আইএসবিরোধী কৌশল নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) রোখার কৌশল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০টির মতো দেশের সামরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। বাংলাদেশ সময় গতকাল গভীর রাতেই এ বৈঠক শুরু হওয়ার কথা ছিল। খবর রয়টার্স ও এএফপির।
বিশ্লেষকেরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিভিন্ন দেশের সামরিক নেতাদের সঙ্গে এ বৈঠকের মধ্য দিয়ে মার্কিন জনগণ ও বৈশ্বিক মিত্রদের দেখাতে চাইবে, তিনি ইরাক ও সিরিয়ার বড় অংশ দখল করে নেওয়া জঙ্গিগোষ্ঠী আইএসকে ‘দমন’ ও ‘ধ্বংস’ করতে বদ্ধপরিকর।
ওয়াশিংটনের কাছে এক বিমানঘাঁটিতে আয়োজিত বৈঠকে নেতৃত্ব দেবেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেম্পসি। যেসব দেশের প্রতিরক্ষাপ্রধানেরা এ বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, মিসর, ফ্রান্স, জার্মানি, ইরাক, নেদারল্যান্ডস, কাতার, নিউজিল্যান্ড, বেলজিয়াম, সৌদি আরব ও তুরস্ক। তাদের সবাই মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের সদস্য।
তবে এ বৈঠক থেকে নীতিগত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যালিস্টার বাসকি বলেন, ‘এটা (বৈঠক) জোট গঠনের চলমান প্রচেষ্টা এবং বৃহত্তর কৌশলের ভেতরে প্রতিটি দেশের সক্ষমতাকে অঙ্গীভূত করার অংশ।’ জেনারেল ডেম্পসির মুখপাত্র কর্নেল এডওয়ার্ড টমাসও বলেছেন একই ধরনের কথা। তাঁর ভাষ্য, ‘বৈঠকটা মূলত লক্ষ্য, চ্যালেঞ্জ এবং সামনের দিনগুলোতে যে পথে হাটতে হবে, তা নিয়ে সশরীরে এক জায়গায় বসে আলোচনা করার একটা উদ্যোগ মাত্র।’