অ্যাসাঞ্জকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ওবামাকে পামেলার চিঠি

জুলিয়ান অ্যাসাঞ্জকে ‘ক্ষমা’ করার বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি দিয়েছেন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন।
গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেটিক দলের হ্যাক হওয়া ই-মেইল অ্যাসাঞ্জের প্রতিষ্ঠিত সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসে ফাঁস করার পর ওবামাকে এই চিঠি লিখলেন পামেলা অ্যান্ডারসন। ফিমেলফার্স্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর আইএএনএসের।
ওই চিঠিতে ৪৯ বছর বয়সী পামেলা অ্যান্ডারসন হ্যাকিং কেলেঙ্কারির তদন্ত বন্ধ করার জন্য ওবামার কাছে আবেদন জানিয়েছেন। ওই হ্যাকিং কেলেঙ্কারিতে অভিযোগ ওঠে, রাশিয়া নির্বাচনে অবৈধ হস্তক্ষেপ করেছে। ওই অভিনেত্রী ওবামাকে লেখা চিঠিটি তাঁর ওয়েবসাইটে পোস্ট করেছেন।
চিঠিতে পামেলা লিখেছেন, ‘বিশ্বজুড়ে অনেক জরুরি ইস্যুতে আমি সোচ্চার হয়েছি। সে পরিপ্রেক্ষিতে এবং জরুরি ভিত্তিতে আমি অনুরোধ জানাচ্ছি। আমি দেখেছি, হীন রাজনৈতিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।...আমি আপনাকে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হওয়ার সময়কার কথা স্মরণ করার অনুরোধ জানাই।’ তিনি বলেন, ‘আপনার শেষ কর্মদিবসগুলোতে জুলিয়ান অ্যাসাঞ্জকে ক্ষমা করে দেওয়ার কথা বিবেচনা করতে আমি আপনাকে অনুরোধ জানাই।’ আগামী দুই সপ্তাহের মধ্যেই ওবামা প্রেসিডেন্ট পদ ছাড়বেন।
চিঠিতে পামেলা আরও লিখেছেন, ‘আমি জানি যে জুলিয়ানকে একজন খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু আদতে তিনি তা নন। তিনি মেধাবী ব্যক্তি। উইকিলিকসে তিনি যেসব বিষয় ফাঁস করেছেন, তা সঠিক। তিনি সেগুলো হুবহু ফাঁস করেছেন।...জুলিয়ান ও উইকিলিকস এই রাজনৈতিক পরিবেশে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একজন সত্যবাদীকে চাই।’
লন্ডনে থাকার সময় পামেলা অ্যান্ডারসন ও জুলিয়ান অ্যাসাঞ্জের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়।