আ.লীগের সম্মেলন কি হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। নগরের প্রবাসীবহুল এলাকাগুলোতে কাটছে আওয়ামী লীগ নেতাদের বিনিদ্র রজনী। জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ব্রঙ্কস, অ্যাস্টোরিয়া, জ্যামাইকার রেস্তোরাঁ সারাক্ষণ থাকছে সরগরম। জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্তোরাঁর সামনে জটলা চলছে মধ্য রাতের পরও। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতা–কর্মীরা কখনো উত্তেজনা, কখনো দলীয় সম্প্রীতির আবহে জমিয়ে রাখছেন পুরো এলাকা। সর্বত্র দলের ভেতর নেতা–কর্মীদের মধ্যে আলোচনা চলছে, সম্মেলন কি আদৌ হচ্ছে? সম্মেলন হলে কে বা কারা আসছেন নেতৃত্বে?

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোন্দল, দলাদলি থাকলেও বরাবরের মতো দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সব পক্ষই প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে শেষ করতে চান। চান ব্যাপক লোক সমাগম করার। আগামী ২৮ সেপ্টেম্বর ম্যানহাটনের ম্যারিয়ট মার্কুইজে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে ব্যয় হবে এক লাখ ডলারের বেশি। এই অর্থ মূলত সভাপতি ড. সিদ্দিকুর রহমানই ব্যবস্থা করছেন। এমন ব্যয়বহুল আয়োজনের পেছনের খবর অন্যরা তেমন জানেন না। গত বছরের সংবর্ধনা অনুষ্ঠানের একপর্যায়ে সভাপতি সিদ্দিকুরের বিরুদ্ধে স্লোগান উঠেছিল। এবারও ওই বিভেদ রয়েছে।

সূত্র জানায়, ২০১১ সালে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেদিন কৃষিবিদ ড. সিদ্দিকুর

রহমানকে সভাপতি ও সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। তিন বছর মেয়াদের এই কমিটির কার্যকাল শেষ হওয়ার পর আর কোনো সম্মেলন হয়নি। এ নিয়ে বারবার উত্তেজনা হয়েছে, মারামারি হয়েছে, পুলিশ ডাকাডাকি, মামলা হয়েছে। এবার এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও যেকোনো মুহূর্তে বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে। 

যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতা–কর্মীদের দাবি, নতুন করে সম্মেলন হোক। তাদের এই জোরালো দাবির মুখে সম্মেলন হবে—এ কথা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে দলের কমিটি পুনর্গঠিত হতে পারে বলে আলোচনা আছে। নানা সমালোচনা থাকলেও সভাপতি পদে সিদ্দিকুর রহমানের কোনো বিকল্প আসতে পারে, এমন ধারণা জোরালো নয়। দলের শীর্ষ পর্যায়ে অন্যদের তুলনায় তাঁর যোগাযোগ বেশ ভালো। দলের জন্য দেশে ও প্রবাসে সার্বক্ষণিক সস্ত্রীক নিয়োজিত থেকে নিজের আনুগত্যকে দৃঢ় করে তুলেছেন তিনি।

গত বছর দলীয় প্রধানের উপস্থিতিতে ‘নো মোর সিদ্দিক’ বলে যারা স্লোগান দিয়েছিলেন, তাদের এবারে বেশ চিন্তাভাবনা করে এগোতে হচ্ছে। অনেকে মনে করেন, দলীয় নেত্রী অনেক সময় ‘সারপ্রাইজ’ দিতে পছন্দ করেন। এই চিন্তা থেকে কেউ কেউ ধারনা করছেন, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি পদে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ড. জিয়াউদ্দিনকে দেখা যেতে পারে।

সভাপতি পদে অন্যদের মধ্যে আলোচনায় আছেন ড. প্রদীপ কর, ড. মাসুদুর রহমান, ছামছুদ্দিন আজাদ, ড. মনসুর আলী, ড. মোহাম্মদ আলী মানিক, ড. ধনঞ্জয় সাহা প্রমুখ। গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসতে পারেন সর্বমহলে যোগাযোগ রাখা সিলেট যুবলীগের সাবেক সভাপতি রব্বানী চৌধুরী। সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুস সামাদ আজাদ। তাঁকেই কি পূর্ণ দায়িত্ব দেওয়া হবে? যদিও এ পদে নিবেদিত সংগঠকদের মধ্যে কাজী কয়েস, আবদুর রহীম বাদশাহ, মোহাম্মদ আলী সিদ্দিকী, আইরিন পারভিন, হাজি এনাম, হিন্দোল কাদির বাপ্পা, আবদুল হাসিব মামুন, দেওয়ান বজলু চৌধুরী, মিসবাহ আহমেদ, মাহবুবুর রহমান, এমদাদ চৌধুরী প্রমুখের নাম শোনা যাচ্ছে। দলের যুক্তরাষ্ট্র শাখার নেতৃত্বে আবদুস সালামকে ফিরিয়ে আনার চিন্তার কথাও জানালেন কেউ কেউ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৫ তম বারের মতো তিনি রাষ্ট্রনেতাদের এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সরকারি নানা কর্মসূচির ফাঁকে দলের সভানেত্রী শেখ হাসিনা প্রতি বছরই দলীয় নেতা–কর্মীদের সাক্ষাৎ দেন, তাদের খোঁজখবর নেন। আমেরিকার নানা অঙ্গরাজ্য থেকে দলের শত শত নেতা-কর্মী ছুটে আসেন নিউইয়র্কে প্রধানমন্ত্রী বা তাঁর সফরসঙ্গী মন্ত্রী–আমলাদের সঙ্গে সাক্ষাৎ করতে। অনেকটা বিনোদনের মতোই দলীয় লোকজন হোটেলের আশপাশে ভিড় করেন। এসব সামাল দিতে নিউইয়র্ক পুলিশকে বেশ হিমশিম খেতে হয়।

জানা গেছে, এবার অন্যান্য রাষ্ট্র নেতার সঙ্গে নিউইয়র্ক প্যালেস হোটেলে উঠছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে আসা সফরসঙ্গীরাও থাকবেন একই হোটেলে বা আশপাশের অন্যান্য হোটেলে। বিশাল ব্যবসায়ী প্রতিনিধি দল আসছেন নিউইয়র্কে। অনেকেই আসছেন ব্যক্তিগত ব্যয়ে। অনেক স্থানীয় নেতা একই হোটেলে কক্ষ ভাড়া নেওয়ার চেষ্টা করছেন, শুধু নেত্রীর সঙ্গে একই হোটেলে থাকার জন্য। এই হোটেলে এক রাতের জন্য সুইট ভাড়া তিন হাজার ডলার।

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংবিধানে প্রবাসে কোনো শাখার স্বীকৃতি নেই। তারপরও যুক্তরাষ্ট্রে শাখা আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীরা যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ব্যক্তিগত কাজকর্ম রেখে অনেকেই দল নিয়ে অনেক সময় ব্যয় করেন। দেশ ও দলের প্রতি ভালোবাসার কারণেই তাঁরা এমনটি করেন বলে অনেকে জানান। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেও দলটির নেতা-কর্মীরা সব সময় সক্রিয় ছিলেন। দল ক্ষমতায় আসার পর দলীয় সুযোগ-সুবিধার লোভে আবার অনেকে বেশ সক্রিয় হয়েছেন।

১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশন শুরু হচ্ছে। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুকেই প্রাধান্য দেবেন বলে মনে করা হচ্ছে।