আ ফ ম কামাল স্মরণে স্মৃতি স্মারক স্থাপনের আহ্বান

মুক্তিযোদ্ধা ও সিলেট পৌরসভার সদ্য প্রয়াত চেয়ারম্যান আ ফ ম কামাল স্মরণে স্মৃতি স্মারক স্থাপনের জন্য সিলেট পৌর করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকাপ্রবাসী বাংলাদেশিরা।
আ ফ ম কামাল স্মরণে শোকসভায় তাঁরা এই আহ্বান জানান। সম্প্রতি সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দিনের সঞ্চালনায় প্রবাসীদের এ শোকসভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক মাহবুবর রহমান।
শোকসভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে ত্যাগী প্রজন্মের বিলুপ্তি ঘটছে। অগ্রজ প্রজন্মের উজ্জ্বল রাজনৈতিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া ব্যাহত হচ্ছে। অস্থির সময় আর বাস্তবতা একজন রাজনীতিকের ত্যাগকে নিঃশেষ করে দেয় না। অগ্রজদের উজ্জ্বল আলোর ধারা বহমান থাকবে। উত্তর প্রজন্ম এ আলোর বিভা নিয়ে এগিয়ে যাবে।
শোকসভায় আ ফ ম কামালকে স্মরণ করে বক্তব্য রাখেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল। অন্যদের মধ্যে আলোচনা করেন—মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা সুব্রত বিশ্বাস, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, বাংলা পত্রিকা ও টাইম টিভির প্রধান আবু তাহের, সৈয়দ মুজিবুর রহমান, প্রগতিশীল ফোরামের আলীম উদ্দীন, সিলেট সদর অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব রহমান, কমিউনিটি নেতা ফখরুল ইসলাম খান, সারওয়ার জাহান লাহীন, আবদুল মালিক,আমিনুল হক, শেখ আখতারুল ইসলাম, শাহীন আজমল, ইয়ামীন রশীদ, মোহাম্মদ মেহবুব, আবু চৌধুরী প্রমুখ।
বাবরুল হোসেন বাবুল বলেন, আ ফ ম কামালকে স্মরণ রাখার উদ্যোগ নিতে হবে। আমাদের নিজেদের স্বার্থেই এ উদ্যোগ গ্রহণ করতে হবে।
সুব্রত বিশ্বাস বলেন একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে আ ফ ম কামাল নিজের এলাকায় অনেক অপঘটনার মোকাবিলা করেছেন।