আইএস এর কাছে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র!
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ও ইরাকের সামরিক বাহিনীর কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে বিশাল অস্ত্রাগার তৈরি করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এই অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রও আছে। গত সোমবার প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটি এমন সময় প্রকাশ করা হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আইএসকে নিশ্চিহ্ন করতে যুক্তরাষ্ট্রের সৈন্য দল যথেষ্ট না বাড়িয়ে ইরাকি, কুর্দি ও সিরিয়ার বিদ্রোহীসহ আঞ্চলিক বাহিনীর ওপর তাঁর ঝোঁকের কথা পুনর্ব্যক্ত করেছেন। সিএনএনের খবরে এসব তথ্য জানানো হয়।
গত রোববার ওবামা এক ভাষণে বলেছিলেন, ‘আমরা এখন আরও টেকসই বিজয় অর্জনে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর মাধ্যমে বিমান হামলা চালানো ও স্থানীয় সামরিক বাহিনী, যারা পুনরায় নিজের দেশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুদ্ধ করছে, তাদের সঙ্গে কাজ করার কৌশল গ্রহণ করেছি। দেশের বাইরে যুদ্ধ করে মৃত্যুর জন্য নতুন করে আরও আমেরিকান সৈন্য পাঠানোর দরকার নেই।’
স্থানীয় এসব বাহিনী যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কাছ থেকে অস্ত্রশস্ত্র, যৌথ বিমানবাহিনী এবং প্রশিক্ষণ সুবিধা পাবে বলেও জানান ওবামা।
ইরাক এবং সিরিয়া থেকে নেওয়া কয়েক হাজার ভিডিও ও ছবি পর্যবেক্ষণ করে অ্যামনেস্টি ওই প্রতিবেদনে বলেছে, আইএস এর মজুত করা বেশির ভাগ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছে ইরাকের দুর্বল সামরিক বাহিনীর অস্ত্রাগার থেকে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব স্থানীয় বাহিনী অসাবধানতাবশত পরোক্ষভাবে আইএসকে সহায়তা করেছে।