আইএমএফ প্রধানের করোনা শনাক্ত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। খবর এএফপির।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনভিত্তিক সংস্থা আইএমএফের এক মুখপাত্র ক্রিস্টালিনা জর্জিয়েভার করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্র গেরি রাইস এক বিবৃতিতে বলেন, ‘আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার করোনা শনাক্ত হয়েছে। তাঁর উপসর্গ মৃদু। তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। সেখানে বসেই তিনি কাজ করছেন।’
ক্রিস্টালিনা জর্জিয়েভার করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া আছে। তিনি বুস্টার ডোজও নিয়েছেন।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বুলগেরিয়ার অর্থনীতিবিদ। তিনি আগে বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী ছিলেন। বিশ্বব্যাংক ছাড়াও ইউরোপীয় কমিশনে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে।
যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণের হার নতুন করে বাড়ছে। এ অবস্থায় বেশ কয়েক গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছেন। এ কাতারে সবশেষ যোগ হলো ক্রিস্টালিনা জর্জিয়েভার নাম।
গত মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের করোনা শনাক্ত হয়। কমলা হ্যারিসের করোনা শনাক্তের পর জানানো হয়, তাঁর কোনো উপসর্গ নেই। তিনি আইসোলেশনে আছেন। তিনি সিডিসির নির্দেশনা অনুসরণ করছেন। তিনিও বুস্টার ডোজসহ করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। এর আগে কংগ্রেসের বেশ কয়েক সদস্যের করোনা শনাক্ত হয়।