
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে পঞ্চম বিতর্কটি হয়ে গেল মঙ্গলবার রাত্রে লাসভেগাসে। বিতর্কে যে নয়জন শীর্ষস্থানীয় প্রেসিডেন্ট পদ প্রার্থী অংশ নেন, তাঁদের প্রত্যেকেরই লক্ষ্য ছিল এ কথা প্রমাণ করা—প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনিই হবেন সবচেয়ে কঠোর, সবচেয়ে দৃঢ় সংকল্প ও সবচেয়ে নিষ্ঠুর। এ কথা বলা অত্যুক্তি হবে না যে এক সিনেটর র্যান্ড পল ছাড়া এঁদের সবাই সে চেষ্টায় কমবেশি সফল হয়েছেন। এই বিতর্ক পরিচালনার দায়িত্ব ছিল সিএনএন-এর এবং বিতর্কের বিষয় ছিল জাতীয় নিরাপত্তা।

ক্যাসিনো ব্যবসায়ী ও শীর্ষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানান, আইএসের বিরুদ্ধে জিততে হলে আমেরিকাকে আরও শক্ত হতে হবে, আরও কঠোর হতে হবে। দরকার হলে সন্ত্রাসীদের পরিবারের সদস্যদেরও বোমায় নিশ্চিহ্ন করে দিতে হবে। তাঁর কথায় সায় দিলেন শল্যচিকিৎসক বেন কারসন। তিনি জানান, সন্ত্রাসী ও তাদের পরিবারের সদস্যদের সবাইকে একসঙ্গে হত্যা করা খুবই ‘সদয়’ কাজ হবে। কারণ, তাঁর ভাষায়, ‘বৃহৎ ছবিটির দিকে তাকালেই আপনারা বুঝবেন, হাজারটা কাটার আঘাতে মারার চেয়ে একবারে কাজ শেষ করে দেওয়াই অনেক করুণাপূর্ণ।’
এতে আপত্তি জানান ফ্লোরিডার প্রাক্তন গভর্নর জেব বুশ। তিনি বলেন, ‘না, এমন কৌশল পাগলামো ছাড়া আর কিছুই নয়।’ তাঁকে সমর্থন জানান কেন্টাকি থেকে নির্বাচিত সিনেটর র্যান্ড পল। ‘পরিবারের সদস্যদের মারতে গেলে আমাদের জেনেভা চুক্তি লঙ্ঘন করতে হবে’। তাঁর সে কথা শুনে চোখ বড় বড় করে নিরীহ ব্যক্তির মতো প্রশ্ন ছুড়ে দিলেন ট্রাম্প—‘আপনি বলছেন, ওরা আমাদের খুন করবে, আর আমরা কিছুই করতে পারব না?’
অন্য কারও চেয়ে তিনি পিছিয়ে নেই সে কথা প্রমাণ করতে গভর্নর ক্রিস ক্রিস্টি জানান, সিরিয়ায় আইএস-নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন বিমান ছাড়া অন্য কোনো বিমানের প্রবেশ নিষিদ্ধ করে ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠা হলে তিনি নির্দ্বিধায় রাশিয়ার অনুপ্রবেশকারী বিমান আক্রমণ করবেন। এমনকি তাতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় তবুও। ক্রিস্টি বলেন, ‘আমি পুতিনকে বলব, নো ফ্লাই জোন মানে নো ফ্লাই জোন, আপনি যদি সেখানে বিমান পাঠান, তো আপনার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’
ক্রিস্টি ও ওহাইওর গভর্নর জন রিচার্ড কেইসিচ জানান, আইএস ঠেকাতে হলে সিরিয়ায় মার্কিন সৈন্য প্রেরণের বিকল্প নেই। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও এতে সমর্থন জানান।
বিতর্কের বড় একটা বড় কাটে মুসলমানদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধের প্রস্তাব নিয়ে। ডোনাল্ড ট্রাম্প জানান, আইএসকে রুখতে তিনি শুধু মুসলমানদের এ দেশে আসাই আটকাবেন না, মধ্যপ্রাচ্যে ইন্টারনেটের ব্যবহার পর্যন্ত বন্ধ করে দেবেন। জাতীয় নিরাপত্তার খাতিরে প্রত্যেকের ব্যক্তিগত কথাবার্তায় আড়িপাতা বৈধ, এমন প্রস্তাবেও সমর্থন জানান একাধিক প্রার্থী। মার্কিন স্বার্থ রক্ষায় তাঁরা গণতন্ত্রের বদলে একনায়কতন্ত্রকেই সমর্থন করবেন—এমন কথাও প্রকারান্তরে জানিয়ে দেন টেড ক্রুজ। মধ্যপ্রাচ্যে ‘আরব বসন্ত’ সমর্থনের যে নীতি ওবামা প্রশাসন নিয়েছে, তার ফলেই মধ্যপ্রাচ্যে এমন দুর্যোগ নেমে এসেছে বলে যুক্তি দেখান টেড ক্রুজ।
কার হাতের পেশি অধিক সবল, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে বিরত ছিলেন শুধু সিনেটর র্যান্ড পল। তিনি বলেন, ‘সরকার পরিবর্তন’ করার যে কৌশল মার্কিন যুক্তরাষ্ট্র অনুসরণ করে চলেছে, তার পরিণামেই আইএসের উদ্ভব হয়েছে। সিরিয়ার আসাদকে সরানোর চেয়ে অনেক জরুরি আইএসকে পরাস্ত করা। আর এর জন্য প্রয়োজন রাশিয়া, ইরান ও খোদ সিরিয়ার সমর্থন। তিনি এমন কথাও বলেন, সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ার বদলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমেরিকার বাজেট ঘাটতি ও ঋণ সমস্যা মেটানো।
এই বিতর্কে আসার আগে পর্যন্ত জনমত গণনায় এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সবার ধারণা ছিল, ট্রাম্প এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন। কিন্তু সুযোগ পেয়েও তাঁরা সে পথে যাননি। তবে এ অভাব পুষিয়ে দেন গভর্নর জেব বুশ। বারবার ট্রাম্প তাঁকে ব্যক্তিগতভাবে অপমান করেছেন, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘অন্যকে অপমান করে তুমি প্রেসিডেন্ট হতে পারবে না।’