা প্রশ্ন করেন—বড় বোন তাঁর ভাই বোনের জন্য সাত বছর আগে আবেদন করেছেন। এ পর্যন্ত কোনো লেটার আসেনি। এখন তাঁর বোনের আর্থিক কারণে সরকারি বেনিফিটের জন্য আবেদন করতে হবে। এ ব্যাপারে কোনো অসুবিধা হবে?
প্রথম প্রশ্নের উত্তরে নাজমুল হোমল্যান্ড সিকিউরিটিতে ইউএসসিআইএস-এর সঙ্গে যোগাযোগ করতে বলেন। আর সরকারি বেনিফিট নিলে এখনো এ ব্যাপারে কোনো অসুবিধা হবে না। ইনকাম কম হলে তাঁর বোনকে কো-স্পনসর নিতে হবে।
ওয়াহা জাকিয়া লিখেছেন তিনি তাঁর ভাইয়ের জন্য ২০০৮ সালে আবেদন করেছেন। আর কত দিন লাগবে?
উত্তরে নাজমুল আলম বলেন, আরও এক বছর লাগবে।
টেলিফোনে আবদুল মান্নান জানতে চান—তিনি ও তাঁর স্ত্রী দুজনে সিটিজেনশিপের আবেদন করেছেন। ফিঙ্গার প্রিন্ট হয়েছে। ফরম পূরণ করেছেন। এখন প্রিপায়ারার কি তাঁর ইন্টারভিউয়ের দিন তাঁর সঙ্গে থাকতে পারবেন?
জবাবে নাজমুল বলেন, প্রিপায়ারের একটা দায়িত্ব আছে। যদি কোনো ইনফরমেশন ভুল দিয়েছেন মনে করেন, তাহলে ইন্টারভিউয়ে তারা কেবল আবেদনকারীর ল’ ইয়ারকে উপস্থিতির অনুমতি দেয়, অন্য কাউকে নয়। এখন তাঁর স্ত্রীর যদি কাউকে সঙ্গে নিতে হয় তাহলে একজন ল’ ইয়ারকে নিয়োগ দিয়ে সঙ্গে নিতে পারবেন।
অনেকে জানতে চান—কেউ যদি ইনভেস্ট করতে চান তাহলে কি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারবেন। যদি পারেন তাহলে কি তিনি গ্রিনকার্ড পাবেন?
উত্তরে অ্যাটর্নি নাজমুল জানান, ইনভেস্টের ব্যাপারে আগে কোনো কোম্পানি করতে হবে। সেই কোম্পানির জন্য তিনি ভিসা পাবেন এবং পরে তারা তাঁকে গ্রিনকার্ড দিতে পারে। সেটা রিয়েল এস্টেটের কোম্পানিও করতে পারেন। কিন্তু সরাসরি বাড়ি কিনলে এর বিপরীতে ভিসা দেবে না।
টেলিফোনে মাসুদ আহমেদ জানতে চান—তিনি মেক্সিকো বর্ডার দিয়ে এসেছেন। তিনি অ্যাসাইলাম আবেদনকারী। এখন তাঁর সিটিজেন স্ত্রী তাঁর জন্য আবেদন করেছেন প্রায় দুই বছর হলো। কিন্তু এখনো কোনো অ্যাপ্রুভাল তিনি পাননি। এরপর ওদের সঙ্গে যোগাযোগ করলে তারা চিঠি পাঠিয়েছে যে, তারা কোনো ডেট দিতে পারছে না।
জবাবে নাজমুল জানতে চান তিনি কি কোনো ল’ ইয়ার নিয়োগ দিয়েছেন? এ ছাড়া বর্ডার দিয়ে এন্ট্রি করে যারা তাদের কেস ওরা নেয় না। যেহেতু তিনি অ্যাসাইলাম আবেদনকারী তাই তিনি একজন অভিজ্ঞ অ্যাটর্নি নিয়োগ দিয়ে কেসটি পরিচালনা করার জন্য পরামর্শ দেন।
টেলিফোনে একজন জানতে চান—তিনি তাঁর ভাইয়ের জন্য আবেদন করেছেন ২০০৭ সালের ২৪ জুলাই। এখন ভিসা সেন্টারের বুলেটিনে জানতে পেরেছেন, ২০০৭ সালের কাজ এখন চলছে।
জবাবে নাজমুল আলম বলেন, ভিসা সেন্টার বুলেটিনে তারা একটা ডেট দেয়। এটা ক্লিয়ার কিছু না। ব্যাপারটা ক্লিয়ার হবে যখন ওরা একটা চিঠি দিয়ে জানাবে। তাই ওদের কাছ থেকে ইমেইল অথবা লেটার না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি।
টেলিফোনে মতিউর রহমান নামের একজন জানতে চান—তিনি তাঁর ভাইয়ের জন্য ২০১৫ সালের এপ্রিলে আবেদন করেছেন। এক সপ্তাহ আগে তিনি ফোন করলে খুদেবার্তায় বলেছে, এটা পেন্ডিংয়ে আছে। আর কিছু লাগলে তারা পরবর্তীতে জানাবে। এখন কত দিন সময় লাগবে?
জবাবে নাজমুল বলেন, যে ম্যাসেজটি তারা দিয়েছে এটা একটা অটোমেটিক ম্যাসেজ। যেটা ওদের কম্পিউটারে সেট করা থাকে। এ পর্যন্ত যদি কোনো রেসপন্স না পান তাহলে তিনি যেন লিখিত ইনকোয়ারি পাঠান যে, তাঁর কেসটি এখন কোন পর্যায়ে আছে। তাহলে কেসটা কী অবস্থায় আছে তারা লিখিত জানাবে আর কোনো অসুবিধা থাকলেও জানাবে।