অ্যাসালের ব্রঙ্কস চ্যাপ্টারের ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) ব্রঙ্কস চ্যাপ্টারের ইফতার ও দোয়া মাহফিল। ১৭ মে ব্রঙ্কসের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসাল–এর প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন নেতা মাফ মিসবাহ উদ্দীন।
অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হকের সভাপতিত্বে ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাসুদ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের কোষাধ্যক্ষ মো. বশির মিয়া, নির্বাহী পরিচালক মো. নাসির মিয়া, ভাইস প্রেসিডেন্ট মো. আলাউদ্দিন, মোহাম্মদ ভূঁইয়া, নূর মোহাম্মদ ফয়সাল, সামাদ মিয়া জাকের, নাজমুল ইসলাম প্রমুখ। অতিথিদের মধ্যে ছিলেন আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, সাংবাদিক সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসির মালিক ফার্মাসিস্ট গৌরব কোঠারি (মিস্টার জি), খলিল বিরিয়ানি হাউসের মালিক মো. খলিলুর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট কপিল চৌধুরী, নাসির উদ্দিন, মাসুম প্রমুখ।
অ্যাসালের প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দীন ব্রঙ্কসের পার্কচেস্টারে দীর্ঘ দিন বসবাসের স্মৃতিচারণ করে বলেন, ১৯৮৬ সালে পার্কচেস্টারে যখন তিনি বসবাস শুরু করেন, তখন এ এলাকাটি ছিল বাংলাদেশিদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ছিনতাই, মারামারি ছিল প্রায় নিত্য দিনের ঘটনা। এর প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কমিউনিটির পাশে দাঁড়ান তিনি। ব্রঙ্কসকে সন্ত্রাস, ছিনতাইমুক্ত নিরাপদ এলাকা হিসেবে গড়তে নেতৃত্ব দেন। নিউইয়র্কের মধ্যে ব্রঙ্কস এখন বাংলাদেশি অধ্যুষিত অন্যতম এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে। মাফ মিসবাহ উদ্দীন বলেন, ঈদের দিন পাবলিক স্কুলে ছুটি, স্কুলে হালাল ফুডের মতো অনেক অর্জন অ্যাসাল’-এর মাধ্যমে সম্ভব হয়েছে। বিভিন্ন দেশ, জাতি, সংস্কৃতি, ধর্মের মানুষ এ দেশে বসবাস করছে। নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে না পারলে সফলতা আসবে না।
অতিথিরা অ্যাসাল–এর কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, দক্ষিণ এশীয় কমিউনিটিকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন মো. আলাউদ্দিন। অ্যাসাল সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক প্রবাসী ইফতার মাহফিলে অংশ নেন।