আইএস নৃশংস, ধূর্ত: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের গুরুত্বপূর্ণ মসুল শহর পুনর্দখলের লড়াইয়ের ক্ষেত্রে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ‘এক বর্বর প্রতিপক্ষ’। তারা ধূর্তও বটে। ইরাক ও সিরিয়ায় আইএস-বিরোধী যুদ্ধে নিয়োজিত আন্তর্জাতিক জোটের প্রধান এই মন্তব্য করেছেন।

মার্কিন সেনাবাহিনীর লে. জেনারেল স্টিফেন টাউনসেন্ড ইরাক ও সিরিয়ায় আন্তর্জাতিক জোটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মসুল পুনর্দখলের লক্ষ্যে চলমান লড়াইয়ের ফাঁকে গতকাল বৃহস্পতিবার বিবিসিকে বিশেষ সাক্ষাৎকার দেন টাউনসেন্ড।

আইএসের দখল থেকে মসুল পুনরুদ্ধারে গত সোমবার থেকে ইরাকি বাহিনীর নেতৃত্বে সর্বাত্মক অভিযান শুরু হয়েছে। এই অভিযানে আন্তর্জাতিক জোটও অংশ নিচ্ছে।

জেনারেল টাউনসেন্ড বলেন, আইএস খাপ খাইয়ে নিতে পারে, সৃজন ক্ষমতা আছে আর ধূর্ত।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, মসুলে আইএস বেসামরিক মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

মসুল পুনর্দখলের যুদ্ধে আইএসকে এক নৃশংস প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করেন জেনারেল টাউনসেন্ড। তিনি বলেন, আইএসকে থামাতে হবে।

মসুল পুনর্দখলে ইরাকের সরকারি সেনারা বেশ জোরেশোরেই এগিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি গতকাল বলেন, তাঁদের এই অগ্রযাত্রা প্রত্যাশার চেয়েও বেশি।

আল-আবাদি বলেন, অভিযানে আইএসের কাছ থেকে মসুলের বেশ কিছু গ্রাম ও গুরুত্বপূর্ণ কিছু এলাকার পুনর্দখল নেওয়া হয়েছে।