আইএসবিরোধী মার্কিন অভিযানে কৌশল পরিবর্তনের ইঙ্গিত

অ্যাশটন কার্টার
অ্যাশটন কার্টার

ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানে কৌশল পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার ওই লড়াইয়ে সরাসরি তাঁর দেশের স্থলবাহিনী নামানোরও ইঙ্গিত দিয়েছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীবিষয়ক সিনেট কমিটির কাছে মঙ্গলবার দেওয়া বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী কার্টার বলেন, সামরিক অভিযানে পরিবর্তন আনার পাশাপাশি সিরিয়া ও ইরাকে আরও বেশি বিমান হামলা চালানো হবে। জঙ্গিদের বিভিন্ন অবস্থানই হবে এসব হামলার লক্ষ্য।
পর্যবেক্ষকেরা মনে করছেন, কার্টারের বক্তব্যে আইএসকে পরাজিত করার লড়াইয়ে যথেষ্ট অগ্রগতি হয়নি এমন ইঙ্গিত রয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী সিরিয়া ও ইরাকে আইএসের বিভিন্ন অবস্থানের ওপর বেশ কয়েক মাস ধরে বিমান হামলা চালাচ্ছে।
ইরাকে নতুন করে স্থলসেনা পাঠানোর ব্যাপারে ওবামা কোনো অঙ্গীকার না করলেও দেশটিতে প্রায় সাড়ে তিন হাজার মার্কিন সেনা রয়েছে। তারা ইরাকি বাহিনীর প্রশিক্ষণে সহায়তা করছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এখন থেকে মূলত সিরিয়ার রাকা ও ইরাকের রামাদি শহর এলাকার ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি মন্তব্য করেন, জঙ্গিদের অবস্থান চিহ্নিত করার পর কোনো লক্ষ্যই যুক্তরাষ্ট্রের নাগালের বাইরে থাকবে না।
মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা করতে রাশিয়া গত মাসে আইএস ও অন্যান্য কট্টরপন্থী সংগঠনের ওপর বিমান হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্র ওই অভিযানের কড়া সমালোচনা করে অভিযোগ করেছে, সিরিয়ার বাশারবিরোধী বিদ্রোহীদের দমন করতেই রুশ হামলা চালানো হচ্ছে। এতে দেশটিতে চরমপন্থার বিস্তার আরও বাড়বে।