আইএস ছড়িয়ে পড়ায় বিশ্বে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিকেন্দ্রীভূত হওয়ার মাধ্যমে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ায় বিশ্বে নতুন করে নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে। এসব জঙ্গির প্রভাব বিস্তারের ব্যাপারে সারা বিশ্বের বিচার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে দুই দিনের উচ্চপযার্য়ের এক সম্মেলনের শেষ দিন গত বুধবার এই সতর্কতা জারি করা হয়।

সম্মেলনে আইএস-সংযুক্ত সাতটি আঞ্চলিক গোষ্ঠীকে চরম সন্ত্রাসী হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সাতটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে বাংলাদেশের একটি জঙ্গিগোষ্ঠীকে শনাক্ত করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘আইএসআইএস-বাংলাদেশ’। আইএসকে আইএসআইএস বলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর জাস্টিস অ্যান্ড দ্য রুল অব ল যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে বিশেষজ্ঞরা বলেছেন, সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের উত্তরাঞ্চল দখলে নিয়ে আইএস গোষ্ঠীর প্রতিষ্ঠিত ‘খিলাফত’ যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় প্রায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানকার জিহাদিরা ছড়িয়ে পড়ছে অন্যত্র। এসব জিহাদিকে খুঁজে বের করা সামরিক বাহিনীর জন্য কঠিন। তাই সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পরবর্তী পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জঙ্গিদের বেসামরিক আদালতে বিচারের ওপর অধিক সচেষ্ট থাকতে হবে।

সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবিরোধী সমন্বয়ক নাথান সেলস বলেন, ‘আমি মনে করি, আমরা যা দেখছি সেটা হচ্ছে আইএসআইএস (আইএস) ক্রমবর্ধমানভাবে বিকেন্দ্রীভূত হয়ে যাচ্ছে।’ আইএস-সংযুক্ত আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আইএসআইএস নতুনভাবে হাজির হচ্ছে এবং খাপ খাইয়ে নিচ্ছে।’
আইএসে যোগ দিতে গিয়ে ইরাক বা সিরিয়া ধরা পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য মিত্র ব্রিটেন ও ফ্রান্সের প্রতি আহ্বানও জানিয়েছে ওয়াশিংটন।

আইএস-সংযুক্ত সাতটি আঞ্চলিক জঙ্গিগোষ্ঠী
ভারতীয় উপমহাদেশে আইএস মতাদর্শী জঙ্গিদের প্রভাব বেড়ে যাওয়ার বিষয়টি সম্মেলনে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, আইএসআইএস-বাংলাদেশ নামের জঙ্গিগোষ্ঠী ২০১৫ সালে একজন ইতালির উন্নয়নকর্মীকে গুলি করে হত্যার মাধ্যমে ওই অঞ্চলে তাদের কার্যক্রম শুরু করে।

সাতটি আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে আফ্রিকার অঞ্চলের কুখ্যাত জঙ্গিগোষ্ঠী বোকো হারাম থেকে বের হয়ে গঠিত নতুন একটি গোষ্ঠীও রয়েছে। আফ্রিকান আইএস নামে গোষ্ঠীটিকে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই গোষ্ঠী নাইজেরিয়া ও লেক চাদ অঞ্চলে তৎপর চালাচ্ছে, যার নেতৃত্বে রয়েছেন বোকো হারামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফের ছেলে আবু মুসাব আল-বারনাউই।
আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় ফিলিপাইনে সংক্রিয় একটি গোষ্ঠীকে আইএস-ফিলিপাইনস নামে আখ্যা দেওয়া হয়েছে। এই গোষ্ঠীর মিত্র মাওতি গ্রুপ।
আবদিকাদর মুমিন ও তাঁর সহকারী মাহাদ মোয়ালিম পরিচালিত আল-শাহবাব ত্যাগ করে ২০ সদস্যের একটি দলকে আইএস-সোমালিয়া গোষ্ঠী হিসেবে কাজ শুরু করেছে বলে সম্মেলনে জানানো হয়।

মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ মিসরের সিনাই উপত্যকায় আইএসের তৎপরতা রয়েছে। দেশটিতে বিভিন্ন সময় হামলার ঘটনার দায় স্বীকার করে এই গোষ্ঠী। এই জঙ্গিগোষ্ঠীকে আইএস-মিসর নামে সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।

জান্দ আল-খিলাফা নামের তিউনিশিয়ার একটি সশস্ত্র গোষ্ঠীকেও আইএসের আঞ্চলিক গোষ্ঠী হিসেবে আখ্যা দেওয়া হয়। এই গোষ্ঠী আইএস নেতা আবু বকর আল-বাগদাদির আনুগত্য প্রকাশ করেছে।