আ.লীগে গৃহবিবাদ চরমে, সভাপতি কি বদলাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখায় গৃহবিবাদ চরমে। ৭ বছর ধরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট পদে আছেন ডা. সিদ্দিকুর রহমান। দুর্নীতি, ষড়যন্ত্র ও বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ এনে তাঁর অপসারণ চেয়েছে দলের একাংশ। 

এমনকি সিদ্দিকুর রহমানকে ৯০ দিনের সময় দিয়ে এক-তৃতীয়াংশ নেতা-কর্মীর স্বাক্ষরসংবলিত একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েস। অবিলম্বে সম্মেলন ডেকে নেতৃত্ব পরিবর্তন না করা হলে তলবি সভা ডেকে সিদ্দিকুর রহমানকে অপসারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, এরা দলের সর্বনাশকারী। কিসের তলবি সভা আর কিসের সম্মেলন—পাল্টা প্রশ্ন তাঁর। তিনি বলেন, ‘খোদার পরে, আমি শেখ হাসিনাকে মানি। তিনি তো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে পরিবর্তন চান না, এরা চায় কোন স্বার্থে?’
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান প্রথম আলোকে বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রবাসে আওয়ামী লীগের শাখাগুলোর সঙ্গে দলের প্রত্যক্ষ সম্পর্ক নেই। সেখানকার শাখাগুলোর সম্মেলনের বিষয়টি ওই দেশের আইন অনুযায়ী হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতারাই সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত নেন। তিনি বলেন, সেখানে কবে সম্মেলন হবে সে ব্যাপারে তাঁর কোনো ধারণা নেই।
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মূলত একজন ব্যক্তি (বর্তমান সভাপতি) দ্বারা পরিচালিত। সেখানে ভবিষ্যতে কি হতে যাচ্ছে সে ব্যাপারে দপ্তরে কখনো কিছু জানানো হয়নি।
সমস্যার সূত্রপাত অনেক দিন থেকেই। সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান দুই বছর আগে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মাঠে নামেন। সে সময় হুলস্থুল বেধে গিয়েছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিয়ে। একপর্যায়ে সিদ্দিকুর রহমানের পক্ষে ই-মেইল করে বিবৃতি দেন সজীব ওয়াজেদ জয়। তখন সাজ্জাদুরকে বহিষ্কার করে দলকে নিজের আয়ত্তে নেন সিদ্দিকুর রহমান। কিন্তু তাঁর বিরুদ্ধে ক্ষোভ কমেনি দলের অন্য অংশের নেতা-কর্মীদের। 

১২ নভেম্বর রোববার রাতে জ্যাকসন হাইটসের ইত্যাদি রেস্টুরেন্টে ‘যুক্তরাষ্ট্রস্থ সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দ’র ব্যানারে সিদ্দিকুরবিরোধী একটি অনুষ্ঠানে সরাসরি তাঁকে চলে যাওয়ার নোটিশ দেন জনসংযোগ সম্পাদক কাজী কয়েস ও প্রচার সম্পাদক হাজি এনাম ওরফে দুলাল মিয়া। এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বাদে দলের অন্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হাজির ছিলেন। সেখানে তাঁরা জাসদের সভায় ছাত্রলীগ নিয়ে দেওয়া ডা. সিদ্দিকুর রহমানের বক্তব্যকে দল ও বঙ্গবন্ধুবিরোধী বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, নেত্রীর নির্দেশে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সবার সামনে ঘোষণা দিয়েছিলেন, ৯০ দিনের মধ্যে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ও সম্মেলনের তারিখ নির্ধারণ করতে হবে। সিদ্দিকুর কৌশলে কার্যকরী কমিটির মিটিং বাতিল করে নির্বাচনের আগে কোনো সম্মেলন হবে না বলে ঘোষণা দেন। কেন্দ্রের নির্দেশ অমান্য করে নিজেকে ক্ষমতাধর প্রমাণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে কাজী কয়েস বলেন, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গৃহবিবাদ স্বচক্ষে দেখার সুযোগ পান। সে সময় তাঁর সঙ্গে কে দেখা করতে পারবে, কে পারবে না তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সিদ্দিকুর রহমান। এতে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী।
কয়েস বলেন, সে সময় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দ্বন্দ্ব দূর করে সংগঠনকে গতিশীল করতে চলমান কমিটি ভেঙে দিয়ে নতুন সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের কথা জানিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই যাচ্ছেন সিদ্দিকুর রহমান। তিনি দলকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছেন। সাত বছর ধরে তিনি স্বেচ্ছাচারিতার মাধ্যমে দল চালাচ্ছেন, যেখানে অন্য আর কারও কোনো ভিন্ন চিন্তার সুযোগ নেই। তিনি বলেন, নেত্রীর চাওয়া অনুযায়ী আমরা এই কমিটির বিলুপ্তি চাই, সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি চাই।
তবে সিদ্দিকুর রহমান মনে করেন, যাঁরা সভানেত্রীর কথা বলে সম্মেলন চান, তাঁরা আসলে সত্য বলছেন না। তিনি বলেন, ‘আমার সঙ্গে কদিন আগেও প্রধানমন্ত্রীর দেখা হয়েছে। কই তিনি তো আমাকে সরে যেতে বলেননি। কোনো সম্মেলন তো দিতে বলেননি। খোদার পরে, শেখ হাসিনার সিদ্ধান্ত মানি আমি। আমার ঘাড়ে কয়টা মাথা? শেখ হাসিনা যদি বলতেন, তুমি সরে যাও, আমি কি জোর করে পড়ে থাকতাম? যারা বলছে, শেখ হাসিনা সম্মেলন দিতে বলেছেন, তারা প্রমাণ দেখাক। এরা দলের শত্রু এবং দলকে আবার পঙ্গু করতে চায় এই যুক্তরাষ্ট্রে।’
৯০ দিনের মধ্যে সসম্মানে তাঁর পদত্যাগের দাবি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি বলেন, এই ধরনের কোনো বিধানের কথা গঠনতন্ত্রে নেই। কোনো নোটিশও তিনি পাননি বলে জানান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান কমিটি সাত বছর আগে গঠিত হয়। এরই মধ্যে এই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। সিদ্দিকুর রহমানকে সভাপতি ও সাজ্জাদুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছিল। সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বছর সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়। আবদুস সামাদ আজাদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে এখন দায়িত্ব পালন করছেন।